2002-এর তালিকায় পরিবারের কারও নাম নেই, আতঙ্কে জয়নগরের 300 ভোটার
2002 সালের তালিকায় বাবা-মায়ের নাম না-থাকায় শ্বশুরবাড়ি থেকে চাপ দেওয়ার অভিযোগ একাংশের ৷ আতঙ্কিত না-হতে আবেদন বিএলও-দের ৷

Published : November 16, 2025 at 5:31 PM IST
জয়নগর, 16 নভেম্বর: কেউ তিন-চার পুরুষ, কেউ বা আরও বেশি সময় ধরে এই দেশে বসবাস করছেন ৷ আশি, একশো বা তার থেকে বেশি বছরের পুরনো জমির দলিল রয়েছে অনেকের কাছে ৷ কিন্তু, তারপরেও এসআইআরে ভোটাধিকার হারানোর আশঙ্কা করছেন জয়নগর 2 ব্লকের গরদেওয়ানি পঞ্চায়েতের মোল্লার চক, বামনের চক, ঠাকুরের চক গ্রামের প্রায় 300-র বেশি বাসিন্দা ৷
অভিযোগ, কোনও অজ্ঞাত কারণে 2002 সালের সংশোধিত ভোটার তালিকায় তাঁদের নাম নেই ৷ কিন্তু, তার আগের তালিকায় নাম রয়েছে সকলের ৷ পরের তালিকাতেও নাম আছে ৷ সমস্যা হল, 2002 সালের তালিকায় নাম না-থাকার পাশাপাশি অনেকের কাছেই প্রয়োজনীয় 11টি নথি নেই । সেই কারণেই আতঙ্ক গ্রাস করেছে এই সব মানুষদের ৷ সমাধানের আশায় প্রায় রোজই সকাল থেকে কাগজপত্র হাতে এসআইআর সহায়তা শিবিরে হত্যে দিয়ে পড়ে রয়েছেন তাঁরা ৷ কারও চোখে আবার জল বাঁধ মানছে না ৷
এ নিয়ে রোশনারা মণ্ডল নামে এক মহিলা বলেন, "2002 সালের লিস্টে আমার স্বামীর নাম নেই ৷ সেই কারণে সমস্যার মধ্যে পড়েছি ৷ আমার শ্বশুর-শাশুড়ি 2002 সালের আগে মারা গিয়েছে ৷ কী হবে তা বুঝে উঠতে পারছি না ৷ আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় বাস করছি ৷ বেশ কয়েকবার আমরা ভোটও দিয়েছি ৷ কিন্তু, এখন নাম না-পাওয়া গেলে কী করব বুঝে উঠতে পারছি না ৷ মেয়েদের শ্বশুরবাড়ি থেকে চাপ দিচ্ছে বাবার এসআইআর-এর নামের জন্য ৷"
নুর ইসলাম মোল্লা নামে এক স্থানীয় ভোটার বলেন, "1991 সাল থেকে আমার ভোটার লিস্টে নাম রয়েছে ৷ আমি 2002 সাল পর্যন্ত ভোট দিয়েছি ৷ বর্তমানেও আমি ভোট দিচ্ছি ৷ কিন্তু, 2002 সালের লিস্টে আমার নাম নেই ৷ আমার বাবা-মা 2002 সালের আগেই মারা গিয়েছেন ৷ কী করব ঠিক বুঝে উঠতে পারছি না ৷ বংশপরম্পরায় আমরা এখানে বাস করছি ৷ আমাদের কাগজও রয়েছে ৷"

এ বিষয়ে লক্ষ্মী বর বলেন, "বেশ কিছু কাগজ হারিয়ে গিয়েছে ৷ সঠিক কাগজ পাচ্ছি না ৷ আমার শ্বশুর-শাশুড়ি 2000 সালের আগেই মারা গিয়েছেন ৷ আমার নাম লিস্টে নেই ৷ বিএলও-কে বলেছি ৷ কিন্তু, উনি বিডিও-র সঙ্গে কথা বলতে বলেছেন ৷"
অশীতিপর বৃদ্ধ সিরাজুল মোল্লা বলেন, "আমি দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছি ৷ 2002 সালে কীভাবে আমার নাম কেটে গিয়েছে, আমি বুঝে উঠতে পারছি না ৷ বিএলও যখন বাড়িতে এসআইআর-এর ফর্ম দিতে এসেছিল, ওঁর সঙ্গে কথা বলেছি ৷ উনি বলেছেন বিডিও অফিসে যোগাযোগ করতে ৷ 2025-এর ভোটার লিস্টে আমার নাম রয়েছে ৷ আমার কাছে উপযুক্ত কাগজ রয়েছে ৷ কীভাবে নাম বাদ পড়ল, তা বুঝতে পারছি না ৷"
এ নিয়ে শাহাবুদ্দিন শেখ নামে জয়নগর 2 নম্বর ব্লকের এক তৃণমূল নেতা বলেন, "শুধুমাত্র একটি অঞ্চলেই 300 জন এমন ভোটার রয়েছে ৷ তাঁরা বংশপরম্পরায় এখানে দীর্ঘদিন ধরে বাস করছেন ৷ কিন্তু, ভোটার লিস্টে তাঁদের নাম নেই ৷ শুধু যদি একটি অঞ্চলের 300 ভোটার পাওয়া যায়, তাহলে গোটা জয়নগর দু'নম্বর ব্লকের কয়েক হাজার এমন ভোটার রয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে বাস করছে এবং তাঁদের নাম ভোটার লিস্টে নেই ৷ প্রকৃত ভোটারদের একটিও নাম যাতে বাদ না-যায় সেদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে ৷"
যদিও, প্রশাসন আশ্বস্ত করছে 2002 সালের ভোটার তালিকায় নাম না-থাকলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই ৷ সেক্ষেত্রে কমিশনের তরফে উল্লেখ করা 11টি নথির যে কোনও একটি দেখালেই হবে ৷ শুনানির সময় যখন ডাকা হবে, তখন যে কোনও একটি নথি জমা দিলেই ভোটার তালিকায় নাম উঠে যাবে ৷ সেখানে বাড়ি ও জমির দলিলও গ্রাহ্য হবে কমিশনের নির্দেশিকা অনুযায়ী ৷

