সিটির কাছে হারলেও এখনই চাকরি যাচ্ছে না রিয়াল কোচের
ঘরের মাঠে বুধবার ম্য়ান সিটির কাছে এগিয়ে থেকেও হারল রিয়াল মাদ্রিদ ৷

Published : December 11, 2025 at 5:39 PM IST
হায়দরাবাদ, 11 ডিসেম্বর: শুরুটা ভালো হলেও মরশুম যত এগোচ্ছে পারফরম্যান্সের গ্রাফ ক্রমেই নিম্নমুখী হচ্ছে রিয়াল মাদ্রিদের ৷ সবধরনের প্রতিযোগীতায় শেষ আট ম্য়াচে দু'টি জয় ৷ লস ব্ল্যাঙ্কস শিবিরের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই তাঁদের নামের সঙ্গে যায় না ৷ রিয়ালের খারাপ পারফরম্যান্সের সুযোগ নিয়ে লা লিগার শীর্ষস্থানে জাঁকিয়ে বসেছে বার্সেলোনা ৷ এমতাবস্থায় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় ম্যাচ হেরে সাতে নামল রিয়াল মাদ্রিদ ৷ তবে জল্পনা দানা বাঁধলেও সিটির কাছে হারের পরও চাকরি যাচ্ছে না জাবি আলোন্সোর ৷ বিবিসি সূত্রে রিপোর্ট তেমনটাই ৷
সিটির বিরুদ্ধে অপ্রত্যাশিত ফলাফলে চাকরি যেতে পারে রিয়াল মাদ্রিদ কোচের, জোরালো জল্পনা ছিল বিভিন্ন মহলে ৷ কিন্তু এখনই তেমন কোনও সম্ভাবনা নেই বলে বিবিসি'র রিপোর্টে প্রকাশ ৷ যা পরিস্থিত তাতে ম্যানেজারের হটসিটে লা লিগার পরবর্তী ম্যাচ পর্যন্ত সময় পাচ্ছেন ক্লাবের প্রাক্তন ফুটবলার ৷ আগামী রবিবার অ্যাওয়ে ম্য়াচে পয়েন্ট নষ্ট হলে শেষমেশ আলোন্সোর উপর কোপ পড়তে পারে বলে বিবিসি রিপোর্টে জানিয়েছে ৷
বিবিসি'র রিপোর্ট অনুযায়ী, গত রবিবার সেল্টা ভিগোর বিরুদ্ধে হারের পরই আলোন্সোর বিকল্প খুঁজতে আলোচনায় বসেছিল কার্যকরী কমিটি ৷ ফলত লা লিগার পরবর্তী ম্যাচে খারাপ ফলাফলের পর রিয়ালে আলোন্সো বিদায় হলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না ৷
অথচ ম্য়ান সিটির বিরুদ্ধে ঘরের মাঠে বুধবার শুরুটা ভালোই হয়েছিল রিয়ালের ৷ হাঁটুর সমস্য়ার কারণে এদিন ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে ছাড়াই একাদশ সাজিয়েছিলেন জাবি আলোন্সো ৷ পরিবর্তে শুরু করেন গন্সালো গার্সিয়া ৷ রড্রিগোর সৌজন্যে প্রথম গোল তুলে নেয় রিয়াল ৷ জুড বেলিংহ্য়ামের বাড়ানো বল ধরে বক্সের মধ্যে দূরহ কোণ থেকে বল জালে রাখেন ব্রাজিলিয়ান ৷
Mancs in Madrid! 😎 pic.twitter.com/4HflmlGpuJ
— Manchester City (@ManCity) December 10, 2025
তবে সাত মিনিট বাদে কর্নার থেকে সমতায় ফেরে সিটি ৷ সুযোগের সদ্ব্যবহার করে 1-1 করেন নিকো ও'রেইলি ৷ প্রথমার্ধের শেষদিকে ফের পেনাল্টি হজম করে বসে হোম টিম ৷ আন্তোনিয়ো রুডিগার বক্সের মধ্যে অবৈধ উপায়ে বাধা দেন আর্লিং হ্য়ালান্ডকে ৷ ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পটকিক থেকে সিটিকে এগিয়ে দেন হ্য়ালান্ড ৷ শেষ পর্যন্ত এই ফলাফল ধরে রেখে ম্যাচ জিতে নেয় সফরকারী দল ৷
Haaland 😴#UCL pic.twitter.com/glGOZu1oN4
— UEFA Champions League (@ChampionsLeague) December 10, 2025
হারের ফলে ছয় ম্য়াচে 12 পয়েন্ট নিয়ে সাতে নামল রিয়াল মাদ্রিদ ৷ যদিও ম্য়াচ হেরে দলের ফুটবলারদের প্রশংসা ছুড়ে দেন জাবি আলোন্সো ৷ তাঁর কথায়, "আরও একটা হার হজম করা সত্যিই কঠিন তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি ৷ ছেলেরা তাঁদের সেরাটা উজাড় করে দিয়েছে ৷ তাই আমার তরফে কোনও অভিযোগ নেই ৷"

