ETV Bharat / state

স্কুলে এসি বেডরুম, আলমারিতে কন্ডোমের প্যাকেট; উদ্ধার 1 কোটি 77 লক্ষ টাকা

সুরেন্দ্রনাথ কলেজের পরে কাঁচরাপাড়ার ইংরেজি মাধ্যম স্কুল । স্কুলের ভিতরেই সুসজ্জিত বিছানা ৷ উদ্ধার কন্ডোমের প্যাকেট ও দেড় কোটির বেশি টাকা ৷

Kanchrapara School News
স্কুল থেকে উদ্ধার হওয়া কন্ডোমের প্যাকেট ও বিপুল টাকা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 11, 2026 at 9:37 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কাঁচরাপাড়া, 11 জুন: বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পুলিশি তদন্তে উদ্ধার দেড় কোটির বেশি টাকা ৷ স্কুলেই সুসজ্জিত বিছানা ও আলমারি থেকে মিলল কন্ডোমের প্যাকেট । বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ছ'টা পর্যন্ত তিনটি মেশিনে টাকা গোনা হয়েছে । সকালে পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ এক কোটি 77 লক্ষ । স্কুলের অ্যাকাউন্ট বিভাগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ ৷

ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন বীজপুরের বিধায়ক সন্দীপ দাস ৷ বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী ও কাঁচরাপাড়ার প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারীর পরিবারের লোকেরা বেসরকারি ওই স্কুলের পরিচালন সমিতিতে রয়েছেন । স্কুলের ভিতরে বিপুল টাকা লুকানো রয়েছে বলে কয়েক দিন ধরে এলাকায় গুঞ্জন চলছিল ৷

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে দেড় কোটিরও বেশি টাকা উদ্ধার (ইটিভি ভারত)

বুধবার রাতে বীজপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক সন্দীপ দাস পুলিশ নিয়ে ওই স্কুলে প্রবেশ করেন ৷ পুলিশ স্কুলের বিভিন্ন ঘরে তল্লাশি শুরু করে ৷ সেই সময় স্কুলের অফিস রুমের ভিতর থেকে বিপুল টাকা উদ্ধার হয় ৷ তখন দেখা যায় অফিস রুমের পাশে একটি সুসজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত বেডরুম রয়েছে ৷ সেই ঘরের ভিতরে একটি আলমারি খুলতেই দেখায যায় আয়না ও কন্ডোমের প্যাকেট রয়েছে । ঘটনায় স্কুলের অধ্যক্ষ বিকাশচন্দ্র পাল বিড়ম্বনায় পড়েন ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত তিনি কথার খেই হারিয়ে ফেলেন ।

বিধায়ক সুদীপ্ত দাস বলেন, "স্কুলের অ্যাকাউন্ট বিভাগের একটি ঘরে পুলিশ তল্লাশি চালানোর সময় প্যাকেট ভর্তি টাকা উদ্ধার করেছে ৷ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও কাঁচরাপাড়ার বিদায়ী পুরপ্রধান কমল অধিকারী ওই টাকা স্কুলে লুকিয়ে রেখেছিলেন । 2022 সালে বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা অভিযান চালিয়েছিলেন । সম্ভবত তখন তিনিও স্কুলে টাকা সরিয়ে রেখেছিলেন । স্কুলে সুসজ্জিত বিছানা ও আরও বেশ কিছু আপত্তিকর জিনিস মিলেছে । আমরা পুলিশের কাছে বলেছি, স্কুলে কারা আসা-যাওয়া করতেন, সে ব্যাপারে তদন্ত করা হোক ।"

স্কুলের প্রিন্সিপাল বিকাশচন্দ্র পাল বলেন, "অ্যাকাউন্ট বিভাগ থেকে যে টাকা উদ্ধার হয়েছে তা আসলে ছাত্রছাত্রীদের ভর্তির টাকা । অ্যাকাউন্ট বিভাগ সাধারণত ভর্তির টাকা ব্যাঙ্কে জমা রেখে আসে । মার্চ-এপ্রিল মাসে ওই টাকা সঞ্চিত হয়েছে । কিন্তু বিভিন্ন কারণে চলতি বছর সময় মতো ব্যাঙ্কে ওই টাকা জমা দেওয়া হয়নি ।"

স্কুলে সুসজ্জিত বিছানা ও আলমারির ভিতরে কন্ডোমের প্যাকেট উদ্ধারের ব্যাপারে বিকাশবাবুর সাফাই, "ওই ঘরটি আসলে সিক রুম । কোনও ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়লে প্রাথমিকভাবে ওই ঘরে তাঁকে বিশ্রামের জন্য রাখা হয় । সেখানে জন্মনিরোধক কীভাবে এল তা তদন্ত করে দেখব ।"