ETV Bharat / state

'জিহাদ হবে !' ফের হুমকি ই-মেলে পোস্ট অফিসে বোমাতঙ্ক, স্তব্ধ পরিষেবা

পর পর দু'দিন পোস্ট অফিসে হুমকি ই-মেল ঘিরে প্রশ্ন উঠছে, কারা এই হুমকি ই-মেল পাঠাচ্ছে, পুলিশ কেন তাদের আইপি অ্যাড্রেস ট্রেস করতে পারছে না ?

hooghly
পোস্ট অফিসে বোমাতঙ্কের ই-মেল (নিজস্ব চিত্র৷)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 27, 2026 at 3:54 PM IST

|

Updated : February 27, 2026 at 6:11 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হুগলি, 27 ফ্রেব্রুয়ারি : 24 ঘণ্টার ব্যবধানে ফের পোস্ট অফিসে হুমকি ই-মেল ৷ ফলে আবারও স্তব্ধ পরিষেবা ৷ হুগলির চুঁচুড়া সদর পোস্ট অফিস ও শ্রীরামপুর মহকুমা পোস্ট অফিসের পাশাপাশি এদিন হুমকি ই-মেল এসেছে পূর্ব বর্ধমানের জেলা সদর বর্ধমানের হেড পোস্ট অফিস-সহ একাধিক ডাক ঘরেও । সূত্রের খবর, শুক্রবার সকালে আসা হুমকি ই-মেলে 'জেহাদের তত্ত্ব' তুলে লেখা হয়েছে, 'আজ পবিত্র শুক্রবার আসল জিহাদ হবে !'

যা দেখে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ দ্রুত পোস্ট অফিস থেকে কর্মী এবং গ্রাহকদের বাইরে বের করে আনা হয় ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় পোস্ট অফিসে এহেন হুমকি ই-মেল এসেছিল ৷ তার আগে মঙ্গলবার বিভিন্ন আদালতের বিচারকদের কাছে পৌঁছেছিল হুমকি ই-মেল ৷

'জিহাদ হবে !' ফের হুমকি ই-মেলে পোস্ট অফিসে বোমাতঙ্ক, স্তব্ধ পরিষেবা (ইটিভি ভারত)

এ ব্যাপারে চুঁচুড়া হেড পোস্ট অফিসের পোস্টমাস্টার সৌমিত্র দত্ত বলেন, "বৃহস্পতিবারের পর শুক্রবারও বোমাতঙ্কের ই-মেল আসে । সাবধানতার জন্য দ্রুত সকলকে বাইরে বের করা হয় । এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত অফিসের সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছিল ৷" এভাবে পর পর হুমকি ই-মেলের জেরে গ্রাহকদের যে ভোগান্তিতে পড়তে হচ্ছে তা স্বীকার করে নিয়ে তিনি বলেন, "নিরাপত্তার কারণে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে ঠিকই কিন্তু আমরা শেষ পর্যন্ত পরিষেবা দিচ্ছি ।"

তবে পর পর দু'দিন চুঁচুড়া ও শ্রীরামপুরের পোস্ট অফিসে হুমকি ই-মেল ঘিরে জনমানসে প্রশ্ন উঠছে, কারা এই হুমকি ই-মেল পাঠাচ্ছে ? তাদের উদ্দেশ্য কী ? পুলিশই বা কেন আইপি অ্যাড্রেস ট্রেস করে অভিযুক্তদের চিহ্নিত করতে পারছে না ? এ ব্যাপারে জেলা পুলিশের এক কর্তা বলেন, হুমকি ই-মেলের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ৷ তদন্তের স্বার্থেই এ ব্যাপারে এখনই কিছু বলা হবে না ৷

hooghly
পোস্ট অফিসে আতঙ্ক ৷ (নিজস্ব চিত্র৷)

শুক্রবার চুঁচুড়া পোস্ট অফিসে পাসপোর্ট করাতে এসেছিলেন অনিকেত সাউ । তিনি বলেন, "পাসপোর্টের জন্য সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি । এখন শুনছি বোমাতঙ্ক ছড়িয়েছে ।সবাই বেরিয়ে গেছে, অফিসের কাজ বন্ধ হয়ে গেছে । কোনও কাজই হচ্ছে না, বারবার এইরকম ধরনের ঘটনায় আমরা সমস্যায় পড়ছি ।"

hooghly
ফের হুমকি ই-মেল (নিজস্ব চিত্র৷)

পোস্ট অফিসের গ্রাহক সৈকত দত্ত বলেন, "অফিস থেকে ছুটি নিয়ে পোস্ট অফিসের জরুরি কাজ করতে এসেছিলাম । এসে দেখছি, বোমাতঙ্কের জেরে কাজ বন্ধ ৷" স্বভাবতই, ভোগান্তি এড়াতে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন গ্রাহকরা ৷

bomb
পূর্ব বর্ধমানেও হুমকি ই-মেলের জেরে বন্ধ পরিষেবা (নিজস্ব চিত্র)

অন্যদিকে গোটা ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দাদের ব্যর্থতাকে দায়ী করেছেন চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার ৷ তিনি বলেন, "পোস্ট অফিস তো কেন্দ্রীয় সরকারের দফতর ! তৃণমূলের কিছু হলে তো সঙ্গে সঙ্গে ওরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাঠিয়ে দেয় । মানুষের ভোগান্তি হচ্ছে জেনেও এক্ষেত্রে উদাসীন কেন ?" একই সঙ্গে তাঁর আশ্বাস, "আমরা চন্দননগর পুলিশ কমিশনারকে জানিয়েছি ৷ আশা করি, দ্রুত ওরা সমস্যার কিনারা করতে পারবেন ৷"

আনন্দপুর পাসপোর্ট সেবাকেন্দ্রে বোমাতঙ্ক, বিস্ফোরণের হুমকি বহু পোস্ট অফিসে

নেই রোদ-বৃষ্টি, তবুও ছাতা মাথায় ডাকঘরে পোস্টমাস্টার-গ্রাহক !

Last Updated : February 27, 2026 at 6:11 PM IST