ETV Bharat / state

রাজ্য পুলিশে বড়সড় রদবদল, একধাক্কায় বদলি 108 ইনস্পেক্টর-ইন-চার্জ

রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল ঘটল। একধাক্কায় বদলি করা হল রাজ্যের 108 জন থানার আইসি বা ইনস্পেক্টর-ইন-চার্জকে।

Kolkata Police Commissioner Ajay Kumar Nanda
কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ (ফাইল ছবি: ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 3, 2026 at 10:44 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 3 জুলাই: রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল ঘটল। এর আগে আইপিএস, ডব্লিউবিপিএস থেকে শুরু করে আইজি, ডিআইজি, ডিসি এবং এসপি স্তরে ব্যাপক বদলি দেখা গিয়েছিল। এবার একধাক্কায় বদলি করা হল রাজ্যের 108 জন থানার আইসি বা ইনস্পেক্টর-ইন-চার্জকে। শুক্রবার নবান্নের তরফে এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনে রদবদল চলছে। একসঙ্গে এতগুলি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বদলির এই পদক্ষেপ তারই একটি অংশ বলে মনে করা হচ্ছে।

নবান্নের জারি করা এই নির্দেশিকায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— প্রায় সব জেলার থানার আধিকারিকদের নাম রয়েছে। তবে কলকাতা পুলিশের অধীনস্থ কোনও থানার ওসি বা আইসি পদে এবার কোনও রদবদল করা হয়নি। রাজ্য পুলিশের ইউনিফর্মড ব্রাঞ্চ এবং আর্মড ব্রাঞ্চ, উভয় ক্ষেত্রেই এই বদলি কার্যকর হচ্ছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যাঁদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের দ্রুত কাজে যোগ দিতে হবে।

শুধু থানাস্তরে নয়, রাজ্যের গোয়েন্দা বিভাগেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে। ডিআইবি, ডিইবি এবং সিআইডির ইনস্পেক্টর পদেও একাধিক রদবদল হয়েছে। বদল এসেছে রাজ্য ট্র্যাফিক সদর দফতরেও। দক্ষিণ 24 পরগনার একাধিক গুরুত্বপূর্ণ থানায় নতুন আধিকারিক পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, ফলতা, বজবজ এবং নোদাখালি থানা। পূর্ব মেদিনীপুরের দিঘা, কাঁথি এবং তমলুক থানাতেও নতুন আইসি আসছেন। তালিকায় রয়েছে জঙ্গলমহল ও অন্যান্য জেলার থানাগুলিও। কাঁকসা, বিনপুর, বেলপাহাড়ি এবং রায়গঞ্জ থানার আইসি বদলি হয়েছেন। বদলি করা হয়েছে বসিরহাট পুলিশ জেলার এক সার্কেল ইন্সপেক্টরকেও।

বেশ কিছু জায়গায় আধিকারিকদের নিজেদের মধ্যে জায়গা বদল হয়েছে। যেমন বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ইলেকট্রনিক কমপ্লেক্স থানার ওসি রামনারায়ণ পালকে ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার আইসি করে পাঠানো হয়েছে। উল্টোদিকে, নয়াগ্রামের বর্তমান আইসি সুজয় লায়েক আসছেন ইলেকট্রনিক কমপ্লেক্স থানার ওসি হয়ে। রেল পুলিশেও বদল এসেছে। শিয়ালদা জিআরপির আইসি অনিরুদ্ধ বাগকে মুর্শিদাবাদ থানায় পাঠানো হয়েছে। আর মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকারকে শিয়ালদা জিআরপির দায়িত্ব দেওয়া হয়েছে।

একইভাবে, নাগেরবাজার থানার ওসি সঞ্চায়ন বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদের ডিআইবি-র আইসি করে পাঠানো হয়েছে। আবার মুর্শিদাবাদের ডিআইবি-র আইসিকে নাগেরবাজার থানার দায়িত্ব দেওয়া হয়েছে। বারাকপুর থানার ওসি বদলি হয়ে যাচ্ছেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। বদলি হয়েছেন বসিরহাট পুলিশ জেলা এবং হুগলি গ্রামীণ এলাকার ডিআইবি-র আইসিরাও।

নবান্ন এবং পুলিশ প্রশাসনের একাংশ এটিকে নিয়মমাফিক প্রক্রিয়া বলেই দাবি করছে। সরকারি ভাবে জানানো হয়েছে, বিষয়টিকে একটি "রুটিন বদলি" হিসেবেই দেখতে হবে। প্রশাসনের একটি সূত্রের দাবি, "আইনশৃঙ্খলা আরও কার্যকরভাবে পরিচালনা এবং প্রশাসনিক ভারসাম্য বজায় রাখতেই এই পদক্ষেপ।"

তবে রাজনৈতিক মহল বিষয়টিকে শুধুমাত্র সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে মানতে নারাজ। তাদের মতে, রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক কাঠামোকে নতুনভাবে সাজিয়ে নিতে চাইছে বর্তমান সরকার। গুরুত্বপূর্ণ থানা এবং গোয়েন্দা বিভাগে একযোগে এত বদলি সেই জল্পনাকেই আরও উস্কে দিচ্ছে। আগামী দিনে এই রদবদলের প্রশাসনিক প্রভাব কতটা পড়ে, এখন সেদিকেই নজর থাকবে সব মহলের।