SIR-ইস্যুতে অধীরের দ্বারস্থ মতুয়ারা, পাশে দাঁড়ানোর আশ্বাস কংগ্রেস নেতার
অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রতিনিধিরা অধীর চৌধুরীর দ্বারস্থ হলেন ৷ পাল্টা পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ৷

Published : November 9, 2025 at 8:56 PM IST
নয়াদিল্লি/কলকাতা, 9 নভেম্বর: নাগরিকত্ব ও SIR ইস্যুতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রতিনিধিরা রবিবার দিল্লিতে পৌঁছন ৷ সেখানে তাঁরা সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দেখা করে তাঁদের সমস্যা ও আতঙ্কের কথা জানান। পাল্টা পাশে দাঁড়ানোর আর্জি জানান ও সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের কাছে বিষয়টি তুলে ধরার আবেদনও করেছেন অধীর বলে, সূত্রের দাবি।
অধীর রঞ্জন চৌধুরী তাঁদের আতঙ্কিত না-হওয়ার বার্তা দেন। আশ্বস্ত করেছেন যে তিনি এই বিষয়টি নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। তাঁদের লড়াইকে এগিয়ে নিয়ে যাবেন এবং সব রকম প্রচেষ্টা চালাবেন। মতুয়া মহাসংঘের একাংশের অভিযোগ, ভোটার তালিকা পর্যালোচনার নামে সম্প্রদায়ের মানুষের নাগরিকত্ব নিয়ে অযথা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
অধীর রঞ্জন চৌধুরী বলেন, "রাস্তা, প্রশাসন এবং আদালত ৷ কোনও পথই আমরা বাদ রাখব না। আপনারা আতঙ্কিত হবেন না, আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করবই।" এর আগে আগেই চৌধুরীর মধ্যস্থতায় মতুয়াদের একটি প্রতিনিধি দল বিহারে রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাত করেছিলেন। আজ তাঁরা আবার অধীরবাবুর কাছে পৌঁছন এবং সহযোগিতা চেয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে একটি আবেদনপত্র প্রদান করেন।
অন্যদিকে, গতকাল অধীর রঞ্জন চৌধুরী বাংলার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন। তাতে, এসআইআর ফর্ম পূরণ করতে সমস্যায় পড়া নাগরিকদের সহায়তা করার জন্য রাজ্য জুড়ে পর্যাপ্ত কর্মী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। কারণ, অধীরের অভিযোগ, মুর্শিদাবাদ-সহ বাংলার অন্যান্য জেলায় SIR ফর্মগুলি পূরণে নিরক্ষর এবং সুবিধাবঞ্চিতরা দুর্দশার মধ্যে পড়েছেন। কারণ, বাংলার প্রায় 5 জনের মধ্যে একজন নিরক্ষর। সব মিলিয়ে দুই কোটিরও বেশি নাগরিকের সহায়তার প্রয়োজন হতে পারে।
শাসকদলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা 'সহায়তার জন্য টাকা নিচ্ছে। যা নৈতিকভাবে নিন্দনীয় এবং অমানবিক।' তাই, প্রতিটি ভোটকেন্দ্র এবং প্রশাসনিক ইউনিটে তত্ত্বাবধানের সহায়তা বুথ স্থাপনের জন্য দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতাসীন দল এসআইআর-এর নামে ভয় তৈরি করেছে। এবং সমাজের দরিদ্রতম অংশকে শোষণ করার জন্য সেই ভয়কে অপব্যবহার করছে।
অন্যদিকে, দিন কয়েক আগে নির্বাচন কমিশনের এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ তুলে TMC সাংসদ মমতা বালা ঠাকুরের নেতৃত্বে মতুয়া সম্প্রদায়ের একটা অংশ অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগরে এই অনশনে বসেন তাঁরা ৷ রাজনৈতিক মহলে জল্পনা, এই আমরণ অনশন কর্মসূচি রাজ্যের আগামী ভোট-রাজনীতিতে মতুয়া প্রশ্নের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

