ETV Bharat / state

SIR আবহে চোরাপথে বাংলাদেশে পালানোর হিড়িক, সীমান্তে পরপর আটক অনুপ্রবেশকারী

গত 2 নভেম্বর ধরা পড়ে 11 জন, 3 নভেম্বর 45 জনকে ধরে বিএসএফ আর 4 নভেম্বর ধরা হয় 38 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ।

ETV BHARAT
সীমান্তে একের পর এক বাংলাদেশিকে আটক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 7, 2025 at 7:45 PM IST

4 Min Read
Choose ETV Bharat

স্বরূপনগর, 7 নভেম্বর: এসআইআর আবহে দেশে ফেরার হিড়িক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ! গত এক সপ্তাহ ধরে স্বরূপনগরের বিথারী ও তারালি সীমান্ত দিয়ে ওপার বাংলায় পালাতে গিয়ে বিএসএফ-এর জালে ধরা পড়েছেন অনেকেই ৷ সেই কারণে ভারত-বাংলাদেশ সীমান্তে তৎপরতা আরও বেড়েছে সীমান্ত রক্ষী বাহিনীর ৷

গত 2 নভেম্বর ধরা পড়ে 11 জন, পরের দিন, অর্থাৎ 3 নভেম্বর 45 জনকে ধরে বিএসএফ আর 4 নভেম্বর ধরা হয় 38 জনকে । জানা গিয়েছে, তারা সকলেই বাংলাদেশের নাগরিক ৷ রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পরই নিজেদের দেশে ফিরতে মরিয়া এই অনুপ্রবেশকারীরা ৷ এদের মধ্যে নারী ও পুরুষের পাশাপাশি অনেক শিশুও রয়েছে ।

ETV BHARAT
সীমান্তে একের পর এক বাংলাদেশিকে আটক (নিজস্ব চিত্র)

চলতি মাসের শুরুতেই স্বরূপনগরের তারালি সীমান্তে ধরা পড়ে 45 জন বাংলাদেশি অনুপ্রেবেশকারী । তাও আবার এসআইআর চালুর আবহে । এরা প্রত‍্যেকেই চোরাপথে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল বলে জানা গিয়েছে বিএসএফ সূত্রে । সেই সময় বিএসএফের 143 নম্বর ব‍্যাটেলিয়ানের জওয়ানদের হাতে ধরা পড়ে যান ওই 45 জন বাংলাদেশি । বিএসএফ সূত্রে খবর, এর মধ্যে অন্তত 10 জন শিশু ছিল ।

সীমান্তে আটক বাংলাদেশিদের তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশের হাতে । তার আগের দিন স্বরূপনগরের তারালি সীমান্ত থেকে পাকড়াও করা হয়েছিল 11 জন বাংলাদেশি নাগরিককে । পরে, বিএসএফের তরফে তাঁদেরকেও তুলে দেওয়া হয় স্থানীয় থানার পুলিশের হাতে । নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ওই দু'দিনে মোট 56 জন বাংলাদেশি ধরা পড়ে স্বরূপনগরের তারালি সীমান্তে, যা নিঃসন্দেহে বিএসএফের বড়সড় সাফল্য ৷

ETV BHARAT
SIR আবহে চোরাপথে ওপার বাংলায় পালানোর হিড়িক (নিজস্ব চিত্র)

জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে চোরাপথে ভারতে ঢুকেছিলেন এই 45 জন বাংলাদেশি নাগরিক । তারপর থেকে ভারতের বিভিন্ন প্রান্তে নানা কাজে যুক্ত ছিলেন তাঁরা । ইদানিং এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কলকাতা ও রাজারহাট অঞ্চলে থাকতে শুরু করেছিলেন । সম্প্রতি পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী চালু হয়েছে । SIR চালুর ঘোষণা হতেই বাংলাদেশে ফেরার হিড়িক পড়ে গিয়েছে এদেশে বসবাসকারী ওপার বাংলার নাগরিকদের । তা স্পষ্ট হয়েছে গত কয়েকদিনের ঘটনায় ৷

বিএসএফ সূত্রে খবর, সপ্তাহখানেক আগে রাতের অন্ধকারে চোরাপথে ভারত-বাংলাদেশের তারালি সীমান্ত দিয়ে ওপারে পালানোর চেষ্টা করছিল অনুপ্রবেশকারীরা । কিন্তু, সেই চেষ্টা ব্যর্থ হয় সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় । বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, "যে 45 জন বাংলাদেশি নাগরিককে পাকড়াও করা হয়েছে, তাঁদের বাড়ি ওপার বাংলার সাতক্ষীরা ও বাগেরহাট এলাকায় । এদের কারও কাছেই বৈধ কাগজপত্র ছিল না । সেই কারণে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁদের ।"

এদিকে, এইসব ঘটনার পর বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে ফের সরব হয় গেরুয়া শিবির । তাদের দাবি, এরকম বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী আশ্রয় নিয়েছে এই বাংলায় । এখানে ভোটও দিচ্ছে তারা । এসআইআর হলে সেই সব বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়বে । এক জন বাংলাদেশি অনুপ্রবেশকারীরও জায়গা হবে না এদেশে ।

পালটা বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় সরকার ও গেরুয়া শিবিরকেই আক্রমণ করেছে শাসকদল । তাদের পালটা দাবি, "বাংলাদেশি নাগরিকরা সেদেশে ফেরত যাওয়ার সময় বিএসএফের হাতে ধরা পড়েছে, ভালো কথা । কিন্তু, যখন তাঁরা অনুপ্রবেশ করেছিল, তখন বিএসএফ কোথায় ছিল ? বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল ? নাকি টাকাপয়সা খেয়ে এঁদের আশ্রয় দিয়েছিল ? যদি এঁরা বেআইনিভাবে এদেশে ঢুকে থাকে তাহলে আইন মেনে যা শাস্তি হওয়ার তা হবে । এ নিয়ে কারও দ্বিমত নেই । কিন্তু, প্রশ্ন একটাই এঁরা বিএসএফের নজর এড়িয়ে ভারতে ঢুকল কী ভাবে ?"

অন্যদিকে, সীমান্ত সুরক্ষায় আরও তৎপর হয়েছে বিএসএফ । বিশেষ করে ভারত-বাংলাদেশ সীমান্তের যেসব এলাকায় কাঁটাতার নেই, সেখানে বাড়তি নজরদারি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে বিএসএফ সূত্রে ।