ETV Bharat / state

সিআইডি'র নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

সিআইডি'র হাজিরার নোটিশকে খারিজ করার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

Abhishek Banerjee
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 3, 2026 at 11:32 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 3 জুন: সিআইডি'র দেওয়া নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । মামলা দায়ের করার অনুমতি চেয়ে বিচারপতি অপূর্ব সিনহা রায়ের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় ।

আবেদনকারীর দাবি, এই নোটিশকে খারিজ করুক কলকাতা হাইকোর্ট । মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অপূর্ব সিনহা রায় । 5 জুন গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

মূলত বিধানসভায় সই জালিয়াতি-কাণ্ডে এর আগে গত শনিবার অর্থাৎ 30 মে দুপুরে কালীঘাট রোডে অভিষেকের বাড়িতে যান সিআইডি'র আধিকারিকরা ৷ সেখানেই তাঁর হাতে নোটিশ ধরানো হয় ৷ অভিষেক নিজে সই করে সেই নোটিশ গ্রহণ করেন ৷ সেই নোটিশে সোমবার অর্থাৎ 1 জুন অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে সিআইডি'র দফতরে তলব করা হয়েছিল ৷ ওইদিন বেলা 12টায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল সেখানে ৷

তবে সোমবার সকালে সিআইডি'র কাছে একটি চিঠি পাঠিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, সম্প্রতি সোনারপুরে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি আক্রান্ত হন ৷ তার জেরেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন । ফলে এই মুহূর্তে তদন্তকারীদের সামনে হাজির হওয়া তাঁর পক্ষে সম্ভব নয় । ওই চিঠিতে সিআইডি'র কাছ থেকে 15 দিনের সময় চেয়ে নিয়েছিলেন তিনি ।

তবে সেই সময় দিতে নারাজ সিআইডি । দ্বিতীয়বারের মতো সোমবার সন্ধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান সিআইডি আধিকারিকরা । তাঁরা 15 দিনের পরিবর্তে অভিষেককে হাজিরা দেওয়ার জন্য সাতদিন সময় দেন । তদন্তকারীদের সামনে 8 জুন সশরীরে উপস্থিত হওয়ার জন্য তাঁকে আরও একটি নোটিশ ধরিয়ে দেওয়া হয় । এবার সিআইডি'র সেই হাজিরা নোটিশ খারিজ করার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

উল্লেখ্য, সই জালিয়াতি মামলায় ইতিমধ্যেই সিআইডি'র তরফে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে ৷ যার নেতৃত্বে রয়েছেন একজন ডিআইজি পদমর্যাদার আধিকারিক-সহ দুই সাব-ইন্সপেক্টর । তদন্তকারীদের দাবি, বিধানসভার নথিতে স্বাক্ষর সংক্রান্ত একাধিক অসঙ্গতি সামনে এসেছে এবং সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে । ইতিমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । তদন্তকারীরা নথি, সাক্ষ্য এবং ডিজিটাল তথ্যপ্রমাণ খতিয়ে দেখছেন । এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা ৷