শুভেন্দু-সজ্জন বৈঠক, শালবনীতে দ্বিতীয় ইউনিটের ভূমিপুজো জানুয়ারিতে
Suvendu meets Sajjan: বৈঠকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির বিষয়ে স্পষ্ট আশ্বাস মিলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। শালবনী প্রকল্পের সম্প্রসারণ নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে।

Published : November 5, 2026 at 1:38 AM IST
রাজ্য 5 নভেম্বর: রাজ্যে নতুন শিল্পনীতি ঘোষণার ঠিক আগের দিন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন জেএসডব্লিউ গোষ্ঠীর চেয়ারম্যান সজ্জন জিন্দাল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে এটিই তাঁর প্রথম বৈঠক। বুধবার সন্ধ্যায় এই সাক্ষাতের পর সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী।
সাক্ষাৎ প্রসঙ্গে বলেন, "আমার কাছে প্রতিদিন কেউ না কেউ আসেন। অ্যাপয়েন্টমেন্টও চান। আজকেও তিন-চারটে গ্রুপ এসেছে। তার মধ্যে নিশ্চয়ই সজ্জন জিন্দাল অন্যতম বড় ইনভেস্টর । তিনি আমার সঙ্গে গঠনমূলক কথা বলেছেন।"
বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির বিষয়ে স্পষ্ট আশ্বাস মিলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। শালবনী প্রকল্পের সম্প্রসারণ নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে। তিনি জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে ওঁরা পাওয়ার প্ল্যান্টের সেকেন্ড ইউনিটের ভূমিপুজো করবেন বলে কথা দিয়েছেন। বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে শুভেন্দু বলেন, "সেকেন্ড ইউনিটের ভূমিপুজো হবে। পাবলিক হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে ডিসেম্বরে। আমি যাব বলেছি জানুয়ারির ফার্স্ট উইকে।"
একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের পাশাপাশি তৃতীয় ইউনিট নিয়েও শিল্পপতির আগ্রহ রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সজ্জন জিন্দালের সঙ্গে বাংলার সম্পর্ক বহু পুরনো। তিনি দ্বিতীয় ও তৃতীয় বিদ্যুৎ উৎপাদন ইউনিট গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
স্থানীয় যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়ও শিল্পপতির সঙ্গে কথা হয়েছে। শুভেন্দুর বক্তব্য, "আমি ওঁকে বলেছি, স্কিল ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনি একটা প্রশিক্ষণ কেন্দ্র বানিয়েছেন । সেখানকার ছেলেদের চাকরি দিতে হবে । আর সেটার পরিধি বাড়াতে হবে।"
শুধু ভারী শিল্প বা পরিকাঠামো নয়, সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতে স্বাস্থ্য ক্ষেত্রে বড় উদ্যোগ নিতে চায় জিন্দাল গোষ্ঠী। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালকে তারা আধুনিক রূপ দিতে আগ্রহী। মুখ্যমন্ত্রীর কথায়, "উনি আমাকে একটা প্রস্তাব দিয়েছেন । মেদিনীপুরে মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালটি সম্পূর্ণ টেক আপ করতে চান। বাণিজ্যিকভাবে নয়, সামাজিক দায়িত্ব হিসেবে। আমি স্বাস্থ্য়সচিবকে বলেছি ওটা দেখে নেওয়ার জন্য।"
স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি রাজ্যের একাধিক প্রাচীন ও ঐতিহাসিক মন্দির সংস্কারেও এগিয়ে আসছে এই শিল্পগোষ্ঠী। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, "তিনি পুরনো মন্দির সংস্কার করতে চান। তিনি কেদারধাম সংস্কার করেছেন বলে জানালেন। আমরা প্রাচীন মন্দিরের তালিকা তৈরি করছি। ওঁর হাতে দেব। বেশ কিছু মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব উনি নিতে চান।" পরে তিনি জানান, জিন্দাল চার-পাঁচটি প্রাচীন মন্দির বেছে দিতে বলেছেন, সেগুলি সংস্কারের দায়িত্ব নেবে তাঁর সংস্থা।
রাজ্যে শিল্প ও ব্যবসার পরিবেশ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। নতুন সরকার আসার পর কাজের অভিজ্ঞতা কেমন, তা জানতে চান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "জিন্দাল জানিয়েছেন অভিজ্ঞতা ভালো। আইনশৃঙ্খলা ঠিকঠাক রয়েছে। শ্রমিক সরবরাহ থেকে উৎপাদন— কোথাও কোনও অসুবিধা নেই। তবে সিমেন্ট কারখানার কাঁচামাল ওড়িশা থেকে আনতে হওয়ায় পরিবহণ খরচ বেশি পড়ছে, যার ফলে বাজারে প্রতিযোগিতা কিছুটা কঠিন হচ্ছে।"
বৃহস্পতিবার সরকারের নতুন শিল্পনীতি সামনে আসতে চলেছে। সেই বিষয়েও জিন্দাল গোষ্ঠীকে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে বলা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। শিল্পগোষ্ঠী নীতিটি পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে বিস্তারিত জানাবে।
পূর্বতন সরকারের জমানার অভিজ্ঞতা নিয়ে জিন্দাল কিছু বলেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জিন্দাল কোনও মন্তব্য করেননি। তবে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথা উল্লেখ করেছেন। জিন্দালের বক্তব্য ছিল, বুদ্ধদেববাবু ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তাঁর সঙ্গে সম্পর্কও খুব ভালো ছিল। তবে সিপিএম জমানায় ট্রেড ইউনিয়নের ভূমিকা অত্যন্ত নেতিবাচক ছিল। অথচ গত পনেরো বছরের তৃণমূল জমানা নিয়ে শিল্পপতি কোনও কথাই তোলেননি।সবমিলিয়ে নতুন শিল্পনীতি ঘোষণার মুখে জিন্দাল গোষ্ঠীর এই তৎপরতা রাজ্যের শিল্প মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয় বলেই মনে করা হচ্ছে।

