ETV Bharat / state

ডিজে মন্তব্য: টানা জিজ্ঞাসাবাদ, 6 ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

মঙ্গলবার সকাল সাড়ে 11টায় কালীঘাটের বাড়ি থেকে বের হন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যান সিআইডির সদর দফতর ভবানী ভবনে ৷

Abhishek Banerjee
ফের ভবানী ভবনে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 16, 2026 at 12:12 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 16 জুন: দুপুর 12টার পর থেকে টানা সিআইডি আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ৷ অবশেষে প্রায় 6 ঘণ্টা পর ভবানী ভবন থেকে বের হতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ সন্ধে 6টার পর তাঁর কালো গাড়িতে চেপে তিনি সিআইডির সদর দফতর ছাড়লেন ৷

ভোটের ফলপ্রকাশের পর ডিজে বাজবে, বিতর্কিত মন্তব্য করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার ভবানী ভবনে হাজির হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এদিন সকাল সাড়ে 11টায় কালীঘাটের বাড়ি থেকে বের হন অভিষেক ৷ নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যান সিআইডির সদর দফতরে ৷

সম্প্রতি এই মামলার তদন্তে তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিশ দিয়েছিলেন সিআইডি আধিকারিকরা । সেই নোটিশের ভিত্তিতেই এ দিন তদন্তকারীদের সামনে সিআইডির সদর দফতরে উপস্থিত হলেন তিনি । হাজিরা খাতায় সই করে ঢুকলেন ভবনী ভবনের ভেতরে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা ৷ এদিন ফের তাঁকে কতক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় সেদিকে নজর সকলের ৷

সোমবারই নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 11 ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । সিজিও কমপ্লেক্সে দীর্ঘ সময় ধরে চলা সেই জিজ্ঞাসাবাদের পরদিনই তাঁকে আবার সিআইডির মুখোমুখি হতে হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে ।

সিআইডি সূত্রে খবর, বিধানসভা ভোটের প্রচারের সময় ফলপ্রকাশের পর ডিজে বাজানো নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ডিজে বাজানো নিয়ে তাঁর করা ওই মন্তব্যকে ঘিরে দায়ের হয়েছিল অভিযোগ ৷ তার প্রেক্ষিতে একাধিক প্রশ্নের উত্তর জানতে চাইছেন তদন্তকারীরা । সেই কারণেই মঙ্গলবার তাঁকে ভবানী ভবনে তলব করা হয় । এ দিন ভবানী ভবনে পৌঁছনোর পর অভিষেক সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও উত্তর দেননি । সরাসরি তদন্তকারী আধিকারিকদের কক্ষে প্রবেশ করেন তিনি ।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে একাধিক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসায় তাঁকে বিভিন্ন তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হয়েছে । কখনও কেন্দ্রীয় সংস্থা ইডি, আবার কখনও রাজ্য পুলিশের সিআইডি ৷ এর আগে বিধানসভায় সই-জাল কাণ্ডে গত 11 ও 14 জুনও ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ দু'দিনই দীর্ঘক্ষণ তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ৷

ধারাবাহিক জিজ্ঞাসাবাদের ফলে রাজনৈতিক চাপ আরও বাড়ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল । এ দিনের জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসে এবং তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের ।