আইআইটি খড়গপুরে 72তম সমাবর্তন অনুষ্ঠান, 3936 জন ডিগ্রি প্রাপককে সম্মান প্রদান
প্রেসিডেন্ট গোল্ড মেডেল ও প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল সম্মান পেলেন দুই পড়ুয়া ৷ অনুষ্ঠানের হাজির ছিলেন কেন্দ্র ও রাজ্যের মন্ত্রী থেকে বিদেশি অতিথিরা ৷

Published : July 4, 2026 at 6:07 PM IST
খড়গপুর, 4 জুলাই: আইআইটি খড়গপুরে অনুষ্ঠিত হল 72তম সমাবর্তন অনুষ্ঠান । প্রেসিডেন্ট গোল্ড মেডেল, প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল-সহ 3936 জন শনিবার পেলেন ডিগ্রি সম্মান । এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷
এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্থানীয় বিধায়ক ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা তথা এই প্রতিষ্ঠানের প্রাক্তনী সুব্রত গুপ্ত । পাশাপাশি এই 72তম সমাবর্তন অনুষ্ঠানে ছিলেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চ্যান্সেলর প্রফেসর নিকোলাস বি ডার্কস, আইআইটি খড়গপুরের বোর্ড অফ গভর্নর চেয়ারম্যান টিভি নরেদ্রয়ন, মন্ত্রী কল্যাণ চক্রবর্তী ও প্রফেসর শেখর সি মাণ্ডে ৷
এই বছর উপস্থিত অতিথিদের হাত দিয়ে 3936 জন ডিগ্রি প্রাপকরা সম্মানিত হলেন । যার মধ্যে ছিলেন পিএইচডি 539 জন, এমএস 31 জন, এমটেক 908 জন, এমসিপি 51 জন, এমবিএ 163, ইএমবিএ 29, পিজিবিডিএ 59, এমপিপিএলজি 13, এমএমএসটি 10 জন, এমএইচআরএম 38, এমআর্চ 14, এলএলএম 73, এলএলবি 31, ডুয়েল ডিগ্রি 801, বি.টেক(এইচ) 628, বিআর্চ 40, চার বছর বিএস 181 জন, পাঁচ বছর এমএসসি 18 জন, দুই বছরের এমএসসি 209 জন, এমএসসি-এমটেক এক জন, তিন বছরের এমএসসি তিন জন, বিএস-এমটেক 14 জন, বিএস-এমএস 80 জন এবং দু'জন সিইআর ডিগ্রি প্রাপক ৷
সমাবর্তন অনুষ্ঠান নিয়ে আইআইটি খড়গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, "গত বছরের তুলনায় এই বছরে 12 শতাংশ অধিক মহিলা পড়ুয়ার হাতে ডিগ্রি প্রদান করা হয়েছে । ছাত্র কল্যাণে এবং উন্নতমানের শিক্ষা প্রদান করে আরও অগ্রগতি করতে চায় আইআইটি খড়গপুর এবং এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চায় ।"

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "দীর্ঘদিনের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠান আস্তে আস্তে নিজেকে উন্নত করেছে । টেকনোলজি বিল দিয়ে যেমন তারা উন্নত হয়েছে, ঠিক তেমনই আজকের তারিখে এআই নিয়েও যথেষ্ট উন্নত তারা । আর এই শিক্ষাগত পরিকাঠামো উন্নয়নের জন্য ব়্যাঙ্কিংয়ের দিক দিয়েও আইআইটি সেরা প্রমাণিত ।" পাশাপাশি মন্ত্রী বলেন, "বিকশিত ভারত নিয়ে প্রধানমন্ত্রী যেখানে বৌদ্ধিক এবং টেকনোলজির উপর জোর দিচ্ছেন, সেখানে তিনি এই পুরনো শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করছেন ৷ তিনি অধ্যাপক, বিজ্ঞানীদের দেশের অগ্রগতির কাজে হাত লাগানোর আবেদন জানিয়েছেন ।"
রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "খড়গপুর আইআইটি পায়ে পায়ে জুবিলি ইয়ারে পড়তে চলেছে । একসময় এখানে স্বাধীনতা সংগ্রামীদের জন্য জেল করা হয়েছিল ৷ সেই ইতিহাসকে সাক্ষী করে এত বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই রেল শহরে । আজকের সমাবর্তনের ডিগ্রি প্রদানের মধ্য দিয়ে সেসব পড়ুয়াদের উৎসাহিত করা হল, যাতে তারা আগামী ভবিষ্যতে নতুন কিছু করে দেখাতে পারে । আরও বিজ্ঞানী, অধ্যাপক থেকে প্রফেসর উঠে আসুক এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই কামনাই করব ।"

অন্যদিকে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চ্যান্সেলর প্রফেসর নিকোলাস বি ডার্কস বলেন, "এই আইআইটি খড়গপুর সঙ্গে প্রচুর ইতিহাস জড়িত আছে । আগে এখানে একটি ডিটেনশন ক্যাম্প ছিল । সেই ডিটেনশন ক্যাম্পে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হতো । ভারতের ইতিহাস আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে ৷ যার মধ্যে এক অন্যতম হল এই দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর । আজকের দিনে এই পড়ুয়ারা ডিগ্রি অর্জন করছে তাতে আমরাও গর্বিত । আগামিদিনে এই পড়ুয়ারা ভারতকে নতুন দিশা দেখাবে এটা আশা করব ।"

