ETV Bharat / state

কালীপুজোর আগেও বঙ্গে বৃষ্টির কাঁটা, ভিজবে কোন কোন জেলা?

দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর কালীপুজোতেও বঙ্গে বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ! এই আবহে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷

Rickshaw with passenger in a rainy day of Kolkata
বৃষ্টির মধ্যে যাত্রী নিয়ে ছুটছে রিকসা (ফাইল চিত্র, ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 18, 2025 at 8:12 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 18 অক্টোবর: নিম্নচাপের কারণে এই বছর অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিতে ভিজেছে বাংলা । দুর্গাপুজোর সময়ও প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা ৷ দিন কয়েক আগে আলিপুর আবহাওয়া দফতর বর্ষা বিদায়ের খবর দেওয়ায় খানিকটা স্বস্তি পায় বঙ্গবাসী । এবার কালীপুজো ৷ আলোর উৎসবের আগে ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস ।

শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস । পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ পাশাপাশি, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । সেই সঙ্গে, বজ্রপাতের আশঙ্কা রয়েছে ৷ উপকূলীয় অঞ্চলে হালকা বাতাসও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷

বঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাব

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । দক্ষিণ বিহারে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত । আবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত ৷ এই তিন ঘূর্ণাবর্তের কারণে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

তবে বঙ্গোপসাগরের নিকটবর্তী উপকূল সংলগ্ন জেলাগুলিতে এর প্রভাব সব থেকে বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস । দক্ষিণ-পশ্চিম বাতাসে ক্রমেই জলীয় বাষ্প ঢুকবে । বাকি বেশ কিছু জেলাতে উত্তর ও উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের । ফলে, পশ্চিমী বাতাস ও দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গে ৷

সপ্তাহন্তে বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে ৷ তবে, আর্দ্রতাজনিত অস্বস্তি খুব একটা বেশি হবে না । পশ্চিমের জেলাগুলিতে উত্তরে হওয়ার প্রভাব বেশি থাকবে । যদিও এই বৃষ্টির কারণে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন নেই । রাতে হালকা শিশিরের সঙ্গে সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

উপকূলের তিন জেলা ছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ৷ সোমবার থেকে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ৷ ফলে, আলোর উৎসবে ব্যাঘাত ঘটাতে পারবে না বৃষ্টি ৷ উত্তরবঙ্গের কেবল উপরের তিনটি জেলায় শনিবার এবং রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলি মূলত শুষ্ক থাকবে ৷

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ৷ দিনের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ৷

শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.6 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 93 শতাংশ এবং সর্বনিম্ন 49 শতাংশ ।

পড়ুন: ধনতেরাসে জীবনের মোড় কোনদিকে ঘুরবে, জানুন রাশিফলে