ক্ষমতায় তারেক-সরকার, বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার মালদার হোটেল মালিকদের
ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে বাংলাদেশ সরকারের পদক্ষেপের পরেই নরম মনোভাব মালদার হোটেল মালিক সংগঠনের ৷

Published : February 27, 2026 at 8:04 PM IST
মালদা, 27 ফেব্রুয়ারি: ইউনুস আমল এখন অতীত ৷ বাংলাদেশে ক্ষমতায় এসেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি-র সরকার ৷ প্রধানমন্ত্রীর আসনে বসেই খালেদাপুত্র তারেক ভারতের সঙ্গে আবারও সুসম্পর্ক তৈরির বার্তা দিয়েছেন ৷ তার জন্য ইতিমধ্যে বেশ কিছু সদর্থক পদক্ষেপও করেছেন তিনি ৷ এসব বিবেচনা করেই মালদা জেলার হোটেলগুলি ফের বাংলাদেশি নাগরিকদের জন্য খুলে দেওয়া হল ৷ হোটেল মালিকদের বক্তব্য, প্রতিবেশী দেশের নাগরিকদের স্বার্থে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন ৷
হাসিনা সরকারের পতনের পর উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ ৷ ভারত বিরোধী শক্তি মাথাচাড়া দেওয়ার অভিযোগ ওঠে ৷ পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত সরকার ৷ শুধুমাত্র ছাড় দেওয়া হয় শিক্ষার্থী ও রোগীদের ক্ষেত্রে ৷ সেই সময় মালদা জেলার হোটেল মালিকরাও বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ করে দেন ৷ যার প্রভাব পড়েছিল দু’দেশের বাণিজ্যেও ৷

মালদা জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন স্বীকৃত হোটেল ও রেস্টুরেন্টের সংখ্যা 94টি ৷ তবে এর বাইরেও বেশ কিছু হোটেল ও ধাবা রয়েছে ৷ সব মিলিয়ে রাত্রিবাসের জায়গা রয়েছে দেড়শোর উপর ৷ প্রতিদিন 200 থেকে 250 বাংলাদেশি নাগরিক হোটেলগুলিতে ঘর ভাড়া নিতেন ৷
মালদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলছেন, "ডিসেম্বর থেকে বাংলাদেশে অশান্তি ক্রমশই বাড়তে শুরু করে ৷ পরিস্থিতি বিবেচনা করে আমরা বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেলের দরজা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম ৷ কিন্তু, নির্বাচনের পর সে’দেশে এখন নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ৷ দু’দেশের সম্পর্কও ধীরে-ধীরে উন্নতি হচ্ছে ৷"

দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়া নিয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার ফের বাংলাদেশিদের জন্য ভিসা চালু করছে ৷ শুনেছি, বাংলাদেশের নতুন সরকারও বেশ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চলেছে ৷ আগে শুধুমাত্র মহদিপুর সীমান্ত দিয়ে প্রতিদিন 300 থেকে 350 বাংলাদেশি এদেশে আসতেন ৷ তাঁদের কেউ চিকিৎসা, কেউ পড়াশোনা, কেউ বা আত্মীয়দের বাড়ি বেড়াতে আসেন ৷ সবদিক বিবেচনা করে আমরাও প্রতিবেশী নাগরিকদের জন্য হোটেলে থাকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছি ৷ বৈধ নথিপত্র নিয়ে এদেশে আসা প্রত্যেক বাংলাদেশি নাগরিক এখন থেকে মালদার যে কোনও হোটেলে থাকতে পারবেন ৷ তাঁদের কোনও অসুবিধে হবে না ৷"
মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, "বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠার পর থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে ৷ দু’দেশের সরকারই এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নিয়েছে ৷ আমরা আশাবাদী, এর ফলে দু’দেশের আন্তর্জাতিক বাণিজ্যে আবার গতি আসবে ৷ মহদিপুর সীমান্ত দিয়ে প্রতিদিন কয়েকশো বাংলাদেশি নাগরিক বিভিন্ন কারণে এদেশে আসেন ৷ এতদিন তাঁদের জন্য মালদার হোটেলগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন হোটেল মালিকরা ৷ এটা দু’দেশের কাছেই খুবই ভালো খবর ৷"

