ETV Bharat / state

অভিযোগ মিথ্যা ! রাজভবনে তল্লাশিতে মিলল না কিছুই, কল্যাণের বিরুদ্ধে FIR করছেন রাজ্যপাল

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা অভিযোগ করায় তাঁকে ক্ষমা চাইতে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এতে রাজভবনের গরিমা নষ্ট হয়েছে বলে তাঁর দাবি ৷

search operation in Raj bhavan
রাজভবনে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি অভিযান (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 17, 2025 at 5:20 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 17 নভেম্বর: মিথ্যা প্রমাণিত হল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ ৷ সোমবার বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড থেকে সিআরপিএফ নিয়ে রাজভবনে যৌথ তল্লাশি চালানোর পর এমনই দাবি রাজ্যপাল সিভি আনন্দ বোসের ৷ তিনি জানান, রাজভবনে গোলাবারুদ তো দূরস্ত, মেলেনি কিছুই ৷ আর এতেই ক্ষুব্ধ রাজ্যপাল ৷ তল্লাশির পর কল্যাণের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে রাজভবন সূত্রে খবর ।

রাজভবনে এদিন চিরুনি তল্লাশির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "সম্মানীয় সাংসদ যে অভিযোগ করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা । তাঁর অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান চালালাম রাজভবনে ৷ আমি নিজে রাজভবনের প্রতিটি কোনায় খুঁজে দেখলাম । কিছুই পেলাম না । ফলে তৃণমূল সাংসদকে মিথ্যা অভিযোগ করার জন্য ক্ষমা চাইতে হবে । তা না-হলে আইনের দরজা-সহ সমস্তরকম পথ খোলা রয়েছে । সাংসদের বিরুদ্ধে কঠিন আইনি পদক্ষেপ করা হবে ৷"

কল্যাণের বিরুদ্ধে FIR করছেন রাজ্যপাল (ইটিভি ভারত)

এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে কি না প্রশ্ন করা হলে রাজ্যপাল বলেন, "সাংবিধানিক সহকর্মীর সঙ্গে কী আলোচনা হয়েছে বা হয়নি তা এই মুহূর্তে বলার প্রশ্ন ওঠে না । তাঁর সঙ্গে আমার আলোচনা বরাবরই গোপন থেকেছে । গোপন থাকবে । সঠিক সময়ে প্রকাশ্যে আসবে ।"

search operation in Raj bhavan
রাজভবনে তল্লাশিতে মিলল না কিছুই (নিজস্ব ছবি)

বিশেষ কর্মসূচিতে শিলিগুড়িতে ছিলেন রাজ্যপাল । সেই সফর সংক্ষিপ্ত করে তিনি সোমবার কলকাতায় রাজভবনে ফিরে আসেন । রাজ্যপালের নির্দেশে সমগ্র রাজভবন ও তার প্রাঙ্গণে যৌথ তল্লাশি অভিযান পরিচালিত হয় । কিন্তু সেখানে কলকাতা পুলিশের থাকার কথা থাকলেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায়নি তাদের । রাজভবন পুলিশ আউটপোস্টর কর্মীরা উপস্থিত ছিলেন এদিনের তল্লাশি অভিযানে । আর ছিল সিআরপিএফ, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড । পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও সিভিল ডিফেন্স দফতরও এতে অংশ নেয় এবং অগ্নিনির্বাপণ যন্ত্রও রাজভবনের উত্তর গেটের বাইরে দাঁড় করানো ছিল । মহড়া পরিচালনার সুবিধার্থে এদিন রাজভবন খালি করা হয় ।

search operation in Raj bhavan
রাজ্যপাল নিজে তল্লাশি অভিযানে নেতৃত্ব দিলেন (নিজস্ব ছবি)

উল্লেখ্য, রবিবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেনজিরভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করেছিলেন । রাজভবনে দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন । রাজ্যপাল বিজেপির দুষ্কৃতীদের অস্ত্র সরবরাহ করছেন বলেও অভিযোগ করেন তৃণমূল সাংসদ । যার পালটা জবাব দেয় রাজভবনও । কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ খারিজ করে কলকাতা পুলিশের নিরাপত্তায় থাকা রাজ্যপালের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয় ।

search operation in Raj bhavan
কলকাতা রাজভবন (নিজস্ব ছবি)

রাজভবনের কোথায় কোন গোলাবারুদ লুকনো আছে, তা খুঁজে দেখার জন্য সাংবাদিক-সহ পুলিশ এবং তদন্তকারীদের জন্য রাজভবনের দরজা খোলা রাখা হয়েছিল রবিবার । আর সোমবার নিজে বাহিনী নিয়ে গোলাবারুদ খুঁজতে নামেন রাজ্যপাল । শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না-হওয়ায় আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজভবন । শুধু তাই নয়, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করার জন্য লোকসভার স্পিকারকে অনুরোধ করেছেন সিভি আনন্দ বোস ।

search operation in Raj bhavan
রাজভবনের প্রতিটি কোনায় চালানো হল তল্লাশি (নিজস্ব ছবি)