ETV Bharat / state

ক্যানসার চিকিৎসায় রাজ্যে 'সেরার সেরা' আসানসোল জেলা হাসপাতাল

ডা. দীপ্তেন্দ্র সরকার জানান, আসানসোল জেলা হাসপাতাল যেভাবে চিকিৎসা দিয়ে আসছে ক্যানসার রোগীদের, তা নজিরবিহীন ।

ETV BHARAT
ক্যানসার চিকিৎসায় রাজ্যে 'সেরার সেরা' আসানসোল জেলা হাসপাতাল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 21, 2026 at 8:16 PM IST

4 Min Read
Choose ETV Bharat

আসানসোল, 21 ফেব্রুয়ারি: ক্যানসার চিকিৎসায় নজির গড়েছে আসানসোল জেলা হাসপাতাল । রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সরকারিভাবে এমন কথা জানানো হয়েছে । রাজ্যে যে মোট 28টি সরকারি হাসপাতালে এখন ক্যানসারের প্রাথমিক চিকিৎসা হচ্ছে, তার মধ্যে আসানসোল জেলা হাসপাতাল সেরা । এ কথা জানিয়েছেন রাজ্যের ক্যানসার সংক্রান্ত চিকিৎসার নোডাল অফিসার ডাক্তার দীপ্তেন্দ্র সরকার ।

শনিবার আসানসোল জেলা হাসপাতালে কঠিন মারণ রোগ ক্যানসার থেকে যাঁরা সেরে উঠেছেন কিংবা যাঁরা চিকিৎসার মধ্যে রয়েছেন সেই সমস্ত মানুষদের সাফল্যের গল্প নিয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল আসানসোল জেলা হাসপাতাল । সেখানেই উঠে আসে এই চিকিৎসা পদ্ধতির কথা এবং ভিডিয়ো কনফারেন্সিংয়ে পিজি হাসপাতাল থেকে ডা. দীপ্তেন্দ্র সরকার জানান, আসানসোল জেলা হাসপাতাল যেভাবে চিকিৎসা দিয়ে আসছে ক্যানসার রোগীদের, তা নজিরবিহীন জেলার অন্যান্য হাসপাতালের তুলনায় ।

ক্যানসার চিকিৎসায় রাজ্যে 'সেরার সেরা' আসানসোল জেলা হাসপাতাল (নিজস্ব ভিডিয়ো)

নজির সৃষ্টি আসানসোল জেলা হাসপাতালের

2023 সাল থেকেই রাজ্যে সরকারি হাসপাতালে ক্যানসার চিকিৎসা শুরু হয়েছিল । মূলত রাজ্য সরকার ভেবেছিল, চিকিৎসার বিকেন্দ্রীকরণ করলে আরও সাধারণ মানুষের কাছে চিকিৎসাকে পৌঁছে দেওয়া যাবে । সেই মতো 28টি সরকারি জেলা হাসপাতালে ক্যানসার চিকিৎসার জন্য স্পোক তৈরি করা হয় । যেখানে বায়োপ্সি থেকে শুরু করে অন্যান্য যাবতীয় পরীক্ষা হবে । শুধু তাই নয়, কেমোথেরাপি দেওয়া এবং অস্ত্রোপচার পর্যন্ত করা যাবে এই হাসপাতালগুলিতে ।

এই চিকিৎসা পদ্ধতিতেই আসানসোল জেলা হাসপাতাল এখনও পর্যন্ত ক্যানসার চিকিৎসায় রাজ্যের মধ্যে নজির সৃষ্টি করেছে । যেভাবে আসানসোল জেলা হাসপাতালে ক্যানসার চিকিৎসা পদ্ধতি চলছে, তাতে রাজ্যের অন্যান্য হাসপাতালের মধ্যে 'সেরা' তকমা পেয়েছে আসানসোল জেলা হাসপাতাল । এমন কথা জানিয়েছেন রাজ্যের ক্যানসার সংক্রান্ত চিকিৎসার নোডাল অফিসার ডা. দীপ্তেন্দ্র সরকার ।

বাড়ছে রোগীর সংখ্যা, বাড়ছে পরিষেবা

এই মুহূর্তে প্রায় 1750 জন রোগী আসানসোল জেলা হাসপাতাল থেকে বিনামূল্যে ক্যানসারের চিকিৎসা পাচ্ছেন । তাঁদের অনেকের জটিল অস্ত্রোপচারও করা হয়েছে আসানসোল জেলা হাসপাতালে । বিনামূল্যে কেমোথেরাপি চলছে । তবে এই সমস্ত রোগী শুধুমাত্র আসানসোলের নয়, আসানসোলের আশেপাশে বিভিন্ন জেলার প্রান্তিক অঞ্চল থেকেও এখানে রোগী আসেন । যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার প্রচুর রোগী আসানসোল জেলা হাসপাতালে আসেন ক্যানসার চিকিৎসার জন্য । এছাড়াও ঝাড়খণ্ডের নলা, দুমকা এমনকি দেওঘর থেকেও রোগীরা এসেছেন আসানসোল জেলা হাসপাতালে ক্যানসার চিকিৎসার কারণে ।

ETV BHARAT
আসানসোল জেলা হাসপাতাল (নিজস্ব চিত্র)

আসানসোল জেলা হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ ডা. অমিত মুখোপাধ্যায় জানিয়েছেন, "গত তিন বছরের পরিসংখ্যান যদি দেখা হয় তাহলে নতুন রোগী এসেছে যথাক্রমে 553 জন, 712 জন এবং 876 জন । এঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন ।"

ডা. অমিত মুখোপাধ্যায় আরও জানান, "আসানসোল জেলা হাসপাতালে ক্যানসার চিকিৎসা হচ্ছে একটা পুরো টিম গঠন করে । এর মধ্যে যেমন ক্যানসার বিশেষজ্ঞ আছেন, তেমনই তার সঙ্গে রয়েছেন শল্য চিকিৎসক ও অন্যান্য বিশেষজ্ঞরা । এছাড়াও ব্লাড ব্যাংক থেকে শুরু করে নার্সিং টিম এবং হাসপাতালের প্রশাসক সবাই মিলেই বিষয়টাকে এগিয়ে নিয়ে চলেছেন । না হলে এই সাফল্য আসতো না ।"

জটিল অস্ত্রোপচারে বিরাট সাফল্য

ক্যানসার বিশেষজ্ঞ অমিত মুখোপাধ্যায় বলেন, "রাজ্যের মধ্যে একমাত্র আসানসোল জেলা হাসপাতালেই ব্রেস্ট ট্রান্সপ্লান্ট সম্ভব হয়েছে । এছাড়াও জটিল অস্ত্রোপচার এমন অনেক হয়েছে, যা জেলা স্তরের হাসপাতালে ভাবা যায় না ।"

আসানসোল জেলা হাসপাতালের শল্য চিকিৎসক ডাক্তার অমিত গুপ্ত জানান, "আসানসোল জেলা হাসপাতাল থেকে আমরা প্যানক্রিয়াসে টিউমার অপারেশন করেছি, কিডনির ক্যানসারের অপারেশন করেছি, বাইল ডাক্টে ক্যানসার সংক্রমণের অপারেশন হয়েছে, ব্রেস্ট অপারেশন তো প্রচুর হয়েছে, এছাড়াও কোলন ক্যানসারের অপারেশন হয়েছে । আরও প্রচুর জটিল ধরনের অপারেশন আমরা জেলা হাসপাতালে করেছি । রোগীর পরিবারের লোকেরা আমাদের উপর ভরসা করেছেন । সে কারণে আমরা এগিয়ে যেতে পেরেছি । রাজ্যের অন্যান্য জেলা হাসপাতালে এই স্তরের অপারেশন এখনও পর্যন্ত হয় না । এমনকি মেডিক্যাল কলেজেও অনেক সময় এই অপারেশন করতে চায় না । আমরা তবুও এখানে ঝুঁকি নিয়ে মানুষজনের অপারেশন করেছি এবং তাঁদেরকে সুস্থ করে তুলেছি ।"

বাড়ছে দরিদ্র মানুষদের ভরসা

আসানসোল জেলা হাসপাতালের সুপার ডা. নিখিলচন্দ্র দাস জানিয়েছেন, "একটা দুর্ধর্ষ টিম ওয়ার্ক চলছে আসানসোল জেলা হাসপাতালের ক্যানসার ইউনিটে । তবে শুধু ক্যানসার নয়, এছাড়াও শিশু চিকিৎসা থেকে শুরু করে অস্থি চিকিৎসা এবং বিশেষ করে শল্য চিকিৎসায় আসানসোল জেলা হাসপাতাল নজির সৃষ্টি করেছে । আমাদের এখানে ক্যানসারে যে সমস্ত চিকিৎসা হয় কিংবা যে সমস্ত অস্ত্রোপচার আমাদের চিকিৎসকরা করেছেন জেলা হাসপাতাল স্তরে তো বটেই, অনেক মেডিক্যাল কলেজ হাসপাতালেও তা হয় না । প্রচুর রোগীর চাপ সত্ত্বেও আমরা মানুষকে পরিষেবা দিতে পারছি এবং দরিদ্র মানুষেরা ভরসা পাচ্ছেন জেলা হাসপাতালের উপরে ৷ এর থেকে আর বড় পাওয়া কিছু হতে পারে না ।"