পথ দুর্ঘটনা রুখতে যৌথ পদক্ষেপ, NH19 পরিদর্শনে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ
জাতীয় সড়কের বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ এলাকাকে চিহ্নিত করে সেখানে গাড়ির গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা ৷ খতিয়ে দেখা হল, সাইনেজ, স্পিড ক্যালমিং ও সতর্কীকরণ ব্যবস্থা ৷

Published : June 1, 2026 at 8:20 PM IST
আসানসোল, 1 জুন: এতদিন নানান ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের সংঘাতে, দুর্ঘটনা রোধে বা পরিকাঠামো উন্নয়ন বারবার পিছিয়ে গিয়েছে ৷ এ নিয়ে বারবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দোষারোপ করতেন রাজ্যের প্রাক্তন সরকারের জনপ্রতিনিধিরা ৷ রাজ্যে পরিবর্তনের পর এবার দেখা গেল অন্য ছবি ৷ তাই আসানসোল ও দুর্গাপুরে জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে এবং বিভিন্ন পরিকাঠামোর উন্নয়নে এবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ, পুলিশ, মোটরবিভাগ একসঙ্গে সমন্বয় রেখে কাজ করতে নেমেছে ৷
সোমবার থেকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ যৌথভাবে জাতীয় সড়ক 19-এ দুর্ঘটনা রোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ৷ বারবাড্ডা থেকে পানাগড় পর্যন্ত জাতীয় সড়কের বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ (অ্যাক্সিডেন্ট-প্রোন) এলাকাকে চিহ্নিত করে সেখানে গাড়ির গতি নিয়ন্ত্রণ-সহ একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে ৷ এতে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ছাড়াও মোটর ভেহিক্যাল বিভাগের আধিকারিকরাও ছিলেন ৷
পুলিশ জানিয়েছে, এই কর্মসূচির মূল লক্ষ্য হল সড়ক দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা এবং ভবিষ্যতে দুর্ঘটনামুক্ত জাতীয় সড়ক গড়ে তোলা ৷ সোমবার বাংলা-ঝাড়খণ্ড সীমানায় অবস্থিত ডুবুরডিহি চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ট্রাফিক), ট্রাফিক পুলিশের আধিকারিক এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিরা ৷ তাঁদের সঙ্গে মোটর ভেহিক্যালস বিভাগের আধিকারিকরাও উপস্থিত ছিলেন ৷
পরিদর্শনের সময় বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ এলাকা নিয়ে বিস্তারিত আলোচনা করতে দেখা যায় আধিকারিকদের ৷ কোথায় গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত সাইনেজ, স্পিড ক্যালমিং ব্যবস্থা, সতর্কীকরণ বোর্ড ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, তা খতিয়ে দেখা হয় ৷
জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে প্রিয়াংশু সিং জানান "জাতীয়।সড়কে দুর্ঘটনা বাড়ছে। আর তাই যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়মের কঠোর প্রয়োগ এবং পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দুর্ঘটনা কমানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হবে। আগামী দিনে জাতীয় সড়ক ১৯-এ 'জিরো অ্যাক্সিডেন্ট' বা দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়েই এই যৌথ উদ্যোগ শুরু হয়েছে। ঝাড়খন্ডের বারবাড্ডা থেকে পানাগড় পর্যন্ত এই কাজ চলবে।"
অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর ডিসি ট্রাফিক পিভিজি সতীশ জানান "জাতীয় সড়কে দুর্ঘটনা রোধে বিভিন্ন নিয়ম নীতি এবার থেকে লাগু করা হবে। আমরা বিভিন্ন দুর্ঘটনা প্রোণ এলাকা চিহ্নিত করে সেখানে দুর্ঘটনা রোধ করতে কি কি প্রয়োজন সেগুলিকে প্রয়োগ করা হবে। জাতীয় সড়কে সুস্থ এবং নিরাপদ জার্নি হোক এটাই আমরা চাইছি।"

