ETV Bharat / state

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার সল্টলেকে

আশাকর্মীদের কর্মবিরতির 16তম দিন বুধবার ৷ মাসিক ন্যূনতম ভাতা 15 হাজার টাকা-সহ একাধিক দাবিতে লাগাতার আন্দোলন করছেন তাঁরা ৷

Asha workers protest
আশাকর্মীদের স্বাস্থ্যভবন ঘেরাও অভিযান (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 7, 2026 at 5:22 PM IST

2 Min Read
Choose ETV Bharat

সল্টলেক, 7 জানুয়ারি: আশাকর্মীদের স্বাস্থ্যভবন ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল ৷ বুধবার মিছিল করে আশাকর্মীরা স্বাস্থ্যভবনের গেটের সামনে পৌঁছলে ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয় পুলিশ ৷ স্বাস্থ্যভবনের সামনের গেট বন্ধ করে দেওয়া হয় । তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা ৷ এরপর ব্যারিকেড ভেঙে স্বাস্থ্যভবনের দিকে এগিয়ে যান আশাকর্মীরা । পরে 15 জনের প্রতিনিধি দল বৈঠক করতে স্বাস্থ্যভবনের ভিতরে যায় ৷

আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী (কন্ট্রাকচুয়াল) ইউনিয়নের আহ্বানে গত 23 ডিসেম্বর 2025 থেকে রাজ্যব্যাপী লাগাতার কর্মবিরতি চলছে । বুধবার সেই কর্মবিরতির 16তম দিন ৷ এদিন হাজার হাজার আশাকর্মী সল্টলেকের স্বাস্থ্যভবন ঘেরাও অভিযানে শামিল হন । ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন স্বাস্থ্যভবনের সামনে বিপুল সংখ্যক আশাকর্মীর জমায়েতে ওই চত্বর উত্তাল হয়ে ওঠে । তাঁদের বিক্ষোভ ও স্লোগানে মুখরিত হয় এলাকা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ ।

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার সল্টলেকে ! স্বাস্থ্যভবনের ভিতরে বৈঠকে প্রতিনিধি দল (ইটিভি ভারত)

আন্দোলনরত আশাকর্মীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে, মাসিক ন্যূনতম ভাতা 15 হাজার টাকা নির্ধারণ, কর্মরত অবস্থায় কোনও আশাকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়া । পাশাপাশি নিয়মিত ছুটি ও কাজের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিও তুলে ধরেছেন তাঁরা ।

আশাকর্মীদের অভিযোগ, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়েও তাঁদের জীবনযাত্রা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে । গ্রাম থেকে শহরের ওয়ার্ডে ওয়ার্ডে টিকাকরণ, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা-সহ একাধিক সরকারি স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁরা ৷ তা সত্ত্বেও তাঁদের পারিশ্রমিক অপ্রতুল এবং অনিয়মিত । অনেক ক্ষেত্রেই মাসের পর মাস বকেয়া পড়ে থাকছে, যার জেরে সংসার চালানো কঠিন হয়ে উঠছে আশাকর্মীদের ।

এদিন স্বাস্থ্যভবনের সামনে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক ইসমাতারা খাতুন বলেন, "একাধিকবার প্রশাসনের কাছে আমাদের দাবি-দাওয়া জানানো হয়েছে ৷ তবে কোনও স্থায়ী সমাধান মেলেনি । তাই বাধ্য হয়েই আমরা কর্মবিরতি ও স্বাস্থ্যভবন ঘেরাওয়ের পথে হেঁটেছি । আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে ।"