বাংলায় 2 হাজার শয্যার হাসপাতাল তৈরি করছে আদানিরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
শনিবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হয়ে হাসপাতাল তৈরির কথা ঘোষণা করেন বাংলার প্রশাসনিক প্রধান ৷

Published : July 5, 2026 at 10:15 AM IST
কলকাতা, 5 জুলাই : বাংলায় হাসপাতাল তৈরি করছে আদানিরা ৷ দু'হাজার শয্যার সেই হাসপাতালের অর্ধেক আসন সংরক্ষিত থাকবে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের জন্য ৷ ভবানীপুরের একটি অনুষ্ঠান থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷
শনিবার রাতে তাঁর নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি অনুষ্ঠানে মিলিত হন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি এই ঘোষণা করেন ৷ আলিপুরের একটি নাগরিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ৷ সেখানে অংশ নিয়েছিলেন বিভিন্ন ব্যবসায়ীক সংগঠনের প্রতিনিধি থেকে শুরু করে অন্যরা ৷ ছিলেন সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টরাও ৷
ক্ষমতায় আসার পর থেকে স্বাস্থ্যক্ষেত্রের দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার ৷ প্রথম ক্যাবিনেট বৈঠকেই বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর সিদ্ধান্ত হয় ৷ স্বাস্থ্যকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে বাংলার বিজেপি সরকারের প্রথম বাজেটেও ৷ স্বাস্থ্য পরিষেবাকে আরও বেশি করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গতবছরের থেকে আরও 1800 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে বাজেটে ৷ সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপাঞ্চল থেকে শুরু করে উত্তরবঙ্গের পাহাড়, চিকিৎসা শিক্ষা থেকে মেডিক্যাল ট্যুরিজম- স্বাস্থ্য ব্যবস্থার প্রায় প্রতিটি ক্ষেত্রেই সম্প্রসারণ ও আধুনিকীকরণ হবে বলে বাজেট ভাষণে দাবি করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ৷
এরপর জাতীয় চিকিৎসক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আবারও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ সেদিন একই সঙ্গে তীব্র আক্রমণ করেন পূর্বতন তৃণমূল সরকারকেও। সল্টলেকের ময়ূখ ভবনে আয়োজিত চিকিৎসক দিবসের অনুষ্ঠানে বাংলার প্রশাসনিক প্রধানের ঘোষণা, বিধাননগর সাব ডিভিশনাল হাসপাতালের নতুন নাম হচ্ছে ‘ডাঃ বিধানচন্দ্র রায় মাল্টিস্পেশালিটি হাসপাতাল’। রাজ্যের কিংবদন্তি চিকিৎসক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি আগের তৃণমূল সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, "আজ অকপটে বলতে পারি, যেখানেই হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলিলা দেখতে পারছি ৷"
এর পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুরু করা সেবাশ্রয় প্রকল্প নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে সম্প্রতি ৷ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন, কোনওরকম পরিকাঠামো ছাড়াই এই প্রকল্প শুরু হয়েছিল ৷ ডিগ্রি আছে এমন চিকিৎসকদের পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়নি ৷ শনিবার আইআইটি খড়গপুরে সমাবর্তনে অংশ নিয়ে স্বাস্থ্য়মন্ত্রী বলেন, "অভিষেককে আগাম গারদ-শুভেচ্ছা, ওঁর ঠাঁই হবে আলিপুর সেন্ট্রাল জেলে !" স্বাস্থ্য়ক্ষেত্রে তৈরি হওয়া এমনই ঘটনাবহুল আবহে এবার বাংলায় আদানিরা হাসপাতাল করছে বলে জানালেন মুখ্য়মন্ত্রী ৷

