ETV Bharat / state

15 ফেব্রুয়ারির মধ্যে সেরে ফেলতে হবে পুলিশি রদবদল, নবান্নকে চিঠি কমিশনের

গত শুক্রবার এই চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে পাঠানো হয়েছিল নবান্নকে৷

CEO Office Letter to Nabanna
নবান্নকে চিঠি নির্বাচন কমিশনের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 9, 2026 at 6:33 PM IST

1 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 ফেব্রুয়ারি: গত জানুয়ারির শেষে রাজ্য পুলিশের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল স্তর পর্যন্ত ব্যাপক রদবদল করেছে নবান্ন৷ দায়িত্ব নিয়েছেন নতুন ডিজিপি৷ কলকাতা পুলিশের কমিশনার পদেও বদল করা হয়েছে৷ পাশাপাশি একাধিক কমিশনারেটের কমিশনার পদে রদবদল করেছে৷ এবার এই ধরনের রদবদল নিয়ে রাজ্য সরকারকে চিঠি লিখল নির্বাচন কমিশন৷

গত 6 ফেব্রুয়ারি রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের সই করা একটি চিঠি পাঠানো হয় রাজ্য সরকারকে৷ সেখানে জানানো হয়েছে যে নির্বাচনী কাজে যে সমস্ত পুলিশ আধিকারিকরা যুক্ত থাকবেন, তাঁদের রদবদলের বিষয়টি দ্রুত সেরে ফেলতে হবে৷

কত তারিখের মধ্য়ে এই রদবদল সেরে ফেলতে হবে, তাও নির্বাচন কমিশনের তরফে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে৷ নবান্নকে নির্বাচন কমিশন জানিয়েছে যে আগামী 15 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী রবিবারের মধ্যে এই কাজ শেষ করে ফেলতে হবে৷ তার পর সেই সংক্রান্ত একটি রিপোর্ট নবান্নের তরফে পাঠাতে হবে নির্বাচন কমিশনের কাছে৷

এদিকে সুপ্রিম কোর্টে চলছে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর নিয়ে শুনানি৷ এর আগের শুনানিতে রাজ্য সরকারকে এই কাজের জন্য পর্যাপ্ত আধিকারিক নির্বাচন কমিশনকে দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ সোমবার এই মামলার শুনানি হয় শীর্ষ আদালতে৷

সেখানে আইনজীবী শ্যাম দেওয়ান জানান, নির্বাচন কমিশনকে এসআইআর-এর কাজে রাজ্যের 8505 গ্রুপ বি আধিকারিককে নিয়োগ করা হয়েছে৷ 7 ফেব্রুয়ারি ইমেল করে সেই তথ্য কমিশনকে জানানো হয়েছে৷ যদিও নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে দাবি, তাঁদের কাছে আধিকারিকদের নাম পাঠায়নি রাজ্য৷

আরও পড়ুন -