ETV Bharat / state

দিল্লি-কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মালদার বায়ুদূষণ ! বাতাসে মিলল মাইক্রো প্লাস্টিক

মালদা শহরের বাতাসে দূষণের মাত্রা তিনশো ছাড়লো ৷ জেলা প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ ৷

AIR POLLUTION IN MALDA
মালদার বায়ুদূষণ ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 12, 2025 at 9:37 PM IST

4 Min Read
Choose ETV Bharat

মালদা, 12 ডিসেম্বর: ডিসেম্বরের মাঝামাঝি ৷ শীতের দাপট শুরু হয়ে গিয়েছে উত্তর ভারতে ৷ পাল্লা দিয়ে সেখানে বাড়ছে বায়ুদূষণ ৷ দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ছাড়িয়েছে চারশোর ঘর ৷ গুরুগ্রামে দূষণের মাত্রা সাড়ে তিনশো পার করেছে ৷ পশ্চিমবঙ্গে শিল্পাঞ্চল দুর্গাপুর কিংবা আসানসোলেও বায়ু দূষণের মাত্রা যথেষ্ট উদ্বেগজনক ৷ শুক্রবার দুর্গাপুরে একিউআই ছিল 216 ও আসানসোলে 205 ৷ কলকাতায় এদিন একিউআই তিনশোর গণ্ডি পেরিয়েছে ৷ এবার সেই দূষণের পাল্লায় মালদা শহর ৷

বৃহস্পতিবার রাতে মালদা শহরের সরকারি বোর্ডে একিউআই দেখা গিয়েছে 280 ৷ শুক্রবার সকালে ওই বোর্ডে শহরের একিউআই ছিল 217 ৷ আর দুপুর সাড়ে 12টায় মালদা শহরের একিউআই দেখিয়েছে 303 ৷ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদ এবং শহরবাসী ৷ কিন্তু, এ নিয়ে জেলা প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ উঠেছে ৷ বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে রাজি নন কোনও সরকারি আমলা ৷

AIR POLLUTION IN MALDA
মালদা শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স 207 ৷ (নিজস্ব ছবি)

শুধুমাত্র অতিরিক্ত শিল্প-কারখানা কিংবা যানবাহন থেকে নির্গত ধোঁয়া নয়, বিভিন্ন কারণেই কোনও এলাকায় বায়ুদূষণের মাত্রা বাড়ে ৷ মালদা জেলায় ভারী শিল্প বলতে প্রায় কিছুই নেই ৷ যানবাহনের সংখ্যাও দিল্লি, কলকাতা কিংবা অন্যান্য বড় শহরের মতো নয় ৷ তাহলে কী কারণে এই শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছে ?

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্তা বলছেন, "বিভিন্ন কারণেই বায়ুদূষণ বাড়তে পারে ৷ কলকারখানা কিংবা যানবাহন তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে বাতাসে ধুলোবালির পরিমাণ, যথেচ্ছ ইটভাটা, এমনকি বেহিসাবি ক্যারিবাগের ব্যবহারও ৷ অনেকে ভাবতে পারেন, প্লাস্টিক ক্যারিব্যাগের সঙ্গে বাতাসের সম্পর্ক কী ? কিন্তু সূর্যের আলোয় এই ক্যারিব্যাগ থেকেই বাতাসে ছড়িয়ে যেতে পারে প্লাস্টিক কণা ৷ যেটা মানব শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক ৷"

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান অরিজিৎ দাস বলছেন, "আমরাও লক্ষ্য করেছি, মালদা শহরের বায়ুদূষণ দিন-দিন বেড়ে চলেছে ৷ এই শহরের বায়ুদূষণ বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হল, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বেড়ে যাওয়া ৷ বিশেষ করে পিএম 2.5 এবং পিএম 10 এই দূষণের প্রধান কারণ ৷ যানবাহন থেকে বেরোনো ধোঁয়া, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, ভবন নির্মাণের সময় বাতাসে মিশে যাওয়া ধুলিকণা, বিভিন্ন উৎসবে বাজি পোড়ানোর ধোঁয়া, ইট ভাটা থেকে নির্গত ধোঁয়া দূষণ বাড়িয়ে তুলছে ৷ এর সঙ্গে রয়েছে ধানের গোড়া পোড়ানোর মতো ঘটনা ৷ শীতকালে বাতাসের পরিমাণ খানিকটা কম থাকে ৷ আপেক্ষিক আর্দ্রতাও কম ৷ ফলে এসব কণা ধোঁয়াশা তৈরি করে ৷ দূষণের পরিমাণও বাড়তে থাকে ৷"

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মালদার বাতাসে বিপজ্জনক মাত্রায় মাইক্রো প্লাস্টিকের সন্ধান মিলেছে ৷ এই মাইক্রো প্লাস্টিক ফুসফুসের নানাবিধ রোগ থেকে শুরু করে যক্ষার সংক্রমণও বাড়িয়ে দেয় ৷ তবে, শুধু ফুসফুসজনিত রোগ নয়, বেড়ে যাচ্ছে ডায়াবেটিস রোগীদের সংখ্যাও ৷ বিশেষ করে টাইপ-2 ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ ৷ শিশুরাও এই দূষণে আক্রান্ত হচ্ছে ৷ দেখা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে মালদা শহরে শ্বাসকষ্ট, হৃদরোগ, অ্যাজমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে লোকজন ৷ বায়ুদূষণ এসব রোগের প্রাদুর্ভাবের অন্যতম বড় কারণ বলে জানাচ্ছে জেলা স্বাস্থ্য দফতর ৷

মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি এই নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন ৷ তিনি বলেন, "বাতাসের একিউআই দু’শোর বেশি উঠে যাওয়া বাস্তবিকই ভয়াবহ ৷ মালদার বাতাসে মাইক্রো প্লাস্টিকের সন্ধানও মিলেছে ৷ শীত শুরু হতেই সর্দি, কাশি-সহ বিভিন্ন ধরনের রোগ নিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলিতে বহু মানুষ আসতে শুরু করেছেন ৷ যেসব রোগের অন্যতম প্রধান কারণ বায়ুদূষণ ৷ কিন্তু, আমরা দূষণ রোধ করতে পারি না ৷ এর জন্য আলাদা দফতর রয়েছে ৷ কিন্তু আমার মনে হয়, কোনও দফতরের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয় ৷ দূষণ রোধ করতে হলে একাধিক দফতরকে একসঙ্গে কাজ করতে হবে ৷ আশা করি, জেলাশাসক এই নিয়ে নিশ্চয়ই কোনও পদক্ষেপ করবেন ৷"

কিন্তু, বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের যে কোনও হেলদোল রয়েছে, তার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না ৷ এই নিয়ে সরাসরি মুখ খুলতে রাজি হননি কোনও আমলাও ৷ জেলাশাসককে একাধিকবার ফোন করা হলেও, এদিনও তিনি ফোন ধরেননি ৷ এতেই দূষণ রোধে জেলা প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷