কাজের অতিরিক্ত চাপ ! SIR শুনানি কেন্দ্রে অজ্ঞান AERO
এইআরও-র দাবি, কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে তাঁর ৷ ছোট মেয়ে রয়েছে বাড়িতে ৷

Published : January 6, 2026 at 5:41 PM IST
দুর্গাপুর, 6 জানুয়ারি: দায়িত্ব পালন করতে গিয়ে এসআইআর শুনানি কেন্দ্রে অজ্ঞান হয়ে পড়লেন এইআরও(AERO) । কাজের অতিরিক্ত চাপ ও অতিরিক্ত ক্লান্তিতেই তিনি অসুস্থ হয়ে যান বলে দাবি স্নিগ্ধা চট্টোপাধ্যায়ের ৷ তিনি আবার ব্লকের সহ-কৃষি অধিকর্তা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাণ্ডবেশ্বরের ব্লক অফিসে শুনানির দায়িত্বে ছিলেন স্নিগ্ধা চট্টোপাধ্যায় । এইআরও হিসেবে টানা কাজ করছিলেন তিনি । সোমবার শুনানির মাঝে হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন স্নিগ্ধা । বাকি অফিস কর্মীরা ছুটে আসেন । খবর যায় পাণ্ডবেশ্বরের বিডিওর দফতরে । বিডিও বৃষ্টি হাজরা নার্সের ব্যবস্থা করেন । প্রাথমিক চিকিৎসার পর দুর্গাপুরের গান্ধি মোড়ের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । তবে বাড়িতে ছোট মেয়ে থাকার জন্য সোমবার সারাদিন চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যায় বন্ডে সই করিয়ে তাঁকে হাসপাতাল থেকে চলে আসতে হয় ৷ এখন বাড়িতে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন বলে দাবি করেন স্নিগ্ধা চট্টোপাধ্যায় ।
তিনি বলেন, "আমি যখন এসআইআর-এর শুনানির কাজ করছিলাম, তখন আমার মাথা ঘুরতে থাকে, বমি বমি পাচ্ছিল । আমার সমস্ত সহকর্মীরা প্রথমে স্থানীয় একজন চিকিৎসককে ডেকে আমার চিকিৎসা করান । পরে পাণ্ডবেশ্বরের বিডিও ম্যাডামের সহযোগিতায় দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাকে । যেহেতু আমার বাচ্চা ছোট তাই রাতে ঘুমও ঠিকঠাক হয় না । কাজ বেড়েছে শুনানির সময় । উচ্চ রক্তচাপজনিত সমস্যা আমার ছিল না । কিন্তু সেদিন হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে বলে জানলাম । কাজ তো করতেই হবে । সরকারি নির্দেশিকা মেনেই কাজ করছি ।"
রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকে বিএলওদের অসুস্থ হয়ে পড়ার খবর আসে ৷ পাশাপাশি অতিরিক্ত কাজের চাপে চরম পদক্ষেপ করার মতো অভিযোগ সামনে আসে ৷ এবার এইআরও অসুস্থ হওয়ার ঘটনায় শাসক-বিরোধী রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷
তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার অন্যতম মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশন প্রতিদিন নতুন করে নিয়ম নীতি বলছেন । বিএলওরা এর আগে চরম পদক্ষেপ করেছেন, অসুস্থ হয়ে পড়েছেন । এবার উচ্চপদস্থ আধিকারিকরাও অসুস্থ হয়ে পড়ছেন । কী করবেন তারা? প্রতিদিন এক একটা নতুন করে নিয়ম তৈরি করছেন । তার চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন উচ্চপদস্থ আধিকারিকরা ।"
বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, "এখন যে যেখানেই অসুস্থ হয়ে পড়ুক না কেন তৃণমূল কংগ্রেস এসআইআর দিয়ে চালাতে চাইছে । ওরা এগুলোকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে । যাঁরা অসুস্থ হয়ে পড়েছেন তাঁদের দ্রুত আরোগ্য লাভ আমরা বিজেপি পরিবারের পক্ষ থেকে সব সময় কামনা করি । কিন্তু এইভাবে অপপ্রচার করছে যাঁরা তাঁদের বিরুদ্ধে মানুষ ভোট বাক্সে রায় দিয়ে দেবেন ।"

