পার্ক স্ট্রিটে দাপট বাড়ছে মোবাইল ছিনতাই চক্রের, রাত নামলেই টার্গেট পথচারীরা
চুরি যাওয়া ফোন উদ্ধার করেছে পুলিশ ৷ এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুরো গ্যাংয়ের খোঁজে পুলিশ ৷

Published : January 26, 2026 at 4:52 PM IST
কলকাতা, 26 জানুয়ারি: কলকাতার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা পার্ক স্ট্রিট ও তার সংলগ্ন অঞ্চল এখন মোবাইল ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে ! এমনই আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে কলকাতা পুলিশের তদন্তে । রাস্তার ভিড়ভাট্টা, রাতের ব্যস্ততা ও পর্যটকদের আনাগোনাকে কাজে লাগিয়ে মোবাইল ছিনতাই ও পকেটমার চক্র একের পর এক অপরাধের ঘটনা ঘটিয়ে চলেছে বলে দাবি তদন্তকারীদের ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 31 ডিসেম্বর রাত প্রায় 10টা 55 মিনিটে ফ্রি-স্কুল স্ট্রিট ও রয়েড স্ট্রিটের সংযোগস্থলে এক পথচারীর পকেট থেকে মোবাইল ফোন চুরি যায় । ব্যস্ত রাস্তার মাঝেই মুহূর্তের মধ্যে ওই চুরির ঘটনা ঘটে । ঘটনার পরই পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয় এবং বিএনএস-এর 303(2) ধারায় মামলা রুজু করা হয় ।

ঘটনার তদন্তে নেমে পার্ক স্ট্রিট থানা ও গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশন যৌথভাবে এলাকায় নজরদারি বাড়ায় । নির্ভরযোগ্য সূত্রের খবরের ভিত্তিতে 24 জানুয়ারি ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয় । এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "সেই অভিযানেই দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর এলাকার বাসিন্দা আরমান শেখ (25)-কে গ্রেফতার করে পুলিশ । পুলিশি জেরায় ধৃত যুবক মোবাইল চুরি ও ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে ৷"
ধৃতের দেখানো জায়গা থেকেই চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয় এবং তা বাজেয়াপ্ত করা হয়েছে । তদন্তকারীদের মতে, এই অভিযুক্ত শুধুমাত্র একা নয়, বরং একটি সুসংগঠিত গ্যাংয়ের অংশ হিসেবেই কাজ করছিল । পুলিশের অনুমান, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, শেক্সপিয়র সরণি-সহ আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক মোবাইল ছিনতাই ও পকেটমারির ঘটনার নেপথ্যে এই চক্র সক্রিয় রয়েছে । বিশেষ করে রাতের বেলা ও উৎসবের মরসুমে এই গ্যাং আরও সক্রিয় হয়ে ওঠে বলে পুলিশের ধারণা ।
পুলিশ সূত্রে খবর, ধৃতকে রিমান্ডে নিয়ে জেরা করে চক্রের বাকি সদস্যদের পরিচয়, কাজের ধরন এবং চুরি যাওয়া মোবাইল কোথায় পাচার করা হয় - সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে । পুলিশের এক আধিকারিক জানান, এই গ্রেফতারের সূত্র ধরেই পার্ক স্ট্রিট এলাকায় মোবাইল ছিনতাই চক্রের পুরো নেটওয়ার্ক ভাঙার চেষ্টা চলছে । একইসঙ্গে সাধারণ মানুষকে ভিড়ের মধ্যে সতর্ক থাকার এবং রাতে মোবাইল ব্যবহার করতে গিয়ে অসাবধান না-হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ।

