ETV Bharat / state

পুরনিগমের নজরে এবার আরেক তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি, পাঠানো হবে নোটিশ

ওই তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি যাচাইয়ের কাজ ইতিমধ্যে শুরু করেছে কলকাতা পুরনিগম ৷

kolkata Municipal Corporation
কলকাতা পুরনিগম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2026 at 6:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 31 মে: রাজ্যের পালাবদলের পর শহর কলকাতায় পুরনিগমের বিল্ডিং ও কর বিভাগের নোটিশ দেওয়া নিয়ে কার্যত হইচই পড়ে গিয়েছে । অভিষেক বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, ফাইজ খানের পর এবার বেলেঘাটার এক তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি পুর স্ক্যানারে ।

পুরনিগমের তরফে জানা গিয়েছে, 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বেলেঘাটার ওই কাউন্সিলরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ মুখ্যমন্ত্রীর দফতর থেকে শুরু করে লালবাজার এমনকি স্থানীয় থানায় দেওয়া হয়েছে । এর পরেই কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ তৎপরতা শুরু করেছে ।

পুরনিগম সূত্রে খবর, ওই কাউন্সিলরের বাইপাস এলাকায় একাধিক সম্পত্তি রয়েছে । তাঁর পরিবার সদস্যদের নামেও বেশকিছু সম্পত্তি আছে । তিনি পুরনিগমের একটি পদেও আছেন । তাঁর নাম বেলেঘাটা বিধানসভায় তৃণমূল প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও শেষমেষ তাঁকে প্রার্থী করা হয়নি । তারপর তাঁর অনুগামীদের প্রকাশ্যে সমাজ মাধ্যমে ক্ষোভ-হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছিল ।

এবার সেই তৃণমূল কাউন্সিলরের সমস্ত সম্পত্তি পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য সংগ্রহ শুরু হয়েছে । কতগুলি সম্পত্তি, কতগুলি ফ্ল্যাট বা রেস্তরাঁ, অফিস আছে । সেই নির্মাণগুলি মধ্যে কোনও নির্মাণ রেসিডেনসিয়াল দেখিয়ে বাণিজ্যিক ব্যবহার হচ্ছিল কি না । হলেও সেই অনুসারে কর দেওয়া হচ্ছিল কি না । সমস্ত সম্পত্তিতে কর বকেয়া আছে কি না, মিউটেশন, অ্যাসেসমেন্ট সব সম্পত্তির নথি ঠিক আছে কি না, এই সমস্ত খতিয়ে দেখছেন সম্পত্তি কর মূল্যায়ন বিভাগের কর্মী আধিকারিকরা ।

শুধু তাই নয়, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চেয়ে পাঠানো হতে পারে নোটিশ । পাশাপাশি এই সম্পত্তি খতিয়ে দেখতে গিয়ে বেআইনি নির্মাণ বা জলা ভরাট করা এমন বেআইনি কিছু পেলে, সেই তথ্য বিল্ডিং বিভাগের কাছে পৌঁছানো হবে । তারা আবার নোটিশ দেবে । নোটিশ অনুসারে তথ্য বা নথি জমা দিতে না পারলে পুর আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

এক পুর কর্তা বলেন, "আমাদের কাছে নির্দেশ এসেছে সংশ্লিষ্ট ব্যক্তির সমস্ত সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ নথি তৈরি করা । সেইটাই করব । অবশ্যই আইন অনুসারে পদক্ষেপ হবে । কোথাও আইন লঙ্ঘন হয়েছে কি না সেটা দেখা হবে । শুধু নির্দিষ্ট ওই কাউন্সিলর নয়, তাঁর পরিবার সদস্যদের সম্পত্তির তালিকা দেখা হবে । তাতে তিনিও সঙ্গে আছেন কি না সেটাও খতিয়ে দেখা হবে ।"