ইজতেমায় হুমায়ুনকে প্রবেশে বাধা, 'গো ব্যাক' স্লোগান; চক্রান্তের অভিযাগ অস্বীকার তৃণমূলের
তৃণমূলের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবিরকে ইজতেমায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এই অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল ৷

Published : December 31, 2025 at 10:44 PM IST
দাদপুর, 31 ডিসেম্বর: বিশ্ব ইজতেমায় এসে 'গো ব্যাক' স্লোগান শুনতে হল হুমায়ুন কবিরকে ৷ বুধবার মুর্শিদাবাদ থেকে হুগলির দাদপুরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসেছিলেন তিনি ৷ জাতীয় সড়ক হয়ে দাদপুরের পুঁইনানে ইজতেমায় প্রবেশের পথে ভরতপুরের বিধায়কের পথ আটকানো হয় বলে অভিযোগ । এই ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলেই দাগিয়েছেন মুর্শিদাবাদের বহিষ্কৃত নেতা ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
খানিকক্ষণ গাড়িতে বসে থাকার পর ফিরে যান হুমায়ুন কবির ৷ তাঁর অভিযোগ, "তৃণমূল ইজতেমায় ঢুকতে বাধা দিয়েছে ৷" ঘটনায় ধনিয়াখালীর তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের দিকেই আঙুল তুলেছেন তিনি ৷ যদিও তৃণমূল তরফে বাগনানের পঞ্চায়েতের প্রধান ওয়াসিম রেজা বলেন, "দাদপুরে যে ইজতেমা হচ্ছে, তা তৃণমূল পরিচালিত নয় ৷ এর জন্য বিশ্ব ইজতেমা কমিটি রয়েছে ৷ তারাই পরিচালনা করছে ৷ হুমায়ুন কবির অসীমা পাত্রের নাম মিথ্যা কথা বলছেন ৷ "
জনতা উন্নয়ন পার্টির (জেইউপি) নেতা বলেন, "আমায় বিশ্ব ইজতেমায় ঢুকতে বাধা দেওয়া হল ৷ সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত থাকলেও তারা নির্বিকার ছিল ৷ শাসকদল চক্রান্ত করেছে ৷ একজন আমার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল ৷ দাদপুর থানার পুলিশ কিছুই করল না ৷ অসীমা পাত্র এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বিধানসভায় চেঁচামেচি করেন ৷ এসব তিনিই করিয়েছেন ৷ ঠিক সময়ে এর জবাব অসীমা পেয়ে যাবেন ৷ "
2026 সালের বিধানসভা নির্বাচনের বাকি আর কয়েক মাস ৷ এদিন হুগলিতে এসে 182টি বিধানসভায় প্রার্থী দেবেন বলে জানান জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন ৷ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমানে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন তিনি ৷ সেখানে জোট বেঁধে লড়ার জন্য নওশাদ সিদ্দিকি ও মিমের কাছের আবেদনও করেছেন তিনি ৷
প্রসঙ্গত, বাবরি মসজিদ তৈরি করা এবং এ সংক্রান্ত একাধিক মন্তব্যের জন্য তাঁকে প্রথমে শোকজ করে তৃণমূল ৷ কিন্তু নিজের অবস্থানে অনড় থাকেন বিধায়ক । পরে তাঁকে দল থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর তিনি নিজে দল গড়ে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ডাক দেন ৷ গত 22 ডিসেম্বর গঠিত হয় 'জনতা উন্নয়ন পার্টি ৷ তিনি এও জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং বেলডাঙা - দু'টি কেন্দ্র থেকে লড়াই করবেন । প্রকাশ করেছেন দলের নির্বাচনী ইস্তাহারও ৷
অতীতেও একাধিকবার তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় হুমায়ুনের । তবে শেষমেশ তাও মিটেও যেত। একবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও একান্তে বৈঠক সেরেছিলেন তিনি । কিন্ত এবার পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । দল থেকে বহিষ্কৃত হতে হয় বিধায়ককে । তারপরই নিজের রাজনৈতিক জীবনে নয়া ইনিংসের সূচনা করেন হুমায়ুন ।

