রাস্তায় নমাজ পাঠে সরকারি নিষেধাজ্ঞা, তৃণমূল কাউন্সিলরকে আদালতে যাওয়ার নির্দেশ মমতার
শুক্রবার কালীঘাটের বাড়িতে কলকাতা পুরনিগমে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে এক জরুরি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Published : May 23, 2026 at 10:25 AM IST
কলকাতা, 23 মে: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর রাস্তা আটকে নমাজ পাঠের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। সরকারের এই নয়া নীতির বিরোধিতায় ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হয়েছেন মুসলিম ধর্মাবলম্বীরা। এবার রাস্তায় ধর্মাচরণ সংক্রান্ত সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পথে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস।
মেটিয়াবুরুজের এক মহিলা তৃণমূল কাউন্সিলরকে অবিলম্বে এই বিষয়ে আদালতের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব শীঘ্রই ওই কাউন্সিলর এই সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন জানাতে চলেছেন বলে দলীয় সূত্রে খবর।
শুক্রবার কালীঘাটের বাসভবনে কলকাতা পুরনিগমে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে এক জরুরি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকেই রাস্তায় নমাজ পড়া নিয়ে রাজ্য সরকারের সাম্প্রতিক বিধিনিষেধের বিষয়টি উত্থাপিত হয় ৷ আলোচনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় মেটিয়াবুরুজের ওই তৃণমূল কাউন্সিলরকে রাজ্য সরকারের এই নীতির বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ করার নির্দেশ দেন।

প্রসঙ্গত, রাস্তায় নমাজ পাঠে নিষেধাজ্ঞা-সহ বর্তমান সরকারের বেশ কয়েকটি নীতির বিরোধিতায় সম্প্রতি পার্ক সার্কাস এবং রাজাবাজার এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। পার্ক সার্কাসে পুলিশের উপর হামলার ওই ঘটনার পর কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই ওই সমস্ত ঘটনায় যুক্ত অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ ৷
সরকারের এই কড়া অবস্থান এবং প্রশাসনের তৎপরতার প্রভাব এদিন শহরের বিভিন্ন এলাকায় স্পষ্ট চোখে পড়েছে ৷ রাস্তায় নমাজ পড়া নিয়ে রাজ্য সরকারের বিধিনিষেধ কঠোরভাবে বলবৎ হওয়ার পর শুক্রবার রাজবাজার, তপসিয়া, পার্ক সার্কাস এবং তিলজলার মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে রাস্তা আটকে কোনও নমাজ পড়া হয়নি। রাস্তায় ভিড় না-করে মসজিদগুলির ভেতরেই দু'টি শিফটে নমাজ পাঠের বিশেষ আয়োজন করা হয়েছিল ৷ ফলে মসজিদের ভেতরেই সুষ্ঠুভাবে জুম্মার নমাজ পাঠ সম্পন্ন করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা।

