আজ বঙ্গের চার জেলায় বৃষ্টি, রবিতে ইডেনের ম্যাচ কি ভেস্তে যাবে ?
বঙ্গের 4টি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা ৷ আগামিকাল ইডেনে টি-20 ম্যাচ ৷ বেলার দিকে মেঘলা আকাশের পূর্বাভাসও রয়েছে ৷ তবে কি ম্যাচ ভেস্তে যাবে ?

Published : February 28, 2026 at 8:12 AM IST
কলকাতা, 28 ফেব্রুয়ারি: ইডেনে টি-20 বিশ্বকাপে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের গুরুত্বপূর্ণ ম্যাচের দিন বেলার দিকে মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে ক্রিকেটপ্রেমীরা আশ্বস্ত হতে পারেন। কারণ টি-20 বিশ্বকাপে ইডেনের ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনালে পরিণত। ফলে বৃষ্টির ভ্রুকুটি যদি বিঘ্ন ঘটায় তাহলে কপাল রবিবার পুড়তে পারে টিম ইন্ডিয়ার। এদিকে, হাওয়া অফিসের পূর্বাভাসে ইডেনজুড়ে নিশ্চিন্তির হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। পয়লা মার্চ থেকে পারদ চড়বে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়তে পারে। উত্তরবঙ্গের চারটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
আজ (শনিবার) দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা দিনের তাপমাত্রার বিশেষ তারতম্য হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। মঙ্গলবার 3 মার্চ দোল পূর্ণিমার দিন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও আগামিকাল থেকে তা চড়বে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, যার জেরে যে ঠান্ডার হালকা রেশ ছিল তা অস্বস্তিকর গরমের দিকে চলে যাবে।
উত্তরবঙ্গে আগামী চারদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ তারতম্য নেই। তারপর থেকে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও ঠান্ডা চলে গিয়ে গরমের অনুভূতি বাড়তে শুরু করবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা। কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে আজ পরিষ্কার আকাশ । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে। ফলে স্থানীয়ভাবে আকাশ আংশিক মেঘলা হতে পারে রবিবার দুপুরে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা 20.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বনিম্ন 31 শতাংশ ও সর্বোচ্চ 90 শতাংশ। শনিবার দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 20 ডিগ্রির আশেপাশে থাকবে।

