'নারী চরিত্র বেজায় জটিল' মুক্তির আগেই ছবির কাট আউট ভাঙচুর, ক্ষুব্ধ অঙ্কুশ
নবীনা সিনেমা হলের বাইরে অঙ্কুশ-ঐন্দ্রিলার কাট আউটে ভাঙচুরের খবর প্রকাশ্যে এল। রিলিজের আগের দিন এহেন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অঙ্কুশ।

Published : January 8, 2026 at 11:08 PM IST
কলকাতা, 8 জানুয়ারি: 9 জানুয়ারি শুক্রবার মুক্তি পাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত বাংলা ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’। ছবির প্রোমোশনে বেশ কিছুদিন ধরেই ব্যস্ত অঙ্কুশ-ঐন্দ্রিলা। ছবি নিয়ে জনতার আগ্রহের পারদও বেশ ঊর্ধ্বগামী। এর মাঝেই ঘটল এক অনভিপ্রেত ঘটনা। নবীনা সিনেমা হলের বাইরে অঙ্কুশ-ঐন্দ্রিলার কাট আউটে ভাঙচুরের খবর প্রকাশ্যে এল। রিলিজের আগের দিন এহেন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অঙ্কুশ।
ইটিভি ভারত যোগাযোগ করে অঙ্কুশের সঙ্গে। তিনি বলেন, "কয়েকজন মুখে মাস্ক পরে এই কাজ করেছে। এরা কারা তো বোঝা যাচ্ছে না। কিন্তু ফুটেজ আছে আমাদের কাছে। ওরা লাঠি দিয়ে পিটিয়ে ভেঙেছে আমাদের কাট আউট। মাস্ক পরে এসেছে মানে ইচ্ছাকৃতভাবেই ভেঙেছে ওরা। আমি এর শেষ দেখে ছাড়ব।"
অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত এই রোম্যান্টিক, কমেডি সিনেমার টিজার-ট্রেলার দর্শকের মনে ধরেছে তার প্রমাণ সোশ্যাল মিডিয়াতেই রয়েছে। ছবির গান 'কাঁটা ফুটেসে' শুরুর দিনই ভাইরাল হয়েছে। রিল বানাচ্ছে নানা বয়সের মানুষজন। কিন্তু ছবি মুক্তির আগের দিন এহেন ঘটনায় ক্ষোভের আগুনে জ্বলছেন অঙ্কুশ। তিনি এর শেষ দেখে ছাড়বেন।
খবর, দক্ষিণ কলকাতার ওই প্রেক্ষাগৃহের বাইরে ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর 30 ফুট দৈর্ঘ্যের একটি কাট আউট রাখা ছিল। সেই কাট আউটে ছিল অঙ্কুশ-ঐন্দ্রিলার সিনেমার লুক। এই মুহূর্তে সেটি ভাঙাচোরা অবস্থায় রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই সোশাল মিডিয়ায় শেয়ার করে গর্জে উঠেছেন অঙ্কুশ। কারা করল এরকম তার খোঁজ পেতেই পুলিশের দ্বারস্থ অঙ্কুশ।
অঙ্কুশ সামাজিক মাধ্যমে লিখেছেন, “মানুষ মানুষের ক্ষতি করে কি আনন্দ পায় কে জানে? ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর 30 ফুটের কাট আউট এইভাবে নষ্ট করে দেওয়া হলো নবীনা সিনেমাহলের সামনে। অবাক লাগে ভাবলে, কোন জগতে আমরা বসবাস করছি?”
তবে, এই ঘটনা এই প্রথম নয়। এর আগেও টলিপাড়ায় সিনেমা মুক্তির প্রাক্কালে পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই এহেন ‘থ্রেট কালচার'-এর বিরুদ্ধে টলিপাড়ার প্রযোজক, পরিচালক, ফেডারেশন, ইম্পা একজোট হয়ে লালবাজারে লিখিত অভিযোগ জমা দেয়। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই এহেন কাণ্ড সাড়া ফেলেছে টলিপাড়ায়।

