শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে কলকাতায় শাহ ! 125 ফুট মূর্তির শিলান্যাস-সহ একাধিক কর্মসূচি
ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতার পৈতৃক বাড়িতে শ্রদ্ধার্ঘ্য, ভবানীপুর থেকে ইকো পার্ক হয়ে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে জাতীয় উদযাপন- বাংলায় ব্যস্ত সূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷

Published : July 4, 2026 at 6:38 PM IST
কলকাতা, 4 জুলাই: ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আবারও কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আগামী 6 জুলাই, সোমবার একদিনের ঝটিকা সফরে শহরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি । ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন থেকে শুরু করে নিউটাউনের ইকো পার্কে তাঁর 125 ফুট উচ্চতার প্রস্তাবিত মূর্তির শিলান্যাস এবং বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে জাতীয় উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকা- গোটা বিকেল জুড়েই ব্যস্ত কর্মসূচি রয়েছে শাহের ।
সরকারি সূচি অনুযায়ী, সোমবার দুপুর 1.25 মিনিটে দিল্লির 6এ, কৃষ্ণ মেনন মার্গ-এর সরকারি বাসভবন থেকে পালাম বিমানঘাঁটির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ । সেখান থেকে বেলা 1.50 মিনিটে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন ৷ বিকেল 3টা 50 মিনিটে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর ।
বিমানবন্দর থেকে প্রথমেই তিনি যাবেন ভবানীপুরের 77, আশুতোষ মুখার্জি লেনে, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে । সেখানে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব ।
ভবানীপুরের কর্মসূচি শেষ করে শাহের পরবর্তী গন্তব্য নিউটাউনের ইকো পার্ক । বিকেল 4.50 মিনিট থেকে বিকেল 5.10 মিনিট পর্যন্ত সেখানে তিনি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট উঁচু এক বিশাল মূর্তি নির্মাণের ভূমিপূজা ও শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেবেন।
ইকো পার্কের অনুষ্ঠান শেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছবেন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে । সেখানে ড. শ্যামাপ্রসাদের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত ন্যাশনাল সেলিব্রেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি । বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধি ও কর্মীদের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে শ্যামাপ্রসাদের জীবন, আদর্শ ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে ।
সেখান থেকে সন্ধে 7টায় সরাসরি কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন এবং 7.15 মিনিটে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি ফিরে যাবেন তিনি ।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, পালাবদলের বাংলায় পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক কর্মসূচিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কেন্দ্র করে জনসংযোগের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে । সেই প্রেক্ষাপটে অমিত শাহের এই সফর নিছক একটি স্মরণানুষ্ঠানে অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বাংলায় দলের রাজনৈতিক বার্তা আরও জোরালো করার কৌশলেরও অংশ হতে চলেছে । যদিও এ বিষয়ে বিজেপির বক্তব্য, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই সফরের মূল লক্ষ্য ।

