কেলেঘাইয়ের চরে নেশার স্বর্গরাজ্য! পুলিশি অভিযানে বাজেয়াপ্ত 140 কেজি আফিম গাছ
কয়েক বিঘা জমিতে বিপুল পরিমাণ আফিম চাষ ৷ বেআইনি মাদক উৎপাদনের জন্যই আফিম গাছ চাষ করা হচ্ছিল বলে অভিযোগ ৷

Published : February 24, 2026 at 7:01 PM IST
পটাশপুর (পূর্ব মেদিনীপুর), 24 ফেব্রুয়ারি: কেলেঘাই নদীর চরে কয়েক বিঘা জমিতে বেআইনিভাবে আফিম গাছের চাষ করার অভিযোগ ৷ গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে বিঘার পর বিঘা আফিম গাছ নষ্ট করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ৷ সেই অভিযানে প্রায় 140 কেজি আফিম গাছ ও ফল বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তবে, এই ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা হয়নি ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার কেলেঘাই নদীর পাড়ে দীর্ঘদিন ধরে চাষ হচ্ছিল বেআইনি আফিম গাছ ৷ বিঘার পর বিঘা জমিতে রমরমিয়ে চলছিল চাষের কাজ ৷ তবে, শেষরক্ষা হল না ৷ গোপন সূত্রে খবর পেয়ে, আবগারি দফতরের আধিকারিকদের উপস্থিতিতে পটাশপুর 1 নম্বর ব্লকে এই বিশাল মাদকবিরোধী অভিযান চালিয়ে বেআইনি আফিম চাষের সাম্রাজ্য ধূলিসাৎ করে দিল পুলিশ প্রশাসন ৷
এই অভিযানে পটাশপুর থানার পুলিশ আধিকারিকরা ছাড়াও, জেলা পুলিশের আধিকারিক, মহকুমা পুলিশ আধিকারিক এবং আবগারি দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷ সেই সঙ্গে পুলিশের বাহিনী মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ৷
এ নিয়ে জেলা পুলিশের ভারপ্রাপ্ত সুপার মিতুনকুমার দে বলেন, "আমরা খবর পাই বেআইনিভাবে বেশ কিছুদিন ধরে পোস্ত চাষ করা হচ্ছিল ৷ যাকে আমরা পপি সিড বলি ৷ মূলত, আফিম গাছের আঠা দিয়ে মাদক তৈরির জন্যই এই চাষ করা হচ্ছিল ৷ আমাদের অফিসাররা সেই গাছগুলি নষ্ট করেছেন ৷ প্রায় 140 কেজি গাছ ও ফল বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বাকি যা তথ্য আমরা পেয়েছি, সেগুলিকে খতিয়ে দেখে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷"
উল্লেখ্য, পটাশপুর 1 নম্বর ব্লকের অযোধ্যাপুর ও আড়গোড়া মৌজায় কেলেঘাই নদীর চরে বিঘার পর বিঘা জমিতে বেআইনিভাবে এই আফিম গাছের চাষ করা হচ্ছিল ৷ এই আফিম গাছের বীজ হল পোস্ত ৷ যা সাধারণত রান্নার কাজে ব্যবহার করা হয় ৷ তবে, সেই পোস্ত উৎপাদনের জন্য আফিম গাছের চাষ করতে সরকারের অনুমতি লাগে ৷
কিন্তু, এক্ষেত্রে সরকারের অনুমতি ছাড়া নদীর চরে কয়েক বিঘা জমিতে আফিম গাছ চাষ করা হয়েছিল ৷ পুলিশের অনুমান, বেআইনি এই চাষের উদ্দেশ্য ছিল মাদক তৈরি করা ৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাদক আফিম তৈরি করা হয় মূলত এই গাছ ও তার আঠা থেকে ৷ এই মাদক তৈরির জন্যই লুকিয়ে চাষ করা হচ্ছিল বলে জানাচ্ছে পুলিশ ৷ খুব শীঘ্রই এই গাছগুলি পাচার করার পরিকল্পনা চলছিল ৷ তবে, তার আগে অভিযান চালিয়ে পুলিশ কয়েক বিঘা আফিম গাছ নষ্ট করে দেওয়া হয়েছে ৷

