টানা চার ঘণ্টা জেরা শেষে বাইরে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন অপরূপা ! কী বলছে পুলিশ
স্বামী মহম্মদ শাকির আলি জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হেফাজতে । তারই মধ্যে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় থানায় তৃণমূলের প্রাক্তন সাংসদ ৷

Published : July 3, 2026 at 2:04 PM IST
শ্রীরামপুর, 3 জুলাই: স্বামী মহম্মদ শাকির আলি জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হেফাজতে । তারই মধ্যে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় শুক্রবার শ্রীরামপুর থানায় হাজিরা দিলেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার । তাৎপর্যপূর্ণভাবে, এদিন আইনজীবীর পোশাকে থানায় এসেছিলেন তিনি ৷ প্রাক্তন তৃণমূল সাংসদের হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই থানা চত্বরে ছিল কড়া নিরাপত্তা । মোতায়েন করা হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ।
এদিকে টানা চার ঘণ্টা জেরার পর বিকেল 4.15 নাগাদ থানা থেকে বাইরে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন অপরূপা ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছু সময়ের জন্য জ্ঞানও হারান অপরূপা । পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় । যদিও তাঁর শারীরিক অবস্থার অবনতি কেন হল, সে বিষয়ে পুলিশ বা চিকিৎসকদের তরফে এখনও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি ।
তাঁর সঙ্গে থাকা আইনজীবীরা থানার সামনের রাস্তা থেকে একটি টোটোতে তুলে তাঁকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে ৷ তবে অসুস্থতার কারণে এদিন পুলিশি জিজ্ঞাসাবাদ নিয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি ৷ অন্যদিকে পুলিশ সূত্রে খবর, পুলিশের কাজে বাধা দানের অভিযোগে এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন । সূত্রের দাবি, জেরায় তদন্তকারীদের সামনে অপরূপা বিশেষ মুখ খোলেনি ৷
চন্দননগর পুলিশ কমিশনারের কমিশনার সুনীল কুমার যাদব বলেন মঙ্গলবার অপরূপা পোদ্দার পুলিশের কাজে বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে আজ শ্রীরামপুর থানায় ডাকা হয়। মূলত তাকে ওই দিনের ঘটনায় শনাক্তকরণের জন্য ডাকা হয়েছিল । প্রয়োজনে ফের জেরা করা হতে পারে ৷

অন্যদিকে অপরূপার অসুস্থতাকে 'নাটক' আখ্যা দিয়ে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষ বলেন, সত্যের সামনা সামনি হতে যাঁরা ভয় পায় তাঁরাই সাংবাদিকদের এড়িয়ে যায় । কিছু বলার ছিল না তাই বলেননি ।
এই মামলার সূত্রপাত মঙ্গলবারের ঘটনাকে ঘিরে । 2024 সালের রামনবমী-পরবর্তী হিংসার তদন্তে রিষড়ায় অপরূপা পোদ্দারের বাড়িতে তল্লাশি চালায় এনআইএ । প্রায় সাড়ে চার ঘণ্টার তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁর স্বামী তথা রিষড়া পুরসভার কাউন্সিলর মহম্মদ শাকির আলিকে । এনআইএ-র দাবি, তাঁর বাড়ি থেকে 20 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে এবং রামনবমী-পরবর্তী হিংসার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে ।

শাকির আলিকে নিয়ে যাওয়ার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ । অভিযোগ, সেই সময় বিক্ষোভকারীদের উস্কানি দিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করেছিলেন অপরূপা পোদ্দার । সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ।
ওই মামলায় বুধবার হাজিরার নির্দেশ দেওয়া হলেও সে দিন থানায় আসেননি অপরূপা । তিনি জানিয়েছিলেন, স্বামীকে এনআইএ আদালতে পেশ করায় সেই পরিস্থিতিতে থানায় হাজির হওয়া সম্ভব হয়নি । পরে তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় নতুন মামলা রুজু করে ফের নোটিশ পাঠায় চন্দননগর পুলিশ কমিশনারেট । সেই নোটিশ মেনেই শুক্রবার আইনজীবীকে সঙ্গে নিয়ে শ্রীরামপুর থানায় পৌঁছন তিনি । প্রায় দুপুর 11টা 52 মিনিট নাগাদ থানায় ঢুকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলেন ।

এর আগে এই মামলায় সমস্ত অভিযোগ অস্বীকার করে অপরূপা পোদ্দার বলেন, তিনি কোনওভাবেই পুলিশের কাজে বাধা দেননি । বিচারব্যবস্থার উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে এবং আইন মেনেই তিনি তদন্তে সহযোগিতা করবেন । থানায় যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "যা বলার, আইনের পথেই বলব।"
এদিকে শাকির আলির গ্রেফতারকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও তীব্র হয়েছে । স্থানীয় তৃণমূলের একাংশের অভিযোগ, পুরনো মামলাকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে । যদিও বিজেপির দাবি, তদন্ত সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই চলছে এবং এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ।
2023 সালের রামনবমী-পরবর্তী রিষড়ার অশান্তির তদন্তে এনআইএ-র সক্রিয়তার মধ্যেই শাকির আলির গ্রেফতার এবং পরপর অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে । এখন নজর তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে ।

