ভোটের আগে বন্দে ভারত স্লিপার-সহ একাধিক দূরপাল্লার ট্রেনের স্টপেজ পেল উত্তরবঙ্গ
বিধানসভা ভোটের আগে কলকাতা ও দিল্লিগামী একাধিক ট্রেনের স্টপেজ পাচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলার বিভিন্ন স্টেশন ।


Published : January 9, 2026 at 7:49 PM IST
জলপাইগুড়ি, 9 জানুয়ারি: বিধানসভা ভোটের আগে বড় চমক ৷ হাওড়া-কামাক্ষ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের স্টপেজ পেল উত্তরবঙ্গের চারটে রেলস্টেশন ৷ 27576/27575 হাওড়া থেকে কামাক্ষ্যাগামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস থামবে জলপাইগুড়ি রোড, নিউ আলিপুরদুয়ার, কোচবিহার ও আলুয়াবাড়ি রোডে । এছাড়াও কলকাতা ও দিল্লিগামী একাধিক ট্রেনেরও স্টপেজ পাচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলার বিভিন্ন স্টেশন ।
বাংলায় ভোটের বছর শুরু হয়ে গিয়েছে ৷ নির্বাচনী বৈতরণী পার করতে উঠে পড়ে লেগেছে শাসক, বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ৷ রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে বিজেপির কাছে তুরুপের তাস রেল ৷ তাকে কাজে লাগিয়েই কি গেরুয়া শিবির ভোটারদের মন পেতে মরিয়া ! বঙ্গে ভোটের ঠিক আগেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু হওয়ার কথা ঘোষণা করেছে রেলমন্ত্রক ৷ এই ট্রেনের যাত্রা শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে । তবে উদ্বোধনের আগেই উত্তরবঙ্গের চারটি স্টেশনকে স্টপেজ ঘোষণা করায় খুশির হাওয়া জেলাজুড়ে ৷

আগামী 17 জানুয়ারি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর উদ্বোধন হতে চলেছে । সেইদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে । বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের চালুর ঘোষণার দিনে জলপাইগুড়ি রোড, কোচবিহার, আলিপুরদুয়ারে স্টপেজ দেওয়ার কথা ছিল না । এরপরেই বিভিন্ন মহলে দাবি ওঠে যে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে এই ট্রেনের স্টপেজ দেওয়া হোক ৷
আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ডিআরএম অফিসে গিয়ে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের স্টপেজের দাবিতে বিক্ষোভ দেখান । অবশেষে রেলের পক্ষ থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের নয়া স্টপেজের কথা ঘোষণা করা হয়েছে রেল বোর্ডের তরফে । কামাক্ষ্যা থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি হাওড়ায় যাওয়ার সময় নিউ আলিপুরদুয়ার স্টেশনে রাত 9টা 23 মিনিটে, নিউ কোচবিহারে রাত 9 টা 40 মিনিটে আসবে । হাওড়ার উদ্দেশে যাওয়ার জন্য জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেনটি রাত 10টা 55 মিনিটে থামবে । আর আলুয়াবাড়ি রোড স্টেশনে ট্রেনটি থামবে রাত 12টা 22 মিনিটে ৷
গত 2 জানুয়ারি সাংবাদিক সম্মেলন করে জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় জানিয়েছিলেন, জলপাইগুড়ি রোড স্টেশনে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের স্টপেজের দাবি জানিয়েছেন তিনি । আজ সেই দাবি পূরণ হওয়ার ফলে তিনি রেলমন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন । তিনি বলেন, "আগেই বলেছিলাম বন্দে ভারতের স্টপেজের বিষয়ে আমি আশাবাদী । বেশ কিছু ট্রেনের স্টপেজ দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে । কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, মুম্বইগামী বেশকিছু ট্রেনের স্টপেজের ফলে এই চত্বরের মানুষের অনেক উপকার হল ।"
এদিকে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, "বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের স্টপেজের জন্য আমি 1 তারিখ আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের দফতরে বিক্ষোভ দেখিয়েছিলাম । আমাদের বিক্ষোভের ফলেই আজ আমরা নিউ আলিপুরদুয়ারে বন্দে ভারতের স্টপেজ পেলাম । বিজেপি সারা বছর তো কিছুই করে না । কেবল ভোটের আগেই রেলের স্টপেজ দিয়ে মানুষের মন ভোলাতে চাইছে ।"
শুধু বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের স্টপেজই নয়, কলকাতা ও দিল্লিগামী বিভিন্ন ট্রেনের স্টপেজের তালিকাতেও যুক্ত করা হচ্ছে বাংলার বিভিন্ন স্টেশনকে ৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিঠি দিয়ে এ বিষয়ে সবিস্তার জানিয়েছেন জলপাইগুড়ির সাংসদ ডা. জয়ন্তকুমার রায়কে ৷ দীর্ঘদিন ধরেই বিভিন্ন দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবি উঠেছিল ৷ এবার পাকাপাকি ভাবে রেলমন্ত্রী স্টপেজের বিষয়ে চিঠি দিয়ে সবুজ সংকেত দিলেন ।
জলপাইগুড়ি জেলার নাগরাকাটা, বানারহাট, নিউ মালবাজার এবং দার্জিলিং জেলার সেবক, গুলমা রেলওয়ে স্টেশনে বেশকিছু ট্রেনের স্টপেজ দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে । চিঠিতে উল্লেখ করা হয়েছে,
13141/13142 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্ষা এক্সপ্রেস ও 15703/15704 নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস রানিনগর রেলওয়ে স্টেশনে স্টপেজ দেবে । আলিপুরদুয়ার থেকে পুনেগামী অমৃত ভারত এক্সপ্রেস এবং আলিপুরদুয়ার থেকে বেঙ্গালুরুগামী অমৃত ভারত এক্সপ্রেস - এই দুটি ট্রেন চালু হতে চলেছে । নিউ জলপাইগুড়ি থেকে বালুরঘাটগামী ইন্টারসিটি এক্সপ্রেসের এক্সটেনশন করা হচ্ছে হলদিবাড়ি পর্যন্ত ৷
ডুয়ার্স থেকে দিল্লিগামী 22511/22512 লোকমান্য তিলক কামাক্ষ্যা কর্মভূমি এক্সপ্রেস এবার নিউ মাল জাংশনে স্টপেজ দেবে । ডুয়ার্স থেকে প্রচুর শ্রমিক ভিনরাজ্যে কাজে যান । পাশাপাশি দিল্লি যাওয়ার ট্রেন নিউ মালবাজার স্টেশনে স্টপেজ দেওয়ার ফলে প্রচুর মানুষ উপকৃত হবেন ।
15777/15778 নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এক্সপ্রেস (ট্যুরিস্ট এক্সপ্রেস) বানারহাট ও নাগরাকাটা রেলওয়ে স্টেশনে স্টপেজ দেবে ।
15777/15778 নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এক্সপ্রেস গুলমা রেলওয়ে স্টেশনে স্টপেজ দেবে ।
15483/15484 আলিপুরদুয়ার দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস সেবক রেলওয়ে স্টেশনে স্টপেজ দেবে ।

