সিকিমে প্রবল তুষারপাত ! আটকে প্রায় 3000 পর্যটক, উদ্ধারে সেনা-বিআরও
বুধবার সকাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে ৷ এখন বেস ক্যাম্পে থাকা পর্যটকদের গ্যাংটকে ফেরানোর কাজ চলছে ।

Published : February 25, 2026 at 2:07 PM IST
শিলিগুড়ি, 25 ফেব্রুয়ারি: সিকিমে প্রবল তুষারপাত ৷ সাদা বরফের চাদরে ঢেকেছে একাধিক জায়গা ৷ গত দু'দিনে প্রবল তুষারপাতের জেরে আটকে পড়েন প্রায় সাড়ে পাঁচশো গাড়ি-সহ তিন হাজার পর্যটক ৷ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে ভারতীয় সেনা ও সিকিম প্রশাসন ।
একদিকে, সমতলে শুষ্ক আবহাওয়া, অন্যদিকে পাহাড়ে ঠিক তার উলটো ছবি । সোম ও মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলা বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিপাত হয়েছে । আবার ওই দু'দিনে পূর্ব ও উত্তর সিকিমের জিরো পয়েন্ট, 15 মাইল, ছাঙ্গু লেক, নাথুলা, ইয়ুমথাং-সহ একাধিক জায়গায় প্রবল তুষারপাত হয় । প্রথমে সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা তুষারপাতে আনন্দ উপভোগ করছিলেন । কিন্তু কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই পরিস্থিতি বেগতিক হয়ে পড়ে ।
প্রবল তুষারপাতের জেরে প্রায় 2736 জন পর্যটক আটকে পড়েন । সড়কের পরিস্থিতি এতটাই ঝুঁকিপ্রবণ হয়ে যায় যে, গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়ে । এরপরই, গাড়ি চালকরা খবর দেয় সিকিম প্রশাসন ও ভারতীয় সেনাকে । খবর পাওয়ামাত্র ভারতীয় সেনা উদ্ধারকাজে নামে । সহযোগিতায় এগিয়ে আসে সিকিম প্রশাসন ও বর্ডার রোড অর্গানাইজেশন ।

সোমে আটকে পড়া পর্যটকের সংখ্যা
সোমবার প্রথমে ছাঙ্গু লেক থেকে ফেরার পথে আটকে পড়ে পর্যটক বোঝাই প্রায় 150টিরও বেশি গাড়ি । আবার অন্যদিকে, নাথুলা পাস থেকে ফেরার সময় আরও 150টি গাড়ি আটকে পড়ে । 300 গাড়িতে মোট 800 জনের কাছাকাছি পর্যটক ছিল ৷ তৎক্ষণাৎ অভিযানে নামে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস । প্রথমে সড়ক থেকে বরফ সরানোর কাজ শুরু করে ভারতীয় সেনা । তারপর ধীরে ধীরে গাড়িগুলোকে গন্তব্যে ফিরিয়ে আনার কাজ শুরু করা হয় । তবে আটকে থাকা পর্যটকদের মধ্যে 46 জনকে উদ্ধার করে আর্মি বেস ক্যাম্পে ফিরিয়ে আনা হয় । তাঁদের সেখানে প্রাথমিক চিকিৎসা, গরম কাপড় ও খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয় ।

মঙ্গলে আটকে পড়া পর্যটকের সংখ্যা
এদিকে, মঙ্গলবারও প্রবল তুষারপাত হয় সিকিমে । আবহাওয়া আরও বেশি খারাপ হয়ে যায় । নাথুলা পাস ও ছাঙ্গু লেক থেকে ফেরার পথে 15 মাইলে আবার প্রায় 300টি পর্যটক বোঝাই গাড়ি আটকে পড়ে । আটকে পড়েন প্রায় 2000-রও বেশি পর্যটকরা । প্রবল তুষারপাতের জেরে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা । খবর পেয়ে ফের অভিযানে নামে ভারতীয় সেনা । তুষারপাতের জেরে সড়ক পিচ্ছিল হয়ে যায় । এতে সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়ে ও তীব্র যানজটের সৃষ্টি হয় ।

ভারতীয় সেনার উদ্ধার কাজ
সেনার বিশেষ বরফ কাটার গাড়ি দিয়ে সড়ক থেকে বরফ সরিয়ে ধীরে ধীরে আটকে থাকা গাড়িগুলোকে নীচে নামিয়ে আনার কাজ শুরু হয় । প্রায় 1500 পর্যটকদের 15 মাইলের আর্মি বেস ক্যাম্পে নিয়ে আসা হয় । সেখানে তাঁদের রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয় । আর কিছু গাড়িকে বিকেল নাগাদই গ্যাংটকে ফেরার ব্যবস্থা করা হয় । বুধবার সকালে ফের আবহাওয়ার কিছুটা উন্নতি হলে বেস ক্যাম্পে থাকা পর্যটকদের গ্যাংটকে ফেরানোর কাজ শুরু হয় ।

সেনার বক্তব্য
ত্রিশক্তি কর্পসের কর্নেল গৌরব রাঠোর বলেন, "দু'দিন ধরে সিকিমে প্রবল তুষারপাত হয়েছে । এতে সোম ও মঙ্গলবার প্রচুর পর্যটক এবং প্রায় 500টিরও বেশি গাড়ি আটকে পড়ে । তবে সেনা জওয়ানরা দফায় দফায় আটকে থাকা গাড়িগুলোকে বরফ সরিয়ে গন্তব্যে ফেরাতে সক্ষম হয়েছে । শতাধিক পর্যটক আর্মি বেস ক্যাম্পে নিরাপদে রয়েছেন । বুধবার তাঁদেরও ফেরার ব্যবস্থা করা হয়েছে । চিন্তার কোনও কারণ নেই । সেনা জওয়ানরা এইধরনের পরিস্থিতির জন্য সবসময় তৎপর ।"

অন্যদিকে, সিকিম প্রশাসনের তরফে খারাপ আবহাওয়ায় ঝুঁকিপ্রবণ পর্যটক কেন্দ্র বেড়াতে যাওয়ার জন্য আপাতত এড়িয়ে চলতে বলা হয়েছে পর্যটকদের ৷



