মাঝ নদীতে ট্রলারের ইঞ্জিন বিকল, কীভাবে উদ্ধার 22 পর্যটককে
পাথরপ্রতিমা থেকে দিঘা যাওয়ার পথের ঘটনা৷ পুলিশ-প্রশাসনের তৎপরতায় উদ্ধার করা হয় পর্যটকদের৷

Published : December 29, 2025 at 3:57 PM IST
ডায়মন্ড হারবার (দক্ষিণ 24 পরগনা), 29 ডিসেম্বর: পিকনিকের আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কের পরিবেশে৷ তাও আবার এমন একটা জায়গায়, যেখান থেকে চারিদিকে তাকালে শুধু জল ছাড়া আর কিছুই দেখা যায় না৷ সাক্ষাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়ে তখন 22 জন পর্যটক৷ ঠিক সেই সময় মুশকিল আসান হল প্রশাসনের একটি হেল্পলাইন নম্বর৷ যে নম্বরে ফোন করে মিলল সাহায্য৷ শেষে পর্যন্ত প্রাণে বাঁচলেন দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমার বাসিন্দা ওই পর্যটকরা৷
জল থেকে স্থলে পৌঁছে তাঁরা প্রত্যেকেই পুলিশ ও প্রশাসন এবং সমস্ত উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন৷ ওই 22 জনকে উদ্ধার করতে পেরে খুশি পুলিশ-প্রশাসনও৷ তাদের তরফে ধন্যবাদ জানানো হয়েছে সেই সব ব্যক্তিদের, যাঁরা সোশাল মিডিয়া মারফত হেল্পলাইন নম্বরটি ছড়িয়ে দেওয়ায় এই উদ্ধার কাজ আরও সহজ হয়েছে৷
ঘটনাটি ঠিক কী?
দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমায় রয়েছে গোপালনগর পঞ্চায়েত৷ সেই পঞ্চায়েত এলাকার 22 জন ব্যক্তি দিঘায় পিকনিকের পরিকল্পনা করেন৷ আনন্দ উদযাপনের পাশাপাশি দিঘার জগন্নাথ মন্দিরও দেখার উদ্দেশ্য ছিল তাঁদের৷ সেই মতো গত শনিবার তাঁরা একটি ট্রলারে চেপে বেরিয়ে পড়েন৷ জলপথে পাথরপ্রতিমা থেকে দিঘায় আসাই ছিল তাঁদের উদ্দেশ্য৷
মোহানার কাছাকাছি আসার পর হঠাৎ ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে যায়৷ ফলে ট্রলারটি আটকে পড়ে৷ অনেক চেষ্টা করেও ট্রলারটিকে সচল করা যায়নি৷ এদিকে বেলা পেরিয়ে সন্ধ্যা হতে থাকে৷ পর্যটকদের মধ্যে উৎকণ্ঠা বাড়তে শুরু করে৷ অনেকে ভয়ে চিৎকার শুরু করে দেন৷ কীভাবে সাহায্য চাওয়া হবে, সেই নিয়ে দুঃশ্চিন্তা যখন বাড়ছে, সেই সময় পর্যটকরা দেখেন জলের স্রোতে ট্রলারটি ক্রমশ বঙ্গোপসাগরের দিকে সরতে শুরু করেছে৷
এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়তে থাকে৷ সেই সময়ই মুশকিল আসান হয় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে দেওয়া একটি হেল্পলাইন নম্বর৷ সেই নম্বরটি সোশাল মিডিয়া মারফত খুঁজে পান কোনও এক পর্যটক৷ তার পর তিনি সরাসরি সেই নম্বরে ফোন করে সাহায্য চান৷
বিকল ট্রলার থেকে পর্যটকদের উদ্ধার
হেল্পলাইন নম্বরে ফোন আসার পর পুলিশ ও প্রশাসনের তরফে উদ্ধারের কাজ শুরু হয়৷ মৎস্য দফতর, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং প্রশাসনের তরফেই শুরু করা হয় উদ্ধার কাজ৷ যোগাযোগ করা হয় উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে৷ তাদের তরফেও উদ্ধার কাজে সাহায্য করা হয়৷ মৎস্য দফতরের তরফে যোগাযোগ করা হয় মাছ ধরতে যাওয়া ট্রলারের সঙ্গেও৷ তার পর বিকল হয়ে যাওয়া সঠিক অবস্থান জানা যায়৷ এর পর সেখানে গিয়ে পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসা হয়৷
পুলিশের কী বক্তব্য?
পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে বলেন, ‘‘পাথরপ্রতিমা থেকে 22 জনের পর্যটকের একটি দল পিকনিক করার উদ্দেশ্যে ট্রলারে করে দিঘায় আসছিল। ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করা হয়। এরপর আমরা উদ্ধার কাজ শুরু করি। পর্যটক-সহ ওই ট্রলারটিকে আমরা উদ্ধার করি। পর্যটকদের শারীরিক পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পর্যটকেরা সকলের সুস্থ আছে। বিকল হয়ে যাওয়া ট্রলারটির যান্ত্রিক ত্রুটি মেরামত করে পর্যটকদের পাথরপ্রতিমার উদ্দেশ্যে পাঠানো হবে।’’

