ETV Bharat / state

মামলায় হারলে কোথায় বসবে সোনাঝুরির হাট ? জানিয়ে দিলেন অনুব্রত

শুরু হল রাজ্য হস্তশিল্প মেলা । চলবে 26 জানুয়ারি পর্যন্ত । হস্তশিল্প মেলা থেকে সোনাঝুরির হাটের স্থান পরিবর্তনের কথা বলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও ।

Anubrata Mondal
সোনাঝুরির হাটের স্থান পরিবর্তনের ঘোষণা অনুব্রত মণ্ডলের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 11, 2026 at 12:29 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বোলপুর, 11 জানুয়ারি: 20 জানুয়ারি 'বেআইনি' শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলের খোয়াই হাট মামলার চূড়ান্ত শুনানি রয়েছে জাতীয় পরিবেশ আদালতে । সেই মামলায় হেরে গেলে সোনাঝুরির হাটের স্থান পরিবর্তন করে বিশ্ব ক্ষুদ্র বাজারে করা হবে ৷ এমনটাই শনিবার ঘোষণা করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ।

বোলপুরের শিবপুরে 51 একর জায়গা জুড়ে রয়েছে বিশ্ব ক্ষুদ্র বাজার ৷ ক্ষুদ্র-মাঝারি কুটির ও বস্ত্র বয়ন দফতরের উদ্যোগে 10 জানুয়ারি থেকে এখানে শুরু হয়েছে রাজ্য হস্তশিল্প মেলা । মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি কুটির ও বস্ত্র বয়ন দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ । ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, বীরভূমের জেলাশাসক ধবল জৈন, মহকুমা শাসক অনিমেষকান্তি মান্না-সহ অন্যান্য আধিকারিকেরা ।

মামলায় হারলে কোথায় বসবে সোনাঝুরির হাট ? জানিয়ে দিলেন অনুব্রত (ইটিভি ভারত)

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, "আমি মন্ত্রীকে বলব, সোনাঝুরির হাট যেন সপ্তাহে দুই দিন বসে । আর বাকি দুই দিন বিশ্ব ক্ষুদ্র বাজারে বসবে ।" পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, "সোনাঝুরির হাট নিয়ে মামলায় যদি আমরা হেরে যাই, হাট বিশ্ব ক্ষুদ্র বাজারে বসবে ।"

উল্লেখ্য, শান্তিনিকেতনে পর্যটকদের মূল আকর্ষণ হল সোনাঝুরির জঙ্গলে খোয়াই হাট । বন দফতরের জায়গায় ব্যবসায়িক হাট সম্পূর্ণ বেআইনি ৷ তার উপর যথেচ্ছ প্লাস্টিকের ব্যবহার ৷ জঙ্গলের মধ্যে ছোট ছোট গাছ মারিয়ে দিয়ে ঢুকে পড়ছে চারচাকা গাড়ি ৷ তাই হাটটি 'বেআইনি' এই মর্মে জাতীয় পরিবেশ আদালতে মামলা করেছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত ।

Sonajhuri haat
সোনাঝুরির হাট (নিজস্ব ছবি)

আদালত আগেই বন দফতর ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে হাট নিয়ে হলফনামা চেয়েছিল ৷ সেই হলফনামায় কার্যত হাট যে 'বেআইনি' তার উল্লেখ রয়েছে । সরকারের কোন দফতরের অনুমতিতে বসে এই সোনাঝুরির খোয়াই হাট ? তার কোনও সদুত্তর দিতে পারেনি রাজ্য সরকারের কোনও দফতর ।

Sonajhuri haat
সপ্তাহে দু'দিন বসে সোনাঝুরির হাট (নিজস্ব ছবি)

জাতীয় পরিবেশ আদালতে এই মামলার চূড়ান্ত শুনানি রয়েছে 20 জানুয়ারি । যদি, আদালত থেকে হাট বন্ধের নির্দেশ আসে, তার জন্য আগাম প্রস্তুত রাজ্য সরকার ৷ রাজ্যের ক্ষুদ্র-মাঝারি কুটির ও বস্ত্র বয়ন দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "রায় কী আসে দেখি ৷ আমরা প্রস্তুত আছি ৷ আর সোনাঝুরি হাটের ব্যবসায়ীদের পাশে আছি ৷ ওদের ঠিক একটা ব্যবস্থা করে দেওয়া হবে ।" এক কথায় শান্তিনিকেতনের সোনাঝুরির খোয়াই হাটের ভবিষ্যৎ এখন আদালতে রায়ের উপর নির্ভর করছে ৷

Anubrata Mondal
রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন বোলপুরে (নিজস্ব ছবি)

এদিকে বিশ্ব ক্ষুদ্র বাজারে শুরু হওয়া রাজ্য হস্তশিল্প মেলা চলবে 26 জানুয়ারি পর্যন্ত । যে কেউ দুপুর 1টা থেকে রাত সাড়ে 8টা পর্যন্ত এই মেলায় আসতে পারবেন ৷ এবার রাজ্যের প্রায় সব'কটি জেলা থেকেই স্টল বসছে মেলায় ৷ প্রত্যেক জেলার নদীর নামে স্টলের নামকরণ করা হয়েছে । প্রায় 400 শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে মেলায় ৷ কাঠ, ডোকরা, বাটিক, বুটিক, কাথাঁস্টিচ, চর্ম, বেত, বাঁশ, পুঁতি, ব্রোঞ্জ প্রভৃতি দিয়ে তৈরি নানান শিল্প সামগ্রী শোভা পাচ্ছে মেলায় ৷ মেলায় আসার জন্য বিশেষ বাসের ব্যবস্থাও রয়েছে । এছাড়া, এই মেলা থেকে অনলাইনেও কেনাকাটা করার ব্যবস্থা রয়েছে ।

Anubrata Mondal
বিশ্ব ক্ষুদ্র বাজারে বসেছে রাজ্য হস্তশিল্প মেলা (নিজস্ব ছবি)

যদিও গত বছর রাজ্য হস্তশিল্প মেলায় প্রায় 385 জন শিল্পী অংশ নিয়েছিলেন ৷ প্রায় 1 কোটি 75 লক্ষ টাকার বিকিকিনি হয়েছিল ৷ এবার 2 কোটি টাকার বেশি বিকিকিনির আশা শিল্পীদের ৷