ETV Bharat / state

বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কা, মৃত কলকাতা পুলিশের ASI

পথ দুর্ঘটনার বলি এবার খোদ পুলিশ অফিসার ৷ বৃহস্পতিবার গভীর রাতে ডিউটি শেষ করে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এএসআইয়ের ৷

ASI OF KOLKATA POLICE DIES IN ROAD ACCIDENT
প্রতীকী ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 12, 2025 at 10:57 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 12 ডিসেম্বর: ডিউটি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতা পুলিশের এএসআই শাহাবুদ্দিন বিশ্বাস (45)। বৃহস্পতিবার গভীর রাতে ভাঙড়ের বৈরামপুর এলাকায় ঘন কুয়াশার মধ্যে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি । পরে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার বাসিন্দা শাহাবুদ্দিন বর্তমানে ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে এএসআই হিসেবে কর্মরত ছিলেন । সেদিন দায়িত্ব শেষ করে বাইকে করে কলকাতার বডিগার্ড লাইনের কোয়ার্টারে ফিরছিলেন তিনি । রাস্তায় তখন চারদিক ঢেকে ছিল ঘন কুয়াশায় । বৈরামপুরের কাছে আচমকাই পিছন দিক থেকে একটি ট্রাক তাঁর বাইককে ওভারটেক করার সময় ধাক্কা মারে । শাহাবুদ্দিন ছিটকে পড়েন রাস্তার উপর । প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার তীব্রতায় ট্রাকের চাকা সরাসরি তাঁর কোমরের উপর দিয়ে চলে যায় ।

স্থানীয় মানুষজন দ্রুত তাঁকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যান । কিন্তু চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিসি সৈকত ঘোষ-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তারা । পুলিশ জানিয়েছে, ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক । তাঁর সন্ধানে জোর তল্লাশি চলছে । আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে । ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে ৷ সেটির ফরেনসিক পরীক্ষা করা হবে । তাতে বোঝা যাবে দুর্ঘটনার সময়ে সঠিক কত গতিতে ছিল ওই ট্রাকটি । এছাড়াও বোঝা সম্ভব হবে যে ঘটনাটি ঘটার সময় আদৌ ট্রাক চালক গাড়িটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন কিনা ।

মর্মান্তিক এই মৃত্যুর খবর পৌঁছেছে মৃতের পরিবারের কাছেও । শোকের ছায়া নেমে এসেছে ভাঙড় ডিভিশনে এবং সহকর্মীদের মধ্যে । দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে ঘাতক চালককে ধরা হবে বলে আশ্বাস পুলিশের ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের আধিকারিক বলেন, "ভাঙড়ের বাসন্তী হাইওয়ের উপর সাধারণত 50 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো সম্ভব নয় । এছাড়াও ওই জায়গায় সবথেকে বেশি প্রতিবন্ধকতা হচ্ছে ভাঙড়ের বাসন্তী হাইওয়ের উপর একটি সীমানা পর্যন্ত কলকাতা পুলিশের আওতাধীন । অন্য জায়গাটি জেলা পরিষদের অন্তর্গত । এছাড়াও বাসন্তী হাইওয়ের উপর একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই । তার ফলেই রাত বাড়লে সেখানে বাইক রেসিং থেকে শুরু করে একাধিক অভিজাত গাড়িগুলি বেপরোয়াভাবে চলাচল করতে শুরু করে । তার জন্যই প্রতিনিয়ত এই প্রকারের পথ দুর্ঘটনা বেড়ে চলেছে ৷"

এই ঘটনায় কলকাতা পুলিশের তরফ থেকে খুনের মামলার রুজু করা হয়েছে । ঘাতক ট্রাক মালিকের হদিশ পেয়েছেন তদন্তকারীরা । পাশাপাশি চালকের খোঁজ তল্লাশি চালাচ্ছে পুলিশ । ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যবেক্ষণ করা হচ্ছে ৷