'ভিলেন' ফেডারেশন, এশিয়ান কাপে নামার আগে জার্সি বিভ্রাট ভারতীয় দলে
ভিয়েতনামের বিরুদ্ধে বুধবার প্রতিযোগিতার প্রথম ম্য়াচ খেলবেন সুইটি দেবীরা ৷

Published : March 3, 2026 at 11:30 AM IST
হায়দরাবাদ, 3 মার্চ: দু'দশকেরও বেশি সময় পর সর্বোচ্চ মহাদেশীয় প্রতিযোগিতার যোগ্যতা অর্জনে সফল হয়েছে দেশের মহিলা ফুটবল দল ৷ এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার মাটিতে বুধবার ভিয়েতনামের বিরুদ্ধে অভিযান শুরু করছে 'ব্লু টাইগ্রেসেস' ৷ এমন সময় ফেডারেশনের গাফিলতিতে ভারতীয় শিবিরে অস্বস্তি ৷
এশিয়ান কাপ অভিযান শুরুর আটচল্লিশ ঘণ্টা আগে এআইএফএফ-এর তরফে যে জার্সি পাঠানো হয়েছে তা বয়সভিত্তিক দলের, সিনিয়র দলের জন্য নয় ৷ 'টাইমস অব ইন্ডিয়া'র রিপোর্টে জানানো হয়েছে তেমনটাই ৷ স্বাভাবিকভাবেই সেই জার্সি 26 জনের স্কোয়াডে অধিকাংশের শারীরিক গঠনের সঙ্গে মানানসই নয় ৷ যে ঘটনায় বিতর্কের সূত্রপাত হয়েছে ৷ এমনিতেই নয়াদিল্লি থেকে ভারতীয় ফুটবলারদের জার্সি অস্ট্রেলিয়ায় দেরিতে পৌঁছেছে ৷ আর শেষমেশ যখন তা পৌঁছয়, দেখা যায় স্কোয়াডের 80 শতাংশ ফুটবলার সাইজে ছোট জার্সি হাতে পেয়েছেন ৷
কালবিলম্ব না-করে সুইটি দেবী, মনীষা কল্যাণের মতো স্কোয়াডের সিনিয়র ফুটবলাররা বিষয়টিতে তড়িঘড়ি হস্তক্ষেপ নিয়ে ফেডারেশনকে চিঠি লেখেন ৷ সেখানে গত কয়েকদিন ধরে অনুশীলনের সময় অপর্যাপ্ত কিটের কারণে অসুবিধার সম্মুখীন হওয়ার বিষয়টিও জানান ফুটবলাররা ৷ অনুশীলন কিটের পর ম্য়াচ কিটের ক্ষেত্রেও অসঙ্গতি ধরা পড়ায় টুর্নামেন্ট শুরুর আগে তা ফুটবলারদের মনোবলে কমবেশি আঘাত করবে বৈকি ৷
পরিবর্তিত পরিস্থিতিতে শেষ পর্যন্ত পারথে একটি বিদেশি কোম্পানির থেকে দু'সেট কিট ফুটবলারদের জন্য বন্দোবস্ত করা হয় ৷ ড্যামেজ কন্ট্রোলের বিষয়ে ফেডারেশনের একজন সিনিয়র আধিকারিক টাইমস অব ইন্ডিয়া'কে বলেন, "জার্সি নিয়ে সমস্যার বিষয়ে আমাদের জানানো হয়েছে ৷ আমরা সমস্যার সমাধান করেছি ৷ ম্য়াচের আগেরদিন ফুটবলারদের কাছে কিট পৌঁছে যাবে ৷" গাফিলতির কারণ হিসেবে ফেডারেশনের কোনও কিট পার্টনার না-থাকার বিষয়টি অজুহাত হিসেবে খাড়া করেন সংশ্লিষ্ট আধিকারিক ৷
The mission Down Under ⚔️🇮🇳
— Indian Football (@IndianFootball) March 1, 2026
Watch our #BlueTigresses at #WAC2026 LIVE on @FanCode 📺#AsiaDream #IndianFootball pic.twitter.com/FRR6KIQHG0
জোড়াতাপ্পি দিয়ে সমস্য়া সমাধানের চেষ্টা হলেও এই ঘটনায় ভারতীয় ফুটবলের কঙ্কালসার চেহারাটা আরও একবার ফুটে উঠল বিশ্বমঞ্চে ৷ তবে জার্সি-বিতর্কের পরও ফুটবলাররা নিজেদের সেরাটা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে টাইমস অব ইন্ডিয়া'র রিপোর্টে বলা হয়েছে ৷
Charging up! 🔋#WAC2026 #AsiaDream #BlueTigresses pic.twitter.com/V97Jy89KDr
— Indian Football (@IndianFootball) March 2, 2026
প্রতিযোগিতার গ্রুপ-সি'তে চিনা তাইপেই, জাপান, ভিয়েতনামের সঙ্গে রয়েছে ভারতীয় দল ৷ আগামিকাল প্রথম ম্য়াচের পর 7 এবং 10 মার্চ যথাক্রমে জাপান এবং চিনা তাইপেইয়ের বিরুদ্ধে খেলবে ভারত ৷ জানুয়ারিতে এশিয়ান কাপের কথা মাথায় রেখে অ্যামিলিয়া ভালভের্ডেকে কোচের পদে বসিয়েছে ফেডারেশন ৷ উল্লেখ্য, 2003 সালের পর প্রথমবার এশিয়ান কাপে অংশ নিচ্ছে ভারতের মহিলা দল ৷

