'আগের সরকারের সবকিছু ছিল 'নো', এখন সবকিছুই 'হ্যাঁ', তারাপীঠে পুজো দিয়ে বার্তা শুভেন্দুর
শনিবার সিদ্ধপীঠ তারাপীঠে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ সেখানেই আগের সরকারের তীব্র সমালোচনা করলেন তিনি ৷

Published : August 29, 2026 at 3:42 PM IST
তারাপীঠ, 29 অগস্ট: তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে আগের সরকারের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু্ অধিকারী ৷ পুজো দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "মা তারার আশীর্বাদে আমাদের সরকার গঠন হয়েছে ৷ আগের সরকারের সব কিছুই ছিল 'নো', বর্তমান সরকারের সবকিছুই 'হ্যাঁ'।"
শনিবার সিদ্ধপীঠ তারাপীঠে পুজো দেন মুখ্যমন্ত্রী ৷ এবার কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি হবে, মন্দির কমিটিকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলে দাবি করেছেন, তারাপীঠ মন্দির কমিটির অন্যতম সেবাইত পুলক চট্টোপাধ্যায়। দ্বারকা নদ সংস্কার-সহ পাঁচটি দাবি মন্দির কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া হয় ৷ সদ্য ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে কৌশিকী অমাবসায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেবে প্রশাসন, এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বীরভূম জেলা সফরে এলেন মুখ্যমন্ত্রী । তারাপীঠের কড়করিয়া সরস্বতী শিশু মন্দিরের মাঠে নামে তাঁর হেলিকপ্টার। সেখান থেকে সোজা তারাপীঠে এসে পুজো দেন মুখ্যমন্ত্রী। প্রথমে মন্দির কমিটির 6 জন সদস্য তাঁকে পদ্মফুল দিয়ে বরণ করে নেন ৷ পরে পদ্ম, জবা, আকন্দ-সহ 5 রকম মালা, মধু, ঘি, তেল, ফল, মিষ্টি দিয়ে গর্ভগৃহে বিশেষ পুজো দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
সেখানে মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য তা মেনে আমাদের সরকার আগের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে না-না ব্যবস্থা নিয়েছে। কৌশিকী অমাবস্যা এখানে সবচেয়ে বড় বার্ষিক উৎসব। শুধু এই রাজ্যের মানুষ নন, দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন পুণ্যার্থীরা। বিদেশে থাকা লোকজনকেও দেখা যায় ৷ তাই এই যে আস্থার একটা মহৎ উৎসব আসছে, তার সুন্দর প্রস্তুতি হবে ৷ এই সরকার মা তারার আশীর্বাদে তৈরি হয়েছে। তাই মা তারাকে কেন্দ্র করে আস্থার যে ব্যবস্থাগুলি সরকারের নেওয়া উচিত, তা নেব ৷"
দেউচা-পাচামি খোলামুখ কয়লা খনি হবে কি না, তা নিয়ে প্রশ্ন করতেই মুখ্যমন্ত্রী বলেন, "হবে হবে, সব হবে। আগের সরকার ছিল শুধু নো নো নো ৷ এই নতুন সরকার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।" এবার কৌশিকী অমাবস্য়ায় তারকেশ্বরের মত হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে তারাপীঠেও ৷ এমনটাই মন্দির কমিটিকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্দির কমিটির পক্ষ থেকে দ্বারকা নদ সংস্কার, তারাপীঠে স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণ-সহ 5 দফা দাবি পত্রও তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর হাতে ৷ সেসব কিছুই করে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারাপীঠ মন্দির কমিটির অন্যতম সেবাইত পুলক চট্টোপাধ্যায় বলেন, "বেনারসি শাড়ি, 5 রকম মালা প্রভৃতি দিয়ে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার কৌশিকী অমাবস্যায় হেলিকপ্টার থেকে তারাপীঠে পুষ্পবৃষ্টি করা হবে বলেও তিনি জানিয়েছেন ৷ আমরা মন্দির কমিটির পক্ষ থেকে পাঁচটা দাবি জানিয়েছি তাঁর কাছে ৷"

