ফের উত্তপ্ত ভাঙড় ! তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর, অভিযুক্ত শওকত মোল্লার ঘনিষ্ঠরা
কাইজার আহমেদ গুরুত্বপূর্ণ নথি লোপাটের অভিযোগ করেছেন ৷ যদিও শওকত মোল্লার দাবি, এই ঘটনার সঙ্গে তাঁর বা অনুরাগীদের কোনও যোগ নেই ৷

Published : October 26, 2025 at 12:36 PM IST
ভাঙড়, 26 অক্টোবর: বিধানসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় । ঘটকপুকুরে তৃণমূল নেতা কাইজার আহমেদের অফিস ভাঙচুরের অভিযোগ ৷ এই কাইজার আহমেদ শওকত মোল্লা বিরোধী বলে পরিচিত এলাকায় ।
স্থানীয় সূত্রে খবর, তৃণমূল নেতা জাহাঙ্গির খান জয়নগরের একটি সভা থেকে সম্প্রতি জানান, তিনি জয়নগর, যাদবপুর, ডায়মন্ডহারবার লোকসভা এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি বিধানসভার দায়িত্ব পেয়েছেন । তাঁর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান তিনি । এই সভার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কাইজার আহমেদ এবং তাঁর অনুগামীরা আতশবাজি জ্বালিয়ে ও মিষ্টিমুখ করে উদযাপন করেন শনিবার ।
অভিযোগ, তাঁরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই একদল দুষ্কৃতী এসে কাইজার আহমেদের ঘটকপুকুরের পার্টি অফিসে ভাঙচুর চালায় । দুষ্কৃতীরা শওকত মোল্লার ঘনিষ্ঠ লোকজন বলে অভিযোগ । এরপরেই ভাঙড় থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । বর্তমানে কাইজার আহমেদের পার্টি অফিস ঘিরে রেখেছে পুলিশ বাহিনী ।
তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন, "বেশ কয়েকজন দুষ্কৃতী হঠাৎ করে আমার দলীয় কার্যালয়ে হামলা চালায় । হামলা চালিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে দিয়েছে । এর পাশাপাশি বেশকিছু গুরুত্বপূর্ণ নথি তারা লুট করেছে । সম্পূর্ণ বিষয় পুলিশকে জানানো হয়েছে । পুলিশ প্রশাসনের উপর আমাদের ভরসা রয়েছে ৷ দোষীরা গ্রেফতার হবে ।"
ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শওকত মোল্লা বলেন, "গতকালের ঘটনা অত্যন্ত নিন্দনীয় । তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার সঙ্গে আমার এবং আমার অনুগামীদের কোনও যোগ নেই । আমরা চাই পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তারা কার অনুগামী না দেখে আইনানুগ ব্যবস্থা নিক । আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই ।"
ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল বলেন, "গতকাল রাতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনার খবর পাই । ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে যায় পুলিশ । কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ ।"
অশান্তি লেগেই রয়েছে ! পুজোর আগে ভাঙড়ে নতুন 4 থানা সক্রিয় করতে চাইছে লালবাজার

