ETV Bharat / state

নববর্ষে বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি আনার উদ্যোগ কর্তৃপক্ষের

নতুন বছরে হাতি সাফারি শুরুর ছাড়পত্রের অপেক্ষা বেঙ্গল সাফারি পার্ক ৷ শীঘ্রই সাফারিতে দেখা মিলবে সিংহের ৷

BENGAL SAFARI PARK
বেঙ্গল সাফারি পার্ক ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 29, 2025 at 9:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 29 ডিসেম্বর: বছর শেষে জমজমাট বেঙ্গল সাফারি পার্ক ৷ ইংরেজি নতুন বছরে বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের জন্য আরও নতুন অতিথি আনার উদ্যোগ নিয়েছে পার্ক কর্তৃপক্ষ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৷ ইতিমধ্যে, সাফারি পার্কে সিংহ, বাঘ, ভাল্লুক, চিতাবাঘ-সহ অন্যান্য প্রাণীর প্রজননে সফলতা এসেছে ৷ তাই এবার তোপকেদাড়ার ধাঁচে বেঙ্গল সাফারিতে প্রজনন কেন্দ্র গড়ার কথা ভাবছে জু অথরিটি ও বন দফতর ৷

এদিকে, চলতি বছরে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একাধিক নতুন বন্যপ্রাণীর আগমন ঘটতে চলছে ৷ শহরের অন্যতম মূল আকর্ষণের জায়গা শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে প্রতি বছরই নতুন কিছু চমক থাকে ৷ গত বছর সিংহের পাশাপাশি লেঙ্গুর, চশমা বানর-সহ একাধিক বন্যপ্রাণী নিজেদের জায়গা করে নিয়েছে এখানে ৷ নতুন বছরেও তার ব্যতিক্রম হচ্ছে না ৷ 2026 সালে বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে জলহস্তি, জিরাফ-সহ একাধিক বন্যপ্রাণী ৷

নববর্ষে বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি আনার উদ্যোগ কর্তৃপক্ষের (ইটিভি ভারত)

সাফারি সূত্রে খবর, শুধুমাত্র জলহস্তি ও জিরাফ নয়, আরও একাধিক নতুন বন্যপ্রাণীদের স্বাগত জানাতে পুরোপুরিভাবে প্রস্তুত সাফারি পার্ক ৷ বাঘের পর সিংহের সফল প্রজননে সাফারি পার্কের ধারণ ক্ষমতা নিয়ে যথেষ্ট আশাবাদী জু অথরিটি ৷ সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন প্রাণীর রিকুইজিশনের কথা ইতিমধ্যেই জানানো হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষকে ৷

সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা এই মুহূর্তে বেড়ে হয়েছে 14 ৷ অন্যদিকে, সিংহের সংখ্যা পাঁচ ৷ রয়্যাল বেঙ্গল টাইগার সাফারিতেই রয়েছে ৷ তবে, সিংহ এখনও পর্যটকদের জন্য উন্মুক্ত সাফারিতে ছাড়া হয়নি ৷ শুধুমাত্র ডিসপ্লে করা হয়েছে ৷ নতুন বছরে সেই সিংহ পর্যটকদের জন্য সাফারিতে ছাড়ার ভাবনা রয়েছে কর্তৃপক্ষের ৷

বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, "জলহস্তি নতুন বছরে খুব শীঘ্রই সাফারি পার্কে আসতে চলেছে ৷ জিরাফ-সহ আরও একাধিক প্রাণীর আসার কথা রয়েছে ৷ মূলত পর্যটকদের আকর্ষণ হাতি সাফারি ৷ তা আমরা পুনরায় তাড়াতাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করছি ৷"

তবে, কুনকি হাতি লক্ষ্মী গত বছর মারা যাওয়ার পর, আরেক কুনকি হাতি ঊর্মিলাকে জলদাপাড়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ তাই প্রায় এক বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত হাতি সাফারি শুরু করা যায়নি সাফারি পার্কে ৷ হাতির সংখ্যা কম থাকার কারণেই বন্ধ রয়েছে ৷ তবে, ইতিমধ্যে হাতি সাফারির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে ৷ ছাড়পত্র মিললেই ফের হাতি সাফারি শুরু করা হবে বলে জানা গিয়েছে ৷