ETV Bharat / state

দেদার চলছে জাল পেট্রল তৈরি-বিক্রি, মারাত্মক অভিযোগ উঠলেও নীরব প্রশাসন !

এই ভেজাল পেট্রল তৈরিতে জড়িত কয়েকজনের নামও সামনে এসেছে ৷ তারা সবাই বিহার লাগোয়া ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের খোপাকাঠি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

Adulterated petrol
ভেজাল পেট্রল তৈরির অভিযোগ হরিশ্চন্দ্রপুরে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 7, 2026 at 8:14 PM IST

4 Min Read
Choose ETV Bharat

মালদা, 7 জুলাই: এবার জাল পেট্রল কারবারের অভিযোগ উঠেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে ৷ অভিযোগ, বিহার থেকে রাসায়নিক ও সাদা তেল এনে কেরোসিনের সঙ্গে মিশিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল পেট্রল ৷ এরপর আসল পেট্রলের সঙ্গে মিশিয়ে তা বিক্রি করা হচ্ছে সাধারণ মানুষকে ৷ আরও অভিযোগ, এলাকার কিছু পেট্রল পাম্পেও এই ভেজাল তেল বিক্রি চলছে ৷

এই মারাত্মক অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়েছে হরিশ্চন্দ্রপুর জুড়ে ৷ বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছেন সবাই ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, এনিয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ দায়ের হলেই যথাযথ তদন্ত শুরু হবে ৷

দেদার চলছে জাল পেট্রল তৈরি-বিক্রি ! (নিজস্ব ভিডিয়ো)

এর আগে হরিশ্চন্দ্রপুরে জাল হলুদ তৈরির ঘটনা ধরা পড়েছে ৷ ধরা পড়েছে জাল চিকিৎসকের কার্যকলাপ ৷ সেসব ঘটনায় উপযুক্ত পদক্ষেপ নিয়েছে প্রশাসন ৷ এরই মধ্যে রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে ৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার যে কোনও অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে ৷ সেই আবহেই হরিশ্চন্দ্রপুরে এবার উঠে এসেছে জাল পেট্রল বিক্রির অভিযোগ ৷ এলাকাবাসীর প্রশ্ন, এই জাল পেট্রল ব্যবহার করে যানবাহনের ক্ষতি হচ্ছে ৷ প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ ৷ কিন্তু প্রশাসনের কাছে কি এর কোনও খবর নেই? যদি না থাকে তবে পুলিশের গোয়েন্দা বিভাগ কী করছে?

Adulterated petrol
জাল পেট্রল (নিজস্ব ছবি)

এলাকার বাসিন্দা তাজাবুল হক বলেন, "আমরা আগেই শুনেছি, এলাকায় জাল পেট্রল তৈরি হচ্ছে ৷ জাল পেট্রল ব্যবহার করলে গাড়ির সমস্যা হবে ৷ যে গাড়ি 10 বছর চলত, সেই গাড়ি দু'বছর চলবে ৷ ইঞ্জিন নষ্ট হয়ে যাবে ৷ জাল পেট্রলে গাড়ি চালালে গতি ওঠানামা করে ৷ গাড়ি চলতে চলতে বারবার বন্ধ হয়ে যায় ৷ এই ভেজাল পেট্রল দেখতে একেবারে আসলের মতোই ৷ বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখা উচিত ৷ আমরা চাই, প্রশাসন ভেজাল পেট্রল বিক্রি বন্ধে উপযুক্ত পদক্ষেপ করুক ৷ কেরোসিনের সঙ্গে সাদা তেল আর রাসায়নিক মিশিয়ে এই ভেজাল পেট্রল তৈরি করা হচ্ছে ৷ তার পর 10 লিটার আসল পেট্রলের সঙ্গে পাঁচ লিটার ভেজাল তেল মেশানো হচ্ছে ৷ ভেজাল তেলের গন্ধ কেরোসিনের মতো ৷"

স্থানীয় বিজেপি নেতা ওমপ্রকাশ ঘোষও বিষয়টি নিয়ে নিজের আশঙ্কা প্রকাশ করেছেন ৷ তিনি বলেন, "এর আগেও আমরা অভিযোগ পেয়েছি, এলাকায় নকল পেট্রল তৈরি হচ্ছে ৷ আজ নিজের চোখে ভেজাল পেট্রল দেখলাম ৷ কেরোসিনের মতো গন্ধ বেরোচ্ছে, অথচ দেখতে একেবারে পেট্রল ৷ কীভাবে এই পেট্রল তৈরি হচ্ছে তা পাম্প মালিক আর দোকানের মালিকরাই বলতে পারবে ৷ এখানে দোকানেও পেট্রল বিক্রি হয় ৷ যারা এই ভেজাল পেট্রল তৈরি করছে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি ৷ আমাদের সরকার যে কোনও অনৈতিক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে ৷ এক্ষেত্রেও অভিযোগ পেলে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে ৷"

Adulterated petrol
ভেজাল পেট্রল বিক্রির অভিযোগ (নিজস্ব ছবি)

এনিয়ে বর্তমান সরকারের পদক্ষেপের উপর ভরসা করছেন এলাকার তৃণমূল নেতা বুলবুল খানও ৷ তিনি বলছেন, "এর আগে বিষয়টি শুনেছিলাম ৷ আজ দেখলাম ঘটনাটি সত্যি ৷ বর্তমানে আমাদের সরকার যে কোনও বেআইনি কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে ৷ এই ঘটনাটিও নিশ্চিতভাবে প্রশাসন দেখবে৷ ভেজাল পেট্রল গাড়িতে ভরা হলে একদিকে যেমন দূষণ বাড়বে, তেমনই যানবাহন নষ্ট হবে ৷ তাই প্রশাসনের কাছে আমার আবেদন, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হোক ৷"

এই বেআইনি কাজকর্মে জড়িত কয়েকজনের নামও সামনে এসেছে ৷ তারা সবাই হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিহার লাগোয়া ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের খোপাকাঠি এলাকার বাসিন্দা ৷ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জেলা পুলিশের এক আধিকারিক বলেন, "এনিয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি ৷ অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷ তবু আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছি ৷"