ভর্তুকি সার বিক্রি করে সাড়ে 5 কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ব্যবসায়ী
সরকারি ভর্তুকির সার বেশি দামে বিক্রি করে সাড়ে পাচঁ কোটি টাকা আত্মসাৎ ৷ আর্থিক তছরুপের অভিযোগে চোপড়ার গ্রেফতার ব্যবসায়ী ৷

Published : January 8, 2026 at 6:31 PM IST
শিলিগুড়ি, 8 জানুয়ারি: সরকারি ভর্তুকির সারের নামে বিপুল অর্থ তছরূপ এবং আত্মসাতের অভিযোগে গ্রেফতার হল এক কৃষি পণ্য ব্যবসায়ী । ধৃত ব্যবসায়ী নাম, মিঠুন ভগত। সে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া এলাকায় বাসিন্দা। তার কৃষি পণ্যের ব্যবসা রয়েছে । ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 11 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷
সরকারি আইনজীবী রতন বণিক বলেন, "ধৃতের বিরুদ্ধে ভর্তুকির বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে । ওই ব্যবসায়ীর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত । এছাড়াও এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে আরও জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।"
অভিযোগ, সরকারি ভর্তুকিযুক্ত কৃষিজ সার কিনে তা কৃষকদের মধ্যে বিতরণ না-করে বিভিন্ন ফার্টিলাইজার কোম্পানির কাছে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দিত ব্যবসায়ী মিঠুন ভগত। এভাবেই ওই ব্যক্তি বেশ কয়েক বছর ধরে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করে আসছিল । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিজিএসটি বিভাগের সন্দেহ হওয়ায় গত 12 ডিসেম্বর মিঠুন ভগতের দাসপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয় । সেই সময় তাকে ব্যবসা সংক্রান্ত যাবতীয় নথি পত্র জমা দিতে বলা হয়।
এরপর তার বাড়ি থেকে সিজিএসটি কর্মীরা নথিপত্র নিয়ে বের হওয়ার সময় মিঠুন ভগতের ফোন মারফত খবর পেয়ে 15 থেকে 20 জন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে হাজির হয়ে ওই জিএসটি কর্মীদের কাছ থেকে নথিপত্রের ব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ। ঘটনার পরই মিঠুন ভগতের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি, সিজিএসটি দফতরের তদন্তে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য।
তদন্তে জানা যায়, বিগত বেশ কয়েক বছরে কৃষকদের ফার্টিলাইজার বিতরণ না-করে সেগুলি বিভিন্ন কোম্পানিকে বিক্রি করে দিত অভিযুক্ত ৷ তার বদলে মোটা টাকা পেত ওই ব্যক্তি। এভাবেই প্রায় 5 কোটি 60 লক্ষ টাকা আত্মসাৎ করে অভিযুক্ত। এরপরই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

