ETV Bharat / state

নিম্নবর্গের মানুষদের কথা লিখেই বঙ্গভূষণ আসানসোলের নন্দলাল

নন্দলাল বাউড়ি পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের মনহরা গ্রামের বাসিন্দা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে বঙ্গভূষণ পুরস্কার তুলে দিয়েছেন ।

Bangabhusan Award
বিশিষ্ট গবেষক ও লেখক নন্দলাল বাউড়ি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 24, 2026 at 6:53 PM IST

2 Min Read
Choose ETV Bharat

আসানসোল, 24 ফেব্রুয়ারি: বঙ্গভূষণ সম্মান পেয়েছেন পশ্চিম বর্ধমানের বিশিষ্ট গবেষক ও লেখক নন্দলাল বাউড়ি । নিম্নবর্গের মানুষদের উপর উচ্চবর্গের মানুষদের চিরায়ত অমানবিক আচরণ ও অত্যাচারের প্রতিবাদ করতে কলম তুলে নিয়েছিলেন তিনি । গবেষণাও করেছেন । লিখেছেন বহু গ্রন্থ । আর তাঁর লেখার বিষয় ও গবেষণার জন্যই তাঁকে রাজ্য সরকার বঙ্গভূষণে পুরস্কৃত করেছে ।

শনিবার কলকাতায় এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে পুরস্কার স্মারক ও পুরস্কার মূল্য তুলে দিয়েছেন । তারপরেই আসানসোলের সালানপুর ব্লকের মনহরা গ্রামে খুশির আলো এসেছে । কারণ 63 বছরের নন্দলাল বাউড়ি পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের মনহরা গ্রামেরই বাসিন্দা ।

বঙ্গভূষণে সম্মানিত আসানসোলের নন্দলাল বাউড়ি (ইটিভি ভারত)

দীর্ঘদিন ধরে নিম্নবর্গীয় জনগোষ্ঠী, বিশেষ করে বাউড়ি সম্প্রদায়ের ইতিহাস, সমাজ ও সংস্কৃতি নিয়ে গবেষণা করে চলেছেন তিনি । তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে 'রাঢ়ের বাউড়ি চুয়াড় বিদ্রোহ' এবং 'বাউড়ি জনগোষ্ঠীর ইতিহাস' (খণ্ড 1 ও 2) । ইতিমধ্যেই সাতটি বই রচনা করেছেন নন্দলাল বাউড়ি । পাশাপাশি কবিতা ও গল্প লেখেন এবং 'সরাণ' নামে একটি পত্রিকাও সম্পাদনা করেন তিনি । রাজ্য সরকারের পঞ্চায়েত দফতরে কাজ করতেন । তিন বছর আগে অবসর নিয়েছেন তিনি ।

নন্দলাল বাউড়ি বলেন, "নিম্নবর্গের মানুষদের প্রতি সমাজের অমানবিক আচরণ আমাকে ভাবিয়েছে । সেই প্রতিবাদই আমার কাজের মূল প্রেরণা । গ্রামের এক বাউড়ি সন্তানকে এই সম্মান দেওয়ায় আমি কৃতজ্ঞ ।" তিনি আরও বলেন, "মঞ্চেই মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন আরও গভীরে ভাবতে । আমি নিশ্চয় ভাবব । আমার আগামীর কাজকে এই সম্মান আরও অনুপ্রেরণা জোগাবে ।"

অন্যদিকে, সোমবার তাঁর বাড়িতে গিয়ে বিশেষ সংবর্ধনা জানায় সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র-সহ অনেকে । তাঁদের বক্তব্য, নন্দলাল বাউড়ি বারাবনি ও পশ্চিম বর্ধমানের গর্ব, দল সর্বদা তাঁর পাশে থাকবে ।

নন্দলাল বাউড়ি তাঁদের জানান, তাঁর কাছে আরও বহু অপ্রকাশিত তথ্য রয়েছে, যা আগামিদিনে বই আকারে প্রকাশ করতে চান । তবে সেই কাজ এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন আর্থিক সহায়তার । সেই সহায়তা পেলে তাঁর অপ্রকাশিত গ্রন্থগুলি প্রকাশ পাবে । এখন দেখার রাজ্য সরকারের তরফে তিনি কোনও আর্থিক সহায়তা পান কি না ৷