ETV Bharat / state

হাইকোর্টের রক্ষাকবচের মাঝেই মেসি-কাণ্ডে ফের থানায় তলব অরূপ বিশ্বাসকে

তৃতীয় দফায় অরূপ বিশ্বাসকে মেসি-কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে ৷ যদিও 17 অগস্ট পর্যন্ত আদালতের রক্ষাকবচ রয়েছে তাঁর ৷

Aroop Biswas
মেসি-কাণ্ডে ফের তলব অরূপ বিশ্বাসকে (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 5, 2026 at 5:37 PM IST

2 Min Read
Choose ETV Bharat

সল্টলেক, 5 জুলাই: মেসি-কাণ্ডে এখনই রেহাই পাচ্ছেন না রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আবারও তলব করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ । আগামী 7 জুলাই অর্থাৎ মঙ্গলবার তাঁকে থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে । তদন্তের স্বার্থে তাঁর বক্তব্য এবং প্রয়োজনীয় নথি যাচাই করতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

গত বছরের 13 ডিসেম্বর আর্জেন্তিনার ফুটবল তারকা লিওনেল মেসি কলকাতা সফরে এসেছিলেন ৷ আর তাঁর সেই সফরকে কেন্দ্র করে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয় । ওই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত ৷ তাঁর অভিযোগ, মেসির সফরের জন্য মোট 70 হাজার টিকিট তৈরি করা হয়েছিল । যার মধ্যে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ক্ষমতার অপব্যবহার করে একাই 22 হাজার টিকিট নিয়ে নেন এবং তা কালোবাজারে চড়া দামে বিক্রি করা হয় ।

Aroop Biswas
কলকাতায় লিওনেল মেসির সঙ্গে অরূপ বিশ্বাস (ফাইল চিত্র)

এই মেসির অনুষ্ঠানের টিকিট কালোবাজারি, আর্থিক অনিয়ম ও প্রতারণা নিয়ে লিখিত অভিযোগ করেন শতদ্রু দত্ত ৷ পরবর্তীতে তাঁর অভিযোগের ভিত্তিতে বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । এই মামলার প্রেক্ষিতে পুলিশ ইতিপূর্বে একাধিকবার অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে থানায় ।

শুরুতে একাধিকবার হাজিরা এড়িয়ে গেলেও, কলকাতা হাইকোর্ট থেকে সুরক্ষাকবচ পাওয়ার পর গত 18 জুন প্রথমবার বিধাননগর দক্ষিণ থানায় হাজির হন অরূপ বিশ্বাস । সেদিন প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় তাঁকে । পরবর্তীতে গত 22 জুন দ্বিতীয় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিধাননগর দক্ষিণ পুলিশ ।

এদিকে আদালত আগামী 17 অগস্ট পর্যন্ত অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না-করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে ৷ তবে পুলিশকে তদন্ত প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট । তদন্তকারীদের মতে, পূর্ববর্তী জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যে অসঙ্গতি রয়েছে ৷ তা দূর করতে এবং চুক্তি ও প্রশাসনিক সিদ্ধান্তের নথি যাচাই করতেই 7 জুলাই ফের অরূপ বিশ্বাসকে থানায় তলব করা হয়েছে । আগামী মঙ্গলবার নির্দিষ্ট সময়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী থানায় হাজিরা দেন কি না, সেটাই এখন দেখার ।