ETV Bharat / state

SIR চূড়ান্ত তালিকায় বিবেচনাধীন মোর্চা নেতা বিমল গুরুংয়ের ছেলে ও মেয়ে

প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় বিমল গুরুংয়ের ছেলে অবিনাশ গুরুং এবং মেয়ে নন্দা গুরুংয়ের নাম বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছে ৷

bimal gurung
বিমল গুরুং (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2026 at 8:58 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দার্জিলিং 2 মার্চ: চূড়ান্ত ভোটার তালিকা থেকে গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের ছেলে অবিনাশ গুরুং এবং মেয়ে নন্দা গুরুংয়ের নাম বিবেচনাধীন ৷ প্রকাশিত তালিকায় গুরুঙের দুই সন্তানের নাম 'আন্ডার অ্যাডজুডিকেশন' বা বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছে ৷ পাহাড়ের বিধানসভা কেন্দ্রগুলিতে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি চলছে ৷ এমনই আবহে এই ঘটনা ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে পাহাড়ের রাজনৈতিক মহলে।

বিমল গুরুঙের নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম) দীর্ঘদিন ধরেই পাহাড়ের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ৷ অতীতে তারা ছিল বিজেপির শরিক ৷ এখন দার্জিলিং লোকসভা কেন্দ্রটি যে বিজেপির শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে, তার নেপথ্যে বিমল গুরুংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে মনে করে রাজনৈতিক মহলের একটা বড় অংশ ৷

2009 সালের লোকসভা নির্বাচনে বিমল গুরুঙের মোর্চার সমর্থন নিয়েই বিজেপি দার্জিলিংয়ের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে বিজেপি। এরপর মোর্চার সমর্থন নিয়ে বিজেপি 2014 এবং 2019 সালেও দার্জিলিং লোকসভা কেন্দ্র দখল করে। 2024 সালে অবশ্য বিমলদের সমর্থন ছাড়াই জিতেছেন বিজেপির রাজু বিস্তা ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন, ছেলে ও মেয়ের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া গুরুংয়ের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কৌশলকে নানাভাবে প্রভাব ফেলতে পারে। দার্জিলিংয়ের প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক অমর লামা বলেন, “জল্পনা হবে তাতে অবাক হওয়ার কোনও কারণ নেই। প্রথমত, পাহাড়ের রাজনীতি গুরুংয়ের নিজের প্রভাব আছে ৷ অতীতে বিজেপির সঙ্গে তাঁর জোটও ছিল ৷ এমনই নানা কারণে বিমল গুরুঙের পরিবারের সঙ্গে যুক্ত যে কোনও প্রশাসনিক পদক্ষেপই স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে ওঠে। এবারও সেটাই হয়েছে ৷ ”

bimal gurung
বিমল গুরুংয়ের ছেলে অবিনাশ গুরুং এবং মেয়ে নন্দা গুরুংয়ের নাম বাদ পড়ল (ইটিভি ভারত)

এই বিষয়ে মুখ খুলতে চাননি বিমল গুরুং। তবে তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। বিজিপিএমের মুখপাত্র এসপি শর্মা বলেন, "বিমল গুরুং খুব বিজেপি বিজেপি করছিলেন। কিন্তু কার্যক্ষেত্রে তাঁর একটা দাবিও বিজেপি পূরণ করেনি। বিজেপির সঙ্গে মিলে পাহাড়বাসীকে ওঁরা শুধুই বিভ্রান্ত করে আসছেন ৷ এখন রাজু বিস্তার সঙ্গে দেখা করে বলুন যে তাঁর (বিমল গুরুং) সঙ্গে কী হয়েছে ৷ আমরা কিন্তু বলেছিলাম, এসআইআর করে মানুষের হয়রানি বাড়ানো ছাড়া আর কিছু না ৷ আমাদের কথাই সত্যি হল !"