গাড়িতে ধাক্কা বাসের, গুরুতর দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ
দুর্ঘটনার পর অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে, তিনি ঠিক আছেন ৷

Published : December 7, 2025 at 12:58 PM IST
কলকাতা, 7 ডিসেম্বর: দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী ৷ তাঁর গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে একটি ভলভো বাস ৷ তীব্র ধাক্কায় অনির্বাণের গাড়ির কাচ ভেঙে যায় ৷ তবে গাড়ির ভেতরে থাকা অভিনেতা কোনওক্রমে বেঁচে যান ৷ পরে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইটিভি ভারতকে জানিয়েছেন, কোনও সমস্যা নেই ৷ তিনি ভালো আছেন ৷
শনিবার বিকেলে চারু মার্কেট থেকে রাসবিহারী বাজারের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে জনপ্রিয় 'একেন' চরিত্রের অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর গাড়ি । জানা গিয়েছে, গাড়ির সামনের দিকে হঠাৎ একটি মোটরবাইক এসে পড়েছিল ৷ সেটিকে বাঁচাতেই অনির্বাণের গাড়ির চালক আচমকা ব্রেক কষে গাড়িটি থামিয়ে দেন ৷ তবে তিনি যখন মোটরবাইকটিকে রক্ষা করার চেষ্টা করছেন, ঠিক তখনই পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি ভলভো বাস সজোরে এসে ধাক্কা মারে অভিনেতার গাড়িতে । ঘটনার তীব্রতায় গাড়ির কাচ ভেঙে চুরমার হয়ে যায় ৷ এই দেখে আশপাশের লোকজন ভিড় জমান ।

দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অনির্বাণ নিজে কোনও গুরুতর আঘাত পাননি । তবে এই আকস্মিক দুর্ঘটনায় তাঁর গাড়ির চালক খানিক ভয়ে কিছুক্ষণের জন্য ঘাবড়ে যান । এই দুর্ঘটনার পর এলাকায় ভিড় জমে যায় ৷ স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং থানায় তদন্ত শুরু হয়েছে । দুর্ঘটনার জন্য মোটরবাইক ও বাসচালক উভয়কেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । অনির্বাণ চক্রবর্তীর পরিবার জানিয়েছে যে, তিনি ভালো আছেন এবং এখন নিরাপদে আছেন । পরে ইটিভি ভারত অনির্বাণের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তিনি বলেন, "আমি ঠিক আছি এখন ।"
এই দুর্ঘটনার পর আবারও সবাইকে রাস্তায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে পুলিশ । এদিনের দুর্ঘটনার ফলে ব্যস্ত রাস্তায় যানচলাচলে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হলেও, পুলিশ ও প্রশাসনের দ্রুত ব্যবস্থাপনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক আধিকারিক বলেন, "গোটা ঘটনার তদন্ত হচ্ছে"।
লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশ পথঘাটে দুর্ঘটনা কমাতে বহুমুখী পদক্ষেপ করেছে । গাড়ির গতি নিয়ন্ত্রণে নির্দিষ্ট রাস্তায় সীমা আরোপ করা হয়েছে, যেমন বাসন্তি হাইওয়েতে 40 কিমি/ঘণ্টা । দুর্ঘটনা রুখতে যে সব প্রধান উদ্যোগগুলি নেওয়া হয়েছে সেগুলি হল,
1. দুর্ঘটনাপ্রবণ 19টি ব্ল্যাক স্পটে সিসিটিভি, স্পিড ব্রেকার ও সিগন্যাল স্থাপন ।
2. 'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রকল্পে শিক্ষা, প্রকৌশল ও কঠোর প্রয়োগ ।
3. অটোমেটেড নম্বর প্লেট রেকগনিশন দিয়ে আইনলঙ্ঘনকারীদের ধরা ।

