শরীরে মারণ রোগের বাসা, কোমায় বিশ্বজয়ী অজি ক্রিকেটার
গত 26 ডিসেম্বর আচমকা অসুস্থ হয়ে পড়লে ক্রিকেটারকে ভর্তি করা হয় কুইন্সল্য়ান্ডের হাসপাতালে ৷

Published : December 31, 2025 at 11:12 AM IST
হায়দরাবাদ, 31 ডিসেম্বর: বছর শেষে খারাপ খবর ক্রিকেট অনুরাগীদের জন্য ৷ কোমায় বিশ্বজয়ী অজি ক্রিকেটার ড্য়ামিয়েন মার্টিন ৷ বক্সিং-ডে'তে অর্থাৎ, 26 ডিসেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় পঞ্চাশোর্ধ্ব ক্রিকেটারকে ৷ পরবর্তীতে চিকিৎসকেরা জানান, তাঁর শরীরে বাসা বেঁধেছে প্রাণঘাতী মেনিনজাইটিস (মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে রাখা ঝিল্লি বা মেনিনজেসের সংক্রমণ) ৷ আপাতত কোমায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ব্য়াগি গ্রিন মাথায় 67টি টেস্ট খেলা এই ডিপেন্ডবল ব্য়াটার ৷
মার্টিনের দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা ৷ তালিকায় রয়েছেন ডারেন লেম্য়ানের মতো তাঁর একদা সতীর্থরাও ৷ 'দ্য গার্ডিয়ান'-এর রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার দেশের প্রাক্তন রাগবি খেলোয়াড় ব্র্যাড হার্ডি একটি রেডিয়ো স্টেশনে মার্টিনের শারীরিক অবস্থা সম্পর্কে প্রথম খবরটি সামনে আনেন ৷
গত 26 ডিসেম্বর শারীরিক অসুস্থতা বোধ করায় কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয় জোড়া বিশ্বকাপজয়ী দলের সদস্যকে ৷ সেখানেই তাঁর মেনিনজাইটিস ধরা পড়ে ৷ পরিবারের তরফে পরবর্তীতে ক্রিকেটারের শারীরিক অসুস্থতার খবর নিশ্চিত করেছেন মার্টিনের আরেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট ৷ তিনি বলেন, "ও (মার্টিন) হাসপাতালে সবচেয়ে ভালো চিকিৎসার মধ্যে রয়েছে ৷ অ্যামান্ডা (মার্টিনের পার্টানর) ও তাঁর পরিবার অনুরাগীদের প্রার্থনা এবং শুভেচ্ছা সম্পর্কে অবগত ৷"
Former Australian Test and limited overs batsman Damien Martyn is in hospital in Brisbane in an induced coma after falling ill with meningitis.
— ABC SPORT (@abcsport) December 31, 2025
Meningitis is an infection and swelling, or inflammation, of the membranes around the brain and spinal cord.
Read more:… pic.twitter.com/vsH3gh3Oem
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফেও প্রাক্তনীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ 1999 ও 2003 বিশ্বজয়ী অজি দলে মার্টিনের সতীর্থ ডারেন লেম্যান এক্সে লিখেছেন, "অনেক ভালোবাসা এবং প্রার্থনা ড্যামিয়েন মার্টিনের জন্য ৷ শক্ত থাকো এবং লড়ে যাও কিংবদন্তি ৷ পরিবারকেও আমার তরফে ভালোবাসা ৷"
Lots of love and prayers sending @damienmartyn way . Keep strong and fighting legend . Love to the family xxx 🙏 ❤️
— Darren Lehmann (@darren_lehmann) December 30, 2025
1992-2006 প্রায় দেড় দশকের আন্তর্জাতিক কেরিয়ারে 67টি টেস্ট ম্যাচের পাশাপাশি 208টি ওডিআই ম্য়াচও খেলেছেন মার্টিন ৷ 2003 বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে অধিনায়ক রিকি পন্টিংয়ের পাশে ব্য়াট হাতে উজ্জ্বল ছিলেন তিনিও ৷ 84 বলে অপরাজিত ছিলেন 88 রানে ৷ 2004 সালে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার শেষ বর্ডার-গাভাসকর ট্রফি জয়ে সিরিজ সেরা হয়েছিলেন মার্টিন ৷ ওয়ান-ডে ও টেস্ট ক্রিকেট মিলিয়ে 18টি সেঞ্চুরি-সহ প্রায় দশ হাজারের কাছাকাছি রান রয়েছে মিডল-অর্ডার ব্য়াটারের ঝুলিতে ৷ 2005-06 অ্যাশেজের মাঝে আচমকা বাইশ গজকে বিদায় জানান মার্টিন ৷

