বিধাননগর কর্পোরেশনে চিকিৎসক পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বিধাননগর পুরসভায় মেডিক্যাল অফিসার পদে পার্ট-টাইম নিয়োগ ৷ জানুন, যোগ্যতা থেকে বেতন ও খুঁটিনাটি ৷

Published : February 24, 2026 at 6:53 PM IST
কলকাতা, 24 ফেব্রুয়ারি: ভোটের মুখে বিধাননগর পুরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি ৷ পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়া নয়, 'ওয়াক ইন ইন্টারভিউ'র মাধ্যমে চাকরি স্বাস্থ্যবিভাগে ৷ 8টি পদে চুক্তিভিত্তিক মেডিক্যাল অফিসার অর্থাৎ চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন ৷ কেন্দ্রীয় প্রকল্প ন্যাশনাল আরবান হেলথ মিশন-এর অধীন বিধাননগর কর্পোরেশনে আরবান প্রাইমারি হেলথ সেন্টারের জন্য এই চিকিৎসক নিয়োগ করা হবে।
সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়ছে চুক্তিভিত্তিক চিকিৎসক নেওয়া হবে। পদের নাম মেডিক্যাল অফিসার ৷ মাসিক বেতন দেওয়া হবে 24 হাজার টাকা। 'ওয়াক ইন ইন্টারভিউ' হবে 28 ফেব্রুয়ারি, দুপুর 12টা নাগাদ ৷ এই ইন্টারভিউ নেওয়া হবে বিধাননগর কর্পোরেশনের কনফারেন্স হলে ৷ ঠিকানা এফডি-415এ, সেক্টর-3 সল্টলেক, কলকাতা-700106 ৷
কারা এই পদে চাকরির আবেদন করতে পারবেন ?
এই পদে আবেদনের প্রথম শর্ত, ন্যাশনাল মেডিক্যাল কমিশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি ও এক বছরের ইন্টার্নশিপ বাধ্যতামূলক ৷ অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কমিশনের দ্বারা স্বীকৃত হতে হবে। চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষিত হলে যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে তা গুরুত্ব দেওয়া হবে। 28.02.2026 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 68 বছরের মধ্যে ।
চুক্তির ভিত্তিতে কাজের মেয়াদ থাকবে এক বছরের। প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে । বিস্তারিত জানতে www.bmcwbgov.in এই ওয়েবসাইটে দেখুন। আবেদনকারীদের ইন্টারভিউর সময় বাধ্যতামূলকভাবে সঙ্গে রাখতে হবে আধার কার্ড, ভোটার কার্ড এবং শিক্ষা ক্ষেত্রে সমস্ত সার্টিফিকেট ও রেজাল্ট ।
কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর কর্পোরেশনের মতো বিধাননগর কর্পোরেশনেও কেন্দ্রীয় প্রকল্প ন্যাশনাল আরবান হেলথ মিশন টাকায় আধুনিক স্বাস্থ্য পরিকাঠামো তৈরি হয়ছে। যেখানে আধুনিক মানের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে, বিভিন্ন রোগ পরীক্ষার ব্যবস্থা, রক্ত পরীক্ষা, ওষুধ প্রদান করা হয় বিনামূল্যে।
এই প্রসঙ্গে বিধাননগর কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "আমাদের স্বাস্থ্যকেন্দ্র সময়ের সঙ্গে আধুনিক হয়ছে । সেখানে নানা রোগের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয় । যাতে নাগরিকদের চিকিৎসা পরিষেবা পেতে কালক্ষেপ করতে না-হয় ৷ তাই প্রয়োজন চিকিৎসকের ৷ অনুমোদন প্রক্রিয়া চলছিল। এবার 'ওয়াক ইন ইন্টারভিউ' মারফত নিয়োগ হবে।"

