সাবধান ! রেললাইনে রিল, শর্টকাটে পারাপার; তিন মাসে পূর্ব রেলে গ্রেফতার 853
আসানসোল-হাওড়া-মালদা টাউন এবং শিয়ালদা ডিভিশনে রেলওয়ে আইনের 147 ধারায় মোট 828টি প্রসিকিউশন মামলা দায়ের হয়েছে । হয়েছে জরিমানাও ৷ গ্রেফতার হয়েছে অন্তত 853 ৷

Published : August 29, 2026 at 2:34 PM IST
আসানসোল, 29 অগস্ট: রেললাইন ধরে হাঁটা, ওভারব্রিজ বা নির্দিষ্ট ক্রসিং এড়িয়ে বিপজ্জনকভাবে লাইন পারাপার কিংবা রেললাইনে দাঁড়িয়ে সোশাল মিডিয়ার জন্য রিল বানাচ্ছেন ? সাবধান ! এবার এই ধরনের আচরণের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেল। ফুটব্রিজ এড়িয়ে রেললাইনে প্রবেশ এবং বিপজ্জনক স্টান্ট ঠেকাতে অভিযান চালিয়ে গত তিন মাসে পূর্ব রেলের চারটি ডিভিশনে 853 জনকে গ্রেফতার করা হয়েছে।
পূর্ব রেলের আইজি তথা প্রধান মুখ্য নিরাপত্তা কমিশনার অমিয় নন্দন সিনহার নির্দেশে এই অভিযান আরও জোরদার করা হয়েছে বলে রেল সূত্রে খবর। রেল কর্তৃপক্ষের বার্তা, শুধু আইনি পদক্ষেপ করে এই প্রবণতা বন্ধ করা সম্ভব নয়। প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণও। পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, সোশাল মিডিয়ার কোনও ভিডিয়ো বা শর্টকাটের জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। নির্দিষ্ট ওভারব্রিজ ও ক্রসিং ব্যবহার করুন। যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।"

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত আসানসোল, হাওড়া, মালদা টাউন এবং শিয়ালদা ডিভিশনে রেলওয়ে আইনের 147 ধারায় মোট 828টি প্রসিকিউশন মামলা দায়ের হয়েছে ৷ 813টি মামলা শনাক্ত করা হয়েছে ৷ একই সময়ে 6 হাজার 608টি জরিমানার মামলা হয়েছে ৷ আদালতের মাধ্যমে 3 লক্ষ 18 হাজার 220 টাকা এবং সব মিলিয়ে 33 লক্ষ 12 হাজার 900 টাকা জরিমানা আদায় করা হয়েছে ৷

আসনসোল ডিভিশনে মামলা
- পরিসংখ্যান বলছে, আসানসোল ডিভিশনে 152টি প্রসিকিউশন মামলা দায়ের হয়েছে ৷ ওই মামলাগুলি শনাক্ত করার পাশাপাশি, 156 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ জরিমানার মামলা হয়েছে 561টি ৷ আদালতের মাধ্যমে 90 হাজার 900 টাকা এবং মোট 2 লক্ষ 82 হাজার টাকা জরিমানা আদায় হয়েছে ৷

হাওড়া ডিভিশনে মামলা
- হাওড়া ডিভিশনে দায়ের হয়েছে 96টি প্রসিকিউশন মামলা ৷ 96টি শনাক্ত মামলা এবং 97 জনকে গ্রেফতার করা হয়েছে। জরিমানার মামলা হয়েছে 3 হাজার 428টি । আদালতের মাধ্যমে 51 হাজার 320 টাকা এবং মোট 17 লক্ষ 33 হাজার 900 টাকা জরিমানা আদায় হয়েছে।

মালদা টাউন ডিভিশনে মামলা
- মালদা টাউন ডিভিশনে 298টি প্রসিকিউশন মামলা দায়ের হয়েছে ৷ 288টি মামলা শনাক্ত হয়েছে ৷ 300 জনকে গ্রেফতার করা হয়েছে। জরিমানার মামলা হয়েছে 1 হাজার 145টি। আদালতের মাধ্যমে 37 হাজার 500 টাকা এবং মোট 5 লক্ষ 78 হাজার 500 টাকা জরিমানা আদায় হয়েছে।

শিয়ালদা ডিভিশনে মামলা
- অন্যদিকে, শিয়ালদা ডিভিশনে 282টি প্রসিকিউশন মামলা দায়ের হয়েছে, তবে 277টি মামলা শনাক্ত হয়েছে ৷ 300 জনকে গ্রেফতার করা হয়েছে। জরিমানার মামলা হয়েছে 1 হাজার 434টি। আদালতের মাধ্যমে 1 লক্ষ 38 হাজার 500 টাকা এবং মোট 7 লক্ষ 18 হাজার 500 টাকা জরিমানা আদায় হয়েছে।
পূর্ব রেলের আধিকারিকরা জানান, সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের জন্য ফুট ওভারব্রিজ (FOB), রোড ওভারব্রিজ (ROB) এবং রোড আন্ডারব্রিজ (RUB)-এর মতো পরিকাঠামো রয়েছে। তা সত্ত্বেও অনেকেই শর্টকাটের জন্য রেললাইন পারাপার করেন। কেউ কেউ আবার রেললাইনে দাঁড়িয়ে ছবি বা সোশাল মিডিয়ার রিল তৈরি করেন। এমন আচরণ যে কোনও মুহূর্তে প্রাণঘাতি দুর্ঘটনা ডেকে আনতে পারে।

