ETV Bharat / state

কাজের খোঁজে বেঙ্গালুরু যাচ্ছিলেন, মালদায় ট্রেন থেকে গ্রেফতার 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী তরুণী

আদালতে যাওয়ার পথে ধৃতদের মধ্যে এক অনুপ্রবেশকারী জানান, ভারতে প্রবেশের জন্য বাংলাদেশের এক দালালকে 25 হাজার টাকা দিয়েছেন তিনি ।

Bangladeshi infiltrators arrested
3 বাংলাদেশি অনুপ্রবেশকারী তরুণী গ্রেফতার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2026 at 6:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

মালদা, 2 মার্চ: গুয়াহাটি বেঙ্গালুরু সুপার ফাস্ট এক্সপ্রেস থেকে গ্রেফতার তিন বাংলাদেশি তরুণী । আরপিএফের দাবি, কাজের খোঁজেই অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন তাঁরা । সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে । সাতদিনের হেফাজতের আবেদন করেছে মালদা টাউন জিআরপি থানার পুলিশ ৷

জিআরপি সূত্রে খবর, রবিবার রাতে এসএমভিটি বেঙ্গালুরু সুপার ফাস্ট এক্সপ্রেসের মহিলা কামরায় সন্দেহজনক তিন তরুণীকে জেরা করেন আরপিএফ অফিসাররা । প্রথমে অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করলেও জেরায় এক সময় নিজেদের পরিচিতি প্রকাশ করে ওই তিন তরুণী । জেরায় আরপিএফ অফিসাররা জানতে পারেন, ওই তিন তরুণী বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছেন । এরপরেই তিন তরুণীকে আটক করে আরপিএফ । ওই তিন তরুণীকে মালদা টাউন জিআরপি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ ।

ট্রেন থেকে গ্রেফতার 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী তরুণী (নিজস্ব ভিডিয়ো)

পুলিশি জেরায় ধৃত তিন তরুণী কাজের খোঁজে দালাল ধরে ভারতে প্রবেশের কথা জানিয়েছে । ধৃত তিন তরুণীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে জিআরপি থানার পুলিশ । ধৃত তিন তরুণীর নাম তসলিমা শেখ (19), জাহেদা আক্তার (23) ও সীমা আক্তার (22)। ধৃতরা বাংলাদেশের নোয়াখালি ও মইমনসিং জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে । আদালতে যাওয়ার পথে এক বাংলাদেশি তরুণী জানান, ভারতে প্রবেশের জন্য বাংলাদেশের এক দালালকে 25 হাজার টাকা দিয়েছেন তিনি ।

মালদা টাউন জিআরপি থানার আইসি প্রশান্ত রাই বলেন, "গত রবিবার রাতে এসএমভিটি বেঙ্গালুরু সুপার ফাস্ট এক্সপ্রেসের সাধারণ মহিলা বগিতে আরপিএফ সন্দেহজনক তিন তরুণীকে জিজ্ঞাসাবাদ করে । জিজ্ঞাসাবাদে ওই তিন তরুণী নিজেদের বাংলাদেশি বলে দাবি করে । এরপরেই ওই তরুণীদের আটক করে আরপিএফ । আরপিএফ ওই তিন তরুণীকে আমাদের হাতে তুলে দিয়েছে । তদন্তে আমরা জানতে পেরেছি, ওই তিন তরুণী অসম বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিল । কাজের খোঁজে গুয়াহাটি স্টেশন থেকে ট্রেন ধরে তারা বেঙ্গালুরু যাচ্ছিল । ধৃতদের পুলিশি হেফাজতের আবেদনে সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।"

এর আগে গত বছর ট্রেনে করে বিপুল পরিমাণ কচ্ছপ পাচার করা হচ্ছিল ৷ সেসময় অভিযান চালিয়ে মালদা টাউন আরপিএফের জ‌ওয়ানরা কচ্ছপগুলি উদ্ধার করেছিলেন ৷ কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে বস্তায় করে কচ্ছপগুলি পাচার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে ৷