ওয়ান-ডে'তে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে বড় সিদ্ধান্ত যশস্বীর
আগামী 11 ডিসেম্বর সৈয়দ মুস্তাক আলি খেলতে মুম্বই শিবিরে যোগ দেওয়ার কথা যশস্বীর ৷

Published : December 7, 2025 at 7:35 PM IST
হায়দরাবাদ, 7 ডিসেম্বর: কেরিয়ারের চতুর্থ ওয়ান-ডে ম্য়াচে শনিবার প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি ৷ তাঁর তিন অঙ্কের রানে ভর করে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় সহজ হয়েছে টিম ইন্ডিয়ার ৷ শতরান হাঁকিয়ে দলকে জেতানোর চব্বিশ ঘণ্টার মধ্যে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন ভারতীয় দলের ওপেনার যশস্বী জয়সওয়াল ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজে স্কোয়াডে না-থাকলেও ঘরোয়া টি-20 টুর্নামেন্টের নকআউটে অংশগ্রহণ করবেন বলে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিলেন যশস্বী ৷
রবিবার মুম্বই ক্রিকেট অ্য়াসোসিয়েশনকে যশস্বী সৈয়দ মুস্তাক আলির নকআউটে অংশগ্রহণের কথা জানিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে প্রকাশ ৷ যা শুরু হচ্ছে আগামী 12 ডিসেম্বর ৷ চলবে 18 ডিসেম্বর পর্যন্ত ৷ এই সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে কুড়ি-বিশের সিরিজ খেলবে টিম ইন্ডিয়াও ৷ কিন্তু সেই স্কোয়াডে না-থাকায় ঘরোয়া প্রতিযোগিতায় নিজেকে ঝালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন মুম্বই ব্যাটার ৷
'টাইমস অব ইন্ডিয়া'কে মুম্বইয়ের নির্বাচক প্রধান সঞ্জয় পাতিল বলেন, "ও (যশস্বী) আজ বিকেলেই আমায় টেলিফোন করে জানায় সৈয়দ মুস্তাক আলির নকআউটে তাঁকে পেতে কোনও সমস্য়া নেই ৷ আগামী 11 ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেবে সে ৷" সেক্ষেত্রে আরেক প্রতিশ্রুতিমান ওপেনার আয়ুষ মাত্রের পরিবর্ত হিসেবে স্কোয়াডে আসবেন যশস্বী ৷ যিনি ইতিমধ্যেই জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন চলতি কুড়ি-বিশের টুর্নামেন্টে ৷ স্কোয়াডে মাত্র একটি পরিবর্তন নিয়েই নকআউটে মুম্বই নামবে বলে নিশ্চিত করেছেন নির্বাচক প্রধান ৷ অনূর্ধ্ব-19 এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিতে চলা মাত্রে সোমবার শেষ গ্রুপ পর্বের ম্যাচের পর শিবির ছাড়বেন ৷
A match-winning effort! 👌
— BCCI (@BCCI) December 6, 2025
For his fantastic unbeaten 1⃣1⃣6⃣, Yashasvi Jaiswal is adjudged the Player of the Match in Vizag 👏
Scorecard ▶️ https://t.co/HM6zm9o7bm#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank | @ybj_19 pic.twitter.com/QMvzQazAHG
'সুপার লিগ' ফরম্যাটে অনুষ্ঠিত হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউট পর্ব ৷ আগামী 12, 14 এবং 16 ডিসেম্বর রয়েছে মুম্বইয়ের ম্য়াচ ৷ সুপার লিগের দু'টি গ্রুপ থেকে একটি করে দল 18 ডিসেম্বর ফাইনালের যোগ্যতা অর্জন করবে ৷ ওড়িশার বিরুদ্ধে সোমবার গ্রুপ পর্বের শেষ ম্য়াচ অবশ্য মুম্বইয়ের কাছে নিয়মরক্ষার ৷ কারণ গত ম্য়াচে ছত্তিসগঢ়কে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করে ফেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজ শেষ হওয়ার পর সৈয়দ মুস্তাক আলিতে রোহিত শর্মার খেলার সম্ভাবনা রয়েছে বলেও 'টাইমস অব ইন্ডিয়া'র রিপোর্টে প্রকাশিত হয়েছিল ৷ কিন্তু এ ব্য়াপারে কোনও স্পষ্ট বার্তা এখনও পাওয়া যায়নি ৷

